কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব ২৬১ সালে সংগঠিত হয়, যখন সম্রাট অশোক কলিঙ্গ আক্রমণ করেন। অশোক সিংহাসনে আরহনের বারো বছর পরে এই অভিযান পরিচালনা করেন।[৫] কলিঙ্গ যুদ্ধে অসংখ্য জীবনহানির ঘটনায় অশোক মর্মাহত হন এবং বৌদ্ধ ধর্ম গ্রহণ করে অহিংস নীতি প্রচারে মনোনিবেশ করেন। তবে, অশোকের কিছু শিলালিপি ও ইতিহাসবিদ চার্লস অ্যালেন এর মতে, কলিঙ্গ যুদ্ধের কয়েক বছর আগেই সম্রাট অশোক বৌদ্ধধর্ম গ্রহণ করেছিলেন।
কলিঙ্গের যুদ্ধের সঠিক কারণ জানা যায় না। তবে ধারণা করা হয়, মৌর্য্য সম্রাট অশোকের কোন ভাই কলিঙ্গ রাজ্যে আশ্রয় নেন। তার প্রতিশোধ নেবার জন্য অশোক কলিঙ্গ আক্রমণ করেন। খ্রিষ্টপূর্ব ২৬৫ অব্দে দয়া নদীর নিকটবর্তী ধৌলি পাহাড়ের কাছে মৌর্য্য ও কলিঙ্গ বাহিনীর মধ্যে ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ হয়। দু'দলের প্রচুর হতাহতের মাধ্যমে অশোক কলিঙ্গ জয় করতে সক্ষম হন। এই যুদ্ধে কলিঙ্গ বাহিনীর ১,০০,০০০ সেনা ও মৌর্য বাহিনীর ১০,০০০ সেনা নিহত হয় ও অসংখ্য নর-নারী আহত হয়। যুদ্ধের বীভৎসতা সম্রাট অশোককে বিষাদগ্রস্থ করে তোলে এবং তিনি যুদ্ধের পথত্যাগ করে বৌদ্ধধর্ম গ্রহণ করে অহিংসার পথে সাম্রাজ্য পরিচালনের নীতি গ্রহণ করেন।
Read more