মূলভাব: দুর্নীতি একটি জাতির জন্য অভিশাপস্বরূপ। জাতির সুন্দর ভবিষ্যৎকে দুর্নীতি নষ্ট করে দেয়। একটি জাতির যাবতীয় মহোত্তম অর্জন কেবল দুর্নীতির কারণে বিফলে যেতে পারে।
সম্প্রসারিত ভাব: দুর্নীতি একটি জাতির সামগ্রিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। দুর্নীতির দ্বারা মুষ্টিমেয় সুবিধাবাদী লোক উপকৃত হলেও সমগ্র জাতির জন্য তা বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। এমন কোনো দিক নেই যেখানে দুর্নীতি প্রবেশের সুযোগ কম। সর্বত্রই দুর্নীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সর্বনাশ করে দিতে পারে একটি দেশের, একটি জাতির সামগ্রিক অগ্রগতির। দেশে দুর্নীতির এ ভয়াবহ আগ্রাসী চরিত্রের কারণে দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। ব্যক্তিগত ও জাতীয়ভাবে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতি কেবল বর্তমানকে নয়, আমাদের ভবিষ্যৎকেও অমানিশার কালো অন্ধকারে নিমজ্জিত করবে- এ সত্য সবাইকে উপলব্ধি করতে হবে। জাতিকে উন্নতির শীর্ষস্থানে নিতে হলে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। আমাদের ব্যক্তি ও জাতীয় অর্জন যেন দুর্নীতির রাহুগ্রাসে বিনষ্ট না হয়, তা নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে দুর্নীতির কারণে আমাদের জাতীয় ভাবমূর্তির ব্যাপক ক্ষতি হয়েছে। কাজেই ধর্ম-বর্ণ, দল-সম্প্রদায় নির্বিশেষে আমাদের সবাইকে এ সত্য গভীর ও আন্তরিকভাবে বিশ্বাস করতে হবে যে, দুর্নীতি ও শোষণহীন সমাজ গড়ার মধ্য দিয়েই একটি জাতির প্রকৃত অগ্রগতি সম্ভব। দুর্নীতির মাধ্যমে জাতীয় উন্নয়ন কখনো সম্ভব নয়। সুতরাং দুর্নীতি প্রতিরোধ করে জাতীয় উন্নতির অগ্রযাত্রাকে সমুন্নত রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত।
মন্তব্য: দেশ ও জাতির কল্যাণে দুর্নীতি নামক পথটি আমাদের সকলেরই পরিহার করা উচিত। ব্যক্তিস্বার্থ বাদ দিয়ে দেশের স্বার্থ রক্ষার্থে আমাদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত। কর্তব্য ও দায়িত্বে যদি আমরা নিষ্ঠাবান, সৎ ও ন্যায়বান হতে পারি, তাহলেই সকলের মঙ্গল হবে। দেশ ও জাতি দুর্নীতির অভিশাপ থেকে মুক্তি পাবে।
১ ক্লিকে প্রশ্ন, শীট, সাজেশন ও
অনলাইন পরীক্ষা তৈরির সফটওয়্যার!
শুধু প্রশ্ন সিলেক্ট করুন — প্রশ্নপত্র অটোমেটিক তৈরি!