উত্তরঃ
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও তরুণ সমাজ
ভূমিকা: বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের সংগ্রাম ও তরুণ সমাজের ভূমিকা অবিচ্ছেদ্যভাবে জড়িত। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত তরুণরা বারবার রাজপথে নেমে এসেছে গণতন্ত্র ও ন্যায়বিচারের দাবিতে। স্বাধীনতা আন্দোলন, ভাষা আন্দোলন, সামরিক শাসনের বিরুদ্ধে গণআন্দোলন কিংবা সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন-সব ক্ষেত্রেই তরুণদের বলিষ্ঠ উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গণতন্ত্র শুধু একটি রাজনৈতিক ব্যবস্থা নয়, এটি একটি মানসিকতা, যেখানে তরুণরা নিজের মত প্রকাশ, মতের পার্থক্য এবং অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ভাষা আন্দোলন ও তরুণদের ভূমিকা: ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাংলাদেশের গণতান্ত্রিক চেতনার সূচনালগ্ন। এই আন্দোলনে তরুণ ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করে। ২১ ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বারদের আত্মদান এ দেশের ইতিহাসে নতুন অধ্যায় সূচিত করে। এই আন্দোলনের মাধ্যমে তরুণরা প্রমাণ করে যে, অন্যায়ের বিরুদ্ধে সংগঠিত প্রতিরোধই গণতন্ত্রের প্রথম ধাপ। পাকিস্তানি শাসকগোষ্ঠীর একতরফা সিদ্ধান্তে বাংলা ভাষাকে অস্বীকৃতি দেওয়ায় যে গণবিক্ষোভ গড়ে উঠেছিল, তার নেতৃত্বে ছিল ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর, আমতলা, ও রাজপথে গুলিবর্ষণ সত্ত্বেও তারা পিছু হটেনি। । ভাষা আন্দোলন ছিল ভবিষ্যতের সব গণতান্ত্রিক আন্দোলনের ভিত্তিপ্রস্তর।
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান: ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পূর্ব পাকিস্তানে স্বৈরশাসনের বিরুদ্ধে একটি ঐতিহাসিক গণজাগরণ। এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল ছাত্র-তরুণ সমাজ। আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে, শিক্ষা আন্দোলন ও ন্যায়সঙ্গত অধিকার আদায়ে তরুণদের ব্যাপক জাগরণ দেখা যায়। ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনে বহু ছাত্র নিহত হন। এই আন্দোলনের চাপে পড়ে প্রেসিডেন্ট আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হন। তরুণদের এই দুর্বার আন্দোলনই ভবিষ্যতের স্বাধীনতা সংগ্রামের ভিত্তি গড়ে দেয়।
মুক্তিযুদ্ধ ও তরুণ সমাজ: ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তরুণরা সামনে থেকে নেতৃত্ব দেয়। ছাত্র, যুবক ও তরুণ পেশাজীবীরা জীবনবাজি রেখে যুদ্ধে অংশ নেয়। অনেকে ভারতে গিয়ে ট্রেনিং নিয়ে ফিরে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। মুজিবনগর সরকারের নির্দেশনা অনুযায়ী যুবশক্তিকে সংগঠিত করে সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের জন্য যে বিপুল আত্মত্যাগ ও সাহসিকতা দরকার ছিল, তা তরুণরাই সবচেয়ে বেশি দেখিয়েছে। তাদের রক্ত ও আত্মদানেই এ দেশ স্বাধীন হয়।
স্বাধীনতা-পরবর্তী সময় ও গণতন্ত্রের সংকট: স্বাধীনতা লাভের পর বাংলাদেশে গণতন্ত্র চর্চা বাধাগ্রস্ত হয় সামরিক অভ্যুত্থান ও স্বৈরতন্ত্রের আবির্ভাবে। ১৯৭৫ সালের পরবর্তীকালে সামরিক শাসকদের আগমনে দেশে গণতন্ত্র বিপর্যন্ত হয়। এই সময়েও তরুণরা নীরব ছিল না। তারা বিভিন্ন ছাত্রসংগঠন ও সাম সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চালিয়ে যায়। অনেকেই জেল, নির্যাতন ও মৃত্যুর মুখে পড়েও সত্য ও ন্যায়ের পথে অটল অটল ছিলেন ছিলেন। এই সময়কালে তরুণদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠার চিন্তা আরও সুদৃঢ় হয়।
১৯৯০-এর গণঅভ্যুত্থান: ১৯৯০ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি মাইলফলক। স্বৈরাচার এরশাদের শাসনের বিরুদ্ধে ছাত্রসমাজ, রাজনৈতিক কর্মী ও সাধারণ তরুণেরা একত্র হয়ে তীব্র আন্দোলন গড়ে তোলে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিরোধ গড়ে ওঠে। ৭ই নভেম্বর, ১০ ডিসেম্বর ও ৬ ডিসেম্বরের গণআন্দোলন তরুণদের নেতৃত্বেই সংঘটিত হয়। এই আন্দোলনের ফলে এরশাদ পদত্যাগ করেন এবং দীর্ঘদিন পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ খুলে যায়।
