Translation:
প্রতিবছর ২২ সেপ্টেম্বর পৃথিবীর বিভিন্ন দেশে 'বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত' দিবস পালন করা হয়। বাংলাদেশে এই ধরনের কোনো উদ্যোগ নেই। গাড়িমুক্ত দিবসের সঙ্গে আসে হাঁটার বিষয়টি। স্বল্প দূরত্বে হাঁটার সুযোগ নগরে চলাচলে স্বস্তি যেমন বাড়ায়, তেমনি তা স্বাস্থ্যকরও। বিশ্বের বহু দেশেই এবং অধিকাংশ রাজধানীতে গাড়িমুক্ত হাঁটার সড়ক আছে। আমাদের দেশে সড়ক অনুপাতে ফুটপাতের পরিমাণ খুবই কম। আবার যেটুকু আছে, সেটুকুও অবৈধ স্থাপনা ও ব্যবসার উদ্দেশ্যে ব্যবহারের কারণে বেদখল। বয়স্ক মানুষের পক্ষে এই শহরের কোনো ফুটপাত ব্যবহার করা সম্ভব নয়। নারীদের জন্যও ফুটপাতে চলাচল করা অত্যন্ত ঝামেলাপূর্ণ, বিব্রতকর, কখনো কখনো হয়রানিমূলক।