পারিবারিকভাবে মুরগি পালন করলে নিজেদের খাবার ডিম ও মাংসের চাহিদা মেটে। তাছাড়া অতিরিক্ত ডিম বাজারে বিক্রি করে কিছু আয় করাও সম্ভব। নিচে ১০০টি ডিমপাড়া মুরগি পালনের আনুমানিক আয়-ব্যয় হিসাব করার একটি নমুনা দেওয়া হলো।
মুরগি পালনের ব্যয়ের খাত ২টি-
ক। স্থায়ী খরচ
খ। চলমান খরচ
ক) স্থায়ী খরচ: মুরগির খামার আরম্ভ করার আগে যে সমস্ত খরচ হয় তাকে স্থায়ী খরচ বলে। স্থায়ী খরচের মধ্যে জমি, মুরগির ঘর, ব্রুডার যন্ত্র, খাদ্য পাত্র ও পানির পাত্র, ড্রাম ও বালতি, ডিম পাড়ার বাক্স ইত্যাদি খাতসমূহ উল্লেখযোগ্য। নিচে ১০০টি ডিমপাড়া মুরগি পালনের আনুমানিক ব্যয় হিসাব করার একটি ছক দেওয়া হলো।
| জমি | মুরগির ঘর তৈরি | বুডার যন্ত্র | খাদ্য ও পানির পাত্র | ড্রাম ও বালতি | ডিম পাড়ার বাক্স | মোট স্থায়ী খরচ |
| নিজ | ১৫,০০০/- | ২,০০০/- | ২,০০০/- | ১,০০০/- | ২,০০০/- | ২২,০০০/- |

খ) চলমান খরচ: খামারে বাচ্চা ক্রয় থেকে শুরু করে দৈনন্দিন যে সব খরচ হয় তাকে চলমান খরচ বলে। বাচ্চা পালনকালে শেষ পর্যন্ত ১০০টির মধ্যে আনুমানিক ১২টির মৃত্যু হয়। তাই কেনার সময় ১১২টি বাচ্চা ক্রয় করতে হয়। চলমান খরচের মধ্যে বাচ্চার দাম, খাদ্য ক্রয়, বিদ্যুৎ খরচ, টিকা ও ঔষধ, লিটার (মুরগির বিছানা), শ্রমিক ও পরিবহন খরচ উল্লেখযোগ্য। ডিমপাড়া মুরগি মোট ১৮ মাস খামারে থাকে। পারিবারিক খামারে ১০০টি ডিমপাড়া মুরগি পালনের চলমান আনুমানিক খরচ হিসাব করার একটি ছক দেওয়া হলো।
| বাচ্চার দাম (প্রতিটি ৪০/-) | খাদ্য ক্রয় (প্রতিটি ৫০ কেজি করে ১০০ বস্তা প্রতি কেজি ৩৫/-) | বিদ্যুৎ খরচ (মাসিক ৩০০/-) | টিকা ও ঔষধ | লিটার | শ্রমিক | পরিবহন খরচ | মোট চলমান খরচ |
| ৪,৪৮০/- | ১,৭৫,০০০/- | ৫,৪০০/- | ২,০০০/- | ১,০০০/- | নিজ | ১,০০০/- | ১,৮৮,৮৮০/- |
মোট ব্যয় = মোট স্থায়ী খরচ + মোট চলমান খরচ=২২,০০০/-+ ১,৮৮,৮৮০/=২,১০,৮৮০/-
আয়: ডিমপাড়া মুরগির খামারে ডিম, বয়স্ক মুরগি, লিটার ও খাদ্যের বস্তা বিক্রি করে আয় করা যায়। ডিম পাড়া শেষে প্রতিটি বয়স্ক মুরগি বাজারে বিক্রি করা যায়। তাছাড়া লিটার জৈব সার হিসেবে জমিতে এবং মাছের খাদ্য তৈরিতে পুকুরে ব্যবহার করা যায়। নিচে পারিবারিক খামারে ১০০টি ডিমপাড়া মুরগি থেকে আনুমানিক আয় হিসাব করার একটি ছক দেওয়া হলো।
| ডিম বিক্রি (দৈনিক ৮০টি, ৫২ সপ্তাহ, ৮/- প্রতিটি) | মুরগি বিক্রি (প্রতিটি ২০০/-) | লিটার বিক্রি | খাদ্যের বস্তা বিক্রি (বস্তা ১০০টি, প্রতিটি ১০/-) | মোট আয় |
| ২,৩২,৯৬০/- | ২০,০০০/- | ৫০০/- | ১০০০/- | ২,৫৪,৪৬০/- |
মোট লাভ মোট আয় মোট ব্যয়-২,৫৪,৪৬০.০০ -২,১০,৮৮০.০০=৪৩,৫৮০/- টাকা
উল্লিখিত হিসাব অনুসারে দেখা যাচ্ছে প্রথম বছরেই স্থায়ী খরচ বাদ দিয়ে মোট ৪৩,৫৮০/- টাকা লাভহয়েছে।
| কাজ: শিক্ষার্থীরা এককভাবে ১০টি মুরগি পালনের আয়-ব্যয়ের হিসাব লিখে জমা দিবে। |
নতুন শব্দ: স্থায়ী খরচ, চলমান খরচ, লিটার
Read more