বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের স্মৃতি স্মরণে আগ্রাসনবিরোধী ‘আট স্তম্ভ’ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) বুয়েট সংলগ্ন পলাশী গোলচত্বরে এই স্মারকটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
২০১৯ সালে আগ্রাসনবিরোধী অবস্থান নেওয়ার কারণে বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বুয়েট শাখার কয়েকজন সদস্য। তার স্মৃতি ও চেতনাকে অম্লান রাখতে ‘পলাশী গোলচত্বরে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ নির্মাণ ও ইন্টারসেকশন উন্নয়ন’ প্রকল্প বাস্তবায়ন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
আটটি স্তম্ভের প্রতিটি একটি মৌলিক মূল্যবোধের প্রতীক— সার্বভৌমত্ব, গণতন্ত্র, গণপ্রতিরক্ষা, সাম্প্রদায়িক সম্প্রীতি, অর্থনৈতিক স্বনির্ভরতা, দেশীয় শিল্প- কৃষি-নদী-বন-বন্দর রক্ষা, সাংস্কৃতিক স্বাধীনতা ও মানবিক মর্যাদা। উদ্বোধনী অনুষ্ঠানে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আট স্তম্ভের চেহারার চেয়ে এর মূল বার্তাগুলোই গুরুত্বপূর্ণ, কারণ এই মূল্যবোধগুলো বাস্তবায়িত হলে দেশ সত্যিকারের স্বাধীনতা অর্জন করবে।” তিনি আরও জানান, মাত্র ৩৯ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পটি সম্পন্ন হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী জানান, সরকারের পক্ষ থেকে আবরার ফাহাদের স্মৃতি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, “আবরার ফাহাদ কেবল একজন ব্যক্তি নয়, তিনি একটি চেতনা ও আদর্শের নাম।” তিনি আরও উল্লেখ করেন, আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগ এবং স্থানীয় সরকার উপদেষ্টার পরামর্শেই এই স্তম্ভ নির্মিত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম, বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, শহীদ আবরারের পিতা মো. বরকত উল্লাহ ও ভাই আবরার ফাইয়াজ প্রমুখ।
Related Question
View All‘জননী ও গর্বিত বর্ণমালা' ভাস্কর্য পরিবাগ, ঢাকায় অবস্থিত
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!