বাংলায় মুসলমান আধিপত্য প্রতিষ্ঠিত হবার আগে ব্রাহ্মণ হিন্দুসমাজের পীড়নের আশঙ্কায় বাংলার বৌদ্ধগণ তাঁদের ধর্মীয় পুঁথিপত্র নিয়ে শিষ্যদের সঙ্গী করে নেপাল, ভুটান ও তিব্বতে পলায়ন করেছিলেন- এই ধারণার বশবর্তী হয়ে হরপ্রসাদ শাস্ত্রী তিনবার নেপাল পরিভ্রমণ করেন। ১৮৯৭ সালে বৌদ্ধ লোকাচার সংক্রান্ত তথ্য সংগ্রহের জন্য তিনি প্রথমবার নেপাল ভ্রমণ করেন। ১৮৯৮ সালের তার দ্বিতীয়বার নেপাল ভ্রমণের সময় তিনি কিছু বৌদ্ধ ধর্মীয় পুঁথিপত্র সংগ্রহ করেন। ১৯০৭ খ্রিস্টাব্দে তৃতীয়বার নেপাল ভ্রমণকালে চর্যাচর্যবিনিশ্চয়, ডাকার্নব, কৃষ্ণপাদের দোহা ও সরহপাদের দোহা এই চারটি পুঁথি রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কার করেন। এর মধ্যে চর্যাচর্যবিনিশ্চয়, চর্যাপদ নামে পরিচিত এবং এটি বাংলা ভাষা ও সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন। এটি মূলত ৫১টি গানের সংকলন হলেও তিনি পান সাড়ে ছেচল্লিশটি পদ। ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরান বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী।
মহাকাব্যের তিনটি প্রধান বৈশিষ্ট্য নিয়ে দেওয়া হলো:
১. মহাকাব্যের কাহিনি হবে কোনো পৌরাণিক বা ঐতিহাসিক ঘটনা। যেমন: দ্য ইলিয়াড এবং দ্য ওডিসি (The Iliad and The Odyssey) মহাকাব্যগুলো ৮৫০ এবং ৬৫০ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গ্রীক কবি দ্বারা রচিত হয়েছে। এই কবিতাগুলো ছিল ট্রোজান যুদ্ধের ঘটনা এবং রাজা ওডিসিয়াসের ট্রয় থেকে প্রত্যাবর্তন যাত্রার বর্ণনা নিয়ে।
২. মহাকাব্যের সর্গ বিভাজন থাকবে, কমপক্ষে নয়টি ও সর্বাধিক ত্রিশটি সর্গ থাকবে। যেমন: মেঘনাদবধ মহাকাব্য: কাব্যটি মোট নয়টি সর্গে বিভক্ত।
৩. মহাকাব্যের কাহিনি স্বর্গ-মর্ত্য ও পাতাল পর্যন্ত বিস্তার লাভ করবে। যেমন: দ্য ডিভাইন কমেডি (The Divine Comedy) দান্তে আলেগিরির একটি মহাকাব্য যা ১৩২০ সালে রচিত হয়েছিল। এর বিষয় হল নরক, পার্পেটরি এবং স্বর্গের মধ্য দিয়ে ভ্রমণকারী চরিত্র হিসাবে দান্তের একটি বিশদ বিবরণ।
বাংলা সাহিত্যের প্রথম গীতি কবি বিহারীলাল চক্রবর্তী (১৮৩৫-১৮৯৪) কবিতার অতি আবেগ ছন্দে ও ভাষায় কিছু কিছু শিথিলতা নিয়ে এসেছে। তা সত্ত্বেও তার কবিতা বাংলা কাব্যসাহিত্যের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ আখ্যানকাব্য মহাকাব্য ধারার পর তিনিই প্রথম বাংলা কাব্যের ইতিহাসে গীতিকবিতার উৎস-মুখ খুলে দিয়েছিলেন। 'ভোরের পাখি' কবি বিহারীলালের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল সঙ্গীত শতক (১৮৬২), 'বঙ্গসুন্দরী' (১৮৭০), 'নিসর্গ সন্দর্শন' (১৮৭০), 'বন্ধুবিয়োগ' (১৮৭০), 'প্রেমপ্রবাহিনী' (১৮৭১), 'সারদামঙ্গল' (১৮৭৯) এবং সাধের আসন' (১৮৮৯)। সঙ্গীত শতক' কবির গানের সংকলন। 