✱এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত সংবাদ প্রতিবেদন ।
সড়কের বেহাল দশা: যাত্রীদের দুর্ভোগ
হাসিবুল আলম, চাটখিল (নােয়াখালী), ২২ জুলাই ২০২১ ॥ নােয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়াগ বাজার থেকে কুমিল্লার মনােহরগঞ্জ উপজেলার হাসনাবাদ পর্যন্ত শহিদ মুক্তিযােদ্ধা একরামুল হক সড়কটি চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। প্রায় এক যুগ ধরে সড়কটির কোনাে সংস্কার কাজ হয়নি। সড়কের এ বেহাল দশায় যাত্রীরা চরম দুর্ভোগ পােহাচ্ছে।
গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিনে দেখা গেছে, বারাে কিলােমিটার দীর্ঘ সড়কটির পুরােটাই বড়াে বড়াে গর্ত ও খানাখন্দে ভরা। জয়াগ বাজার থেকে মােহাম্মদপুর ইউনিয়নের নগরপাড়া সেতু পর্যন্ত দুই কিলােমিটার অংশে দুই পাশের মাটি সরে গেছে। প্রতিদিন এ সড়ক দিয়ে নােয়াখালীর চাটখিল ও সােনাইমুড়ি, কুমিল্লার মনােহরগঞ্জ ও লাকসাম এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। এছাড়া কমপক্ষে ত্রিশটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে থাকে। এলাকাবাসী জানান, সড়কটির তিন কিলােমিটার সােনাইমুড়ি এবং বাকি নয় কিলােমিটার চাটখিল উপজেলায় পড়েছে। বিগত ২০১৯ সালের বন্যায় সড়কটির সুরকির স্তর দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় খানাখন্দের। এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতে পানি ও কাদায় সড়কটি একাকার হয়ে যায়, যা এখন চলাচলের অযােগ্য হয়ে পড়েছে। গত বুধবার একটি পিকআপ ভ্যান ভাওরকোট গ্রামের কাছে রাস্তার গর্তে পড়ে যায়, এতে চালকসহ তিন জন যাত্রী আহত হন।
চাটখিল ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষ মনে করে, সড়কটি নিয়ে এলাকাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের। অথচ এর সমাধানে কর্তৃপক্ষের কোনাে নজর নেই। এটি মেরামতের জন্য স্থানীয় লােকজন সরকার প্রকৌশল অধিদপ্তরে একাধিকবার আবেদন করলেও কোনাে প্রতিকার পায়নি। এলাকাবাসীর দাবি, গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করে জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।
বালটিলা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠিত
মনীষা তঞ্চঙ্গ্যা, বান্দরবান, ২৯ জানুয়ারি ২০২১ ॥ বান্দরবান জেলার থানচি উপজেলার বালুটিলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গত ২৮শে জানুয়ারি ২০২১ রবিবার বিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুটিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উদয় কুমার চাকমা। তিনি বলেন, এই এলাকার ছাত্রছাত্রীদের শিক্ষিত করে তােলার জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। নবীন শিক্ষার্থীদের তিনি মনােযােগ দিয়ে পড়াশােনা করার আহ্বান জানান এবং ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের সফলতা কামনা করেন।
এ বছর বিদ্যালয়টির মানবিক শাখা থেকে পঞ্চাশ জন, বিজ্ঞান শাখা থেকে চল্লিশ জন এবং ব্যবসায় শিক্ষা শাখা থেকে পঁচিশ জনসহ সর্বমােট একশ পনেরাে জন পরীক্ষার্থী আগামী ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। বালুটিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় ত্রিপুরা এই নবীনবরণ ও বিদায়-সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্য ব্যক্তির মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজকর্মী ললিত সরকার, বালুটিলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহিতুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে অনেক শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মনােজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এ দিনের সাড়ম্বর আয়ােজন সমাপ্ত হয়।
Related Question
View All১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!