১৯৯১ সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত: ১৯৯১ সালে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে। এই সময় তরুণ ভোটাররা প্রথমবারের মতো গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটদানের সুযোগ পান। তারা দেশের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন। বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে গণতন্ত্র চর্চার সংস্কৃতি ফিরে আসে। তরুণরা বিভিন্ন সেমিনার, বিতর্ক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখতে শুরু করেন । তরুণদের অংশগ্রহণই গণতন্ত্রকে ভিত্তিশীল করে তোলে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান: ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় ও গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলনের মূল চালিকাশক্তি ছিল দেশের তরুণ সমাজ, যারা দীর্ঘদিন ধরে চলমান দুঃশাসন, দুর্নীতি ও দমন-পীড়নের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারা দেশে, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও কলেজপড়ুয়া শিক্ষার্থীরা ছিল এই আন্দোলনের অগ্রভাগে। তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠিত হয়ে দাবিদাওয়ার প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলনে অংশ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে তৎকালীন প্রধানমন্ত্রী দেশত্যাগে বাধ্য হন। যা রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। তরুণদের সাহস, ঐক্য ও সচেতনতা পুরো জাতিকে নতুন করে ভাবতে বাধ্য করে। তারা প্রমাণ করে যে গণতন্ত্র রক্ষায় তরুণদের ভমিকা অপরিসীম। ২০২৪ সালের গণঅভ্যুত্থান তাই একদিকে যেমন একটি শাসকের পতনের গল্প, অন্যদিকে তা একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নও জাগিয়ে তোলে।
সামাজিক আন্দোলনে তরুণদের উত্থান: গণতন্ত্র কেবল নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ নয়; সামাজিক ন্যায়বিচার ও নৈতিকতার প্রতিও তরুণদের সচেতনতা দৃঢ় হয়েছে। ২০১৩ সালের শাহবাগ আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন, ধর্ষণবিরোধী আন্দোলন ইত্যাদিতে তরুণদের সরব উপস্থিতি দেখা যায়। তারা সোশ্যাল মিডিয়া, ব্লগ ও ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গণসচেতনতা ছড়িয়ে দেন। এই সামাজিক আন্দোলনগুলো তরুণদের মধ্যে নেতৃত্ব গড়ে তোলে, যা ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতিকে প্রভাবিত করে।
তরুণদের রাজনৈতিক সচেতনতা: বর্তমান তরুণ প্রজন্ম প্রযুক্তি, শিক্ষা ও বিশ্বায়নের সুবিধা নিয়ে রাজনৈতিকভাবে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি সচেতন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহের সাথে যুক্ত থাকে। ফলে তাদের মধ্যে বিশ্লেষণী ক্ষমতা, মত প্রকাশের সাহস এবং নেতিবাচকতার বিরুদ্ধে প্রতিরোধ করার মানসিকতা গড়ে উঠেছে। তরুণদের এই রাজনৈতিক সচেতনতা গণতন্ত্রের ভিত্তিকে শক্তিশালী করছে।
তরুণদের সামনে চ্যালেঞ্জ: যদিও তরুণ সমাজ গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, তবু তাদের সামনে রয়েছে অনেক চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর স্বার্থে ব্যবহার হওয়া, শিক্ষার বাণিজ্যিকরণ, কর্মসংস্থানের সংকট, এবং মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ তরুণদের এগিয়ে যেতে বাধা সৃষ্টি করছে। তদুপরি, সমাজের একটি অংশ তরুণদের দিকভ্রান্ত করার চেষ্টা চালায়। তাই সঠিক নেতৃত্ব, নৈতিকতা ও শিক্ষার মাধ্যমে তাদের প্রস্তুত করতে হবে।
যুব নেতৃত্ব ও নতুন বাংলাদেশ: আজকের তরুণই আগামী দিনের নেতা। তাদের স্বচ্ছতা, আধুনিক দৃষ্টিভঙ্গি ও প্রযুক্তিনির্ভর নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্রকে আরও গতিশীল করে তুলতে পারে। তরুণদের মধ্য থেকে নতুন নেতৃত্ব উঠে এলে রাজনৈতিক শুদ্ধতা, জবাবদিহিতা ও জনস্বার্থের বিষয়গুলো নতুন মাত্রা পাবে। এই নতুন নেতৃত্ব দেশের উন্নয়ন ও ও গণতন্ত্রের মজবুত ভিত্তি স্থাপনে কার্যকর ভূমিকা পালন করবে।
উপসংহার: বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তরুণ সমাজের অবদান এক কথায় অনস্বীকার্য। ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি পর্যায়ে তারা নিজেদের অস্তিত্ব প্রমাণ করেছে। রাজনৈতিক সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ এবং নেতৃত্বের গুণাবলির সমন্বয়ে তারা আজ দেশের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তরুণদের ক্ষমতায়ন, সুশিক্ষা ও সুযোগ নিশ্চিত করা গেলে ভবিষ্যতের বাংলাদেশ হবে একটি প্রকৃত গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও উন্নত রাষ্ট্র।