সত্যবাদিতা
ভূমিকা: যেসব মহৎ গুণ মানুষকে মহামানবে পরিণত করে সত্যবাদিতা তার মধ্যে অন্যতম। সত্যকে কোনো রকম বিকৃত না করা এবং ব্যক্তির দৈনন্দিন জীবনে সত্যচর্চার নামই সত্যবাদিতা। একজন সত্যবাদী মানুষ কখনো মিথ্যার আশ্রয় নেয় না। সেজন্য তিনি সবার কাছে সম্মান পেয়ে থাকেন।
সত্যবাদিতার মূল্যায়ন: সত্যের কোনো বিকল্প নেই। তাই গুণ হিসেবে সত্যবাদিতার স্থান সবার ওপরে। যার জীবনে সত্যবাদিতার অভাব আছে তাকে সব ক্ষেত্রে অপমানিত হতে হয়। আর সত্যকে ধারণ করে অনেক ব্যক্তি সকলের সম্মানের পাত্র হয়ে ওঠেন। কখনো কখনো অসত্যের জয় হলেও চূড়ান্ত বিচারে সত্যেরই জয় হয়। সত্যই মানুষকে দেখায় মুক্তি ও কল্যাণের পথ। তাই বলা যায়, জীবন ও জগৎকে সুন্দর করতে সত্যকে বেছে নেওয়া উচিত।
সত্য ও মিথ্যার প্রভেদ: যার মধ্যে সত্য আছে সকলে তাকে বিশ্বাস করে, ভালোবাসে এবং শ্রদ্ধা করে আর অসত্য মানুষকে মিথ্যার বেড়াজালে আবদ্ধ করে। একটি মিথ্যার আশ্রয় নিতে গিয়ে মানুষ অসংখ্য অসত্যকে প্রশ্রয় দিতে বাধ্য হয়। এভাবে অসত্য মানুষকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখান থেকে ফিরে আসা সহজ হয় না। ফলে অসত্য সমাজে অন্যায়, অবিশ্বাস, অনাস্থা ও অনাচারের জন্ম দেয়। যে সত্যে বিশ্বাসী সে শত প্রলোভনেও সত্যভ্রষ্ট হয় না। সে নৈতিক শক্তিতে বলীয়ান। নৈতিকতা অর্জন মানব জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। সত্য মানুষকে সেই শক্তি দেয় যার গুণে মানুষ সত্যিকার মানুষ হয়, যা না থাকলে তার সঙ্গে পশুর কোনো পার্থক্য থাকে না। যে সমাজে সত্য নেই সে সমাজ মানুষের নয়, পশুর। তাই কখনো মিথ্যা বা অসত্যের আশ্রয় নেওয়া উচিত নয়। এমনকি কৌতুক করেও মিথ্যা বলা উচিত নয়। অর্ধসত্য কথাও মিথ্যাতুল্য।
ব্যক্তিজীবনে সত্যবাদিতার গুরুত্ব: ব্যক্তিজীবনে সত্যবাদিতার গুরুত্ব অপরিসীম। সত্যবাদী ব্যক্তির প্রতিটি কাজকর্মে সততার লক্ষণ প্রকাশ পায়। সততা আছে এমন ব্যক্তির পক্ষে সৎ চিন্তা, সৎ কাজ, সদ্ব্যবহার বাদ দিয়ে সুন্দর জীবন কল্পনা করা সম্ভব নয়। সৎ ব্যক্তির সত্যবাদিতার প্রভাব পড়ে তার পারিবারিক জীবনে। সৎ ব্যক্তির সত্যের আদর্শের শিক্ষা পায় তার স্ত্রী-সন্তান ও পরিবারের অন্য সদস্যরা।
সমাজজীবনে সত্যবাদিতার প্রভাব: সমাজজীবনে সত্যবাদিতার আছে শক্তিশালী প্রভাব। সৎ ব্যক্তি সমাজের সর্বস্তরের মানুষের পছন্দের ব্যক্তি হিসেবে পরিচিত হয়। ফলে তার ওপরই সকলে ন্যস্ত করতে চায় নেতৃত্ব। সত্যবাদিতার গুণেই ব্যক্তি সমাজে উচ্চ অবস্থানে আসীন হয়। যুগে যুগে শিক্ষাহীন, ধর্মহীন মানুষকে দীক্ষা দেওয়া সম্ভব হয়েছিল সমাজের সত্যবাদী ব্যক্তিদের মাধ্যমেই। তাই মহৎ ও বরণীয় মানুষমাত্রই মানবজীবনে সত্যের মূর্ত প্রতীক। সমাজজীবনে সত্য কথার অভাব হলে সমাজে অন্যায়-অবিচার বৃদ্ধি পায়। সমাজ হয়ে পড়ে অস্থিতিশীল। তাই একটি সুন্দর সমাজের জন্য সত্য কথা বলার চর্চা করা উচিত। কর্মজীবনেও সত্য কথা না থাকলে সহকর্মীদের শ্রদ্ধা ও আন্তরিকতা লাভ করা যায় না।
সত্যবাদিতার দৃষ্টান্ত: পৃথিবীতে যে সকল মহামানবের আবির্ভাব ঘটেছে তাঁরা সবাই সত্যবাদী ছিলেন। হজরত মুহাম্মদ (স.) সদ্গুণের কারণে আল-আমিন উপাধি পেয়েছিলেন। হজরত আব্দুল কাদের জিলানী (রহ.) ডাকাতদের কবলে পড়লে তাদের নিকট তাঁর আস্তিনে লুকানো স্বর্ণমুদ্রার কথা অকপটে স্বীকার করেন। । তাঁর এ সত্যবাদিতায় মুগ্ধ হয়ে ডাকাত সর্দারসহ দলের সকলে ডাকাতি করা ছেড়ে দিয়ে ভালো হয়ে গিয়েছিল। সত্যের জন্য ক্রুশবিদ্ধ হন যিশুখ্রিষ্ট। দাশনিক সক্রেটিসকে সত্য সমুন্নত রাখতে হেমলক বিষ পান করে জীবন দিতে হয়েছে। তাই মানব ইতিহাসে এদের নাম লেখা হয়েছে স্বর্ণাক্ষরে আর মিথ্যাশ্রয়ীরা নিক্ষিপ্ত হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে।
উপসংহার; ব্যক্তিজীবনে, সমাজজীবনে সত্যবাদিতার চেয়ে মূল্যবান গুণ খুব কম আছে। ব্যক্তি ও সমাজজীবনে সত্যবাদিতা প্রতিষ্ঠা করেই আমরা সমাজকে সুখী ও সুন্দর করে তুলতে পারি। সত্যের বিনাশ নেই বিধায় সদা সত্য কথা বলব, সৎপথে চলব, সত্যের সেবা করব- এই হোক আমাদের প্রতিজ্ঞা।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!