'নিসর্গ সন্দর্শন' কাব্যে মানবিক প্রকৃতির সঙ্গে কবি-হৃদয়ের সম্পর্ক স্থাপন হতে দেখা যায়। প্রকৃতিকে যথাযথভাবে দেখার ফলে কবি হৃদয়ের মুগ্ধতার পরিচয় ছড়িয়ে আছে 'সমুদ্র-দর্শন', 'নভোমণ্ডল' প্রভৃতি কবিতায়। জননী-জায়া- কন্যা-ভগিনী-প্রভৃতি বিবিধ মূর্তিধারিণী নারীর স্নেহ-মায়া মমতাময় রূপ ও সৌন্দর্যের সন্ধান করেছেন কবি বঙ্গসুন্দরী কাব্যে। নিজের এবং বন্ধুবর্ণের জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং নিজের প্রেমানুভূতিকে কাব্যের আকারে রূপদান করেছেন কবি তাঁর বন্ধুবিয়োগ' ও 'প্রেমপ্রবাহিনী' কাব্যে। বিহারীলালের শ্রেষ্ঠ কাব্য হল 'সারদামঙ্গল', যেখানে কবির সৌন্দর্যচেতনা ও গীতিবৈশিষ্ট্য পরিপূর্ণতা লাভ করেছে। স্বয়ং রবীন্দ্রনাথ বলেছেন “যে প্রত্যুষে অধিক লোক জাগে নাই এবং সাহিত্য কুঞ্জে বিচিত্র কলগীত কৃজিত হইয়া উঠে নাই। সে ঊষা লোকে কেবল একটি ভোরের পাখি সুমিষ্ট সুন্দর সুরে গান ধরিয়াছিল সে সুর তাহার নিজের।" রবীন্দ্রনাথের বউঠান কাদম্বরী দেবীর অনুরোধে কবি বিহারীলাল 'সাধের আসন কাব্য তার সৌন্দর্যভাবনার তাত্ত্বিক ব্যাখ্যা প্রদান করেছেন।
সংস্কৃতশাস্ত্র অনুসরণ করে বলা যায় নায়কের দ্রুত ইতি ঘটে না, আদি থেকে অস্তা পর্যন্ত নায়ক চরিত্রের বিচরণ থাকবে সমগ্র রচনায় নায়ক উপস্থিত থেকে অপরাপর চরিত্র ও ঘটনা পরম্পরাকে নিয়ন্ত্রণ করবেন এবং নায়কের মধ্য দিয়েই লেখক তার জীবন দীক্ষা প্রকাশ করবেন। কাব্যের নামকরনে মেঘনাদ হলেও নায়ক রাবন। সংস্কৃত রামায়নে রাবণকে খল চরিত্রে দেখানো হলেও কবি মধুসূদন তাঁর কাব্যে রাবণকে নায়ক হিসেবে বর্ণনা করেছেন। রাবণ একজন দেশ প্রেমিক। তাঁর মুখে উচ্চারিত হয়েছে " জন্মভূমি রক্ষা হেতু কে মরে ডরিতে"। আবার একই সাথে তিনি স্নেহ বাৎসল পিতা। পুত্রের মৃত্যুতে তারই মুখ থেকে উচ্চারিত হয়েছে, “হা পুত্র। বীর বাহু।” মেঘনাদবধ কাব্যের নায়ক রাবণ। কারণ রাবণ চরিত্রটির মধ্য দিয়ে কবির আত্মার প্রতিফলন ঘটেছে। ট্রাজেডির নায়ক সেই চরিত্রকে বোঝানো হয় যার মধ্যে উচ্চাকাঙ্ক্ষা থাকবে, ভালো মন্দ মিশ্রিত হবে এবং যার doing and suffering তার পরিণতিকে ত্বরান্বিত করবে। সুতরাং কাহিনী বর্ণনায় ও চরিত্র চিত্রনে মেঘনাদকে ছাপিয়ে উঠেছে রাবণ, তাই সে আলোচ্য গ্রন্থের নায়ক।
বাংলা গদ্যের চর্চা ও বিকাশের ক্ষেত্রে ১৮০০ খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি নির্মিত ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব অনন্যসাধারণ। শিক্ষাদানের উপযুক্ত পাঠ্যপুস্তক রচনার জন্য কেরি নিজেও যেমন উদ্যোগী হন, তেমনি ফোর্ট উইলিয়াম কলেজের আরও কয়েকজন পণ্ডিতকে সেই কাজে উৎসাহিত করেন। এখান থেকে মাত্র ৫ বছরে ১৩টি গ্রন্থ প্রকাশিত হয় যা বাংলা গদ্য বিকাশে প্রত্যক্ষ ভূমিকা রাখে।
উইলিয়াম কেরি: সমাজের বিভিন্ন স্তরের মানুষের কথাবার্তা সংবলিত কেরির প্রথম গ্রন্থ কথোপকথন (১৮০১) যার মাধ্যমে প্রথম বোঝা যায় যে বাংলা গদ্য যোগাযোগ ও মুক্তিচিন্তার বাহন হয়ে উঠতে পারে। তিনি আরো লিখেছেন ইতিহাস মালা (১৮১৩)। রামরাম বসু: পণ্ডিত রামরাম বসুর 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' প্রথম মুদ্রিত বাংলা গদ্যগ্রন্থ। আরবি-ফারসি শব্দ মেশানো এই গ্রন্থের সাধু গদ্যরীতি যথেষ্ট স্বচ্ছন্দ।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের বত্রিশ সিংহাসন-এর গদ্যে কিছু আড়ষ্টতা থাকলেও 'রাজাবলি, প্রবোধচন্দ্রিকা'য় ক্লাসিক গদ্য- নির্মাণরীতি দেখা যায়।
এঁরা ছাড়াও ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন- গোলকনাথ শৰ্মা: 'হিতোপদেশ' (১৮০২); তারিণীচরণ মিত্র: ‘ঈশপের গল্প' (১৮০৩); রাজীবলোচন মুখোপাধ্যায়: মহারাজ কৃষ্ণচন্দ্র রায়সা চরিত্র' (১৮০৫): চণ্ডীচরণ মুনসি: 'তোতা ইতিহাস' (১৮০৫); হরপ্রসাদ রায়: "পুরুষপরীক্ষা' (১৮১৫)। বাংলা গদ্যের সূচনা পর্বে গদ্যের এই বিকাশ ও বিবর্তনে ফোর্ট উইলিয়াম কলেজের ভূমিকা তাই শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
'রিক্তের বেদন' কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। মোট ৮টি গল্প নিয়ে ১৯২৪ খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে প্রথম প্রকাশিত হয় এই গ্রন্থ। বাউন্ডেলের আত্ম-কাহিনী, মেহের নেগার, দূরন্ত পথিক, সাঝের তাঁরা, রাক্ষুসি, সালেক, স্বামী হারা প্রভৃতি এই গল্পগ্রন্থের গল্প। 'যুগবাণী' নজরুলের প্রথম গদ্যগ্রন্দ। 'নবযুগ' পত্রিকায় লেখা কাজী নজরুল ইসলামের কয়েকটি নিবন্ধনের সংকলন 'যুগবাণী'। এটি তার প্রথম নিষিদ্ধ গ্রন্থ। ১৯২২ সালে গ্রন্থটি নিষিদ্ধ হয়। লেখক বইটির মাধ্যমে উগ্র জাতীয়তাবাদ প্রচার করছেন এ কারণে নিষিদ্ধ হয়। "চক্রবাক' কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ১৯২৯ খ্রিষ্টাব্দে এই গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট কবিতার সংখ্যা ১৯টি। এই কাব্যে নজরুল বেদনার ছবি তুলে ধরেছেন; এতে রয়েছে প্রেমের অনুভূতি এবং অতীত সুখের স্মৃতিচারণা। ১৪০০ সাল চক্রবাক, কুহেলিকা প্রভৃতি এই কাব্যগ্রন্থের উল্লেখযোগ্য কবিতা।
আবু নয়ীম মোহামম্মদ মুনীর চৌধুরী (২৭ নভেম্বর ১৯২৫ ১৪ ডিসেম্বর ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি শিক্ষাবিদ, নাট্যকার, সাহিত্য সমালোচক, ভাষাবিজ্ঞানী, বাগী এবং বুদ্ধিজীবী। তিনি সাংবাদিক ও প্রাবন্ধিক রণেশ দাশগুপ্তের অনুরোধে 'কবর' নাটকটি লেখেন। এটি একটি একান্ধীকা নাটক "রক্তাক্ত প্রান্তর" তার আরও একটি বিখ্যাত নাটক। স্বল্প পরিসরে এবং নারী চরিত্র ছাড়া কিভাবে নাটক লেখা এবং অভিনিত হতে পারে তা তিনি দেখিয়েছেন। তার অনূদিত নাটক (অনুবাদ) মুখরা রমণী বশীকরণ যা শেক্সপিয়ারের "The Taming of the Shrew" এর অনুবাদ। তাঁর আবিষ্কারমূলক গ্রন্থ- An Illustrated Brochure on Bengali Typewriter (1965), তিনি ১৯৬৫ সালে প্রথম বাংলা টাইপ রাইটিংয়ের কী-বোর্ড নির্মাণ করেন, যা "মুনীর অপটিমা" নামে পরিচিত। ১৯৬৬ সালে "সিতারা-ই ইমতিয়াজ" খেতাব লাভ করেন। ১৯৭১ এর মার্চ মাসে বঙ্গবন্ধু কর্তৃক অসহযোগ আন্দোলনের সমর্থনে "সিতারা-ই-ইমতিয়াজ" খেতাব বর্জন করেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক বাংলাদেশী বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার।
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০-৯ ডিসেম্বর ১৯৩২) হলেন একজন বাঙালি চিন্তাবিদ, প্রাবন্ধিক, ঔপন্যাসিক, সাহিত্যিক ও সমাজ সংস্কারক। তিনি বাঙালি মুসলিম নারী জাগরণের অগ্রদূত এবং প্রথম বাঙালি নারীবাদী লেখিকা। রোকেয়া মাত্র ৫/৬ জন ছাত্রী নিয়ে ১৯০৯ সালের ১ অক্টোবর 'সাখাওয়াত মেমোরিয়াল স্কুল" নামে মেয়েদের একটি স্কুল প্রতিষ্ঠা করেন, যা পরবর্তী পর্যায়ে হাই স্কুলে পরিণত হয়। ১৯১৬ সালে তিনি মুসলিম বাঙালি নারীদের সংগঠন আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম প্রতিষ্ঠা করেন। ১৯২৬ সালে কলকাতায় অনুষ্ঠিত বাংলার নারী শিক্ষা বিষয়ক সম্মেলনে সভাপতিত্ব করেন। মতিচূর (১৯০৪) প্রবন্ধগ্রন্থে রোকেয়া নারী-পুরুষের সমকক্ষতার যুক্তি দিয়ে নারীদের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে সম-অধিকার প্রতিষ্ঠায় আহ্বান জানিয়েছেন এবং শিক্ষার অভাবকে নারীপশ্চাৎপদতার কারণ বলেছেন। তিনি বলেছেন “ সংসার জীবন দুই চাকার বিশিষ্ট গাড়ির মতো, যার একটি হলো স্বামী অন্যটি স্ত্রী একটি চাকা নষ্ট হলে গাড়ি চলতে পারে না" তার সুলতানার স্বপ্ন (১৯০৫) নারীবাদী ইউরোপিয়ান সাহিত্যের ক্লাসিক নিদর্শন বলে বিবেচিত।
বাংলা উপন্যাসে প্রথম পরাবাস্তববাদী লেখক সৈয়দ ওয়ালীউল্লাহ (১৯২২-৭১)। তিনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ যথার্থ আধুনিক ঔপন্যাসিক। উপন্যাসের বিষয় ও আঙ্গিকের ক্ষেত্রে তিনি বিশেষ পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। তার ঔপন্যাসিক সত্তা দার্শনিক চেতনায় সমৃদ্ধ ফলে তা পাঠকের কাছে অভিনব হিসেবে অভিহিত হয়েছে। কাহিনী বিন্যাস ও চরিত্র চিত্রনে তিনি গতানুগতিক পদ্ধতি পরিহার করেছেন। ঘটনার প্রতিক্রিয়াকে তিনি প্রকাশ করেছেন রূপক প্রতীকের মাধ্যমে ইঙ্গিতময়তায়। বাংলা সাহিত্যে যেসব উপন্যাস প্রবল সাড়া ফেলেছে। সৈয়দ ওয়ালী উল্লাহর উপন্যাসগুলো তার মধ্যে অন্যতম।
তার প্রথম লেখা উপন্যাসে লালসালু (১ম প্রকাশ ১৯৪৮, হয় প্রকাশ ১৯৬০)। এই উপন্যাসে তিনি দেখিয়েছেন গ্রাম বাংলার অশিক্ষা কুশিক্ষা। ধর্মের নামে স্বার্থান্ধ মানুষের কার্যকলাপ এখানে ফুটে উঠেছে। ধর্মকে ব্যবহার করে একজন ভন্ড কিভাবে সমাজের প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয় তা তিনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন। এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র হলো মজিদ, জমিলা, খালেক ব্যাপারী, রহিমা, হাসুনীর মা ও আক্কাস প্রমুখ। তার দ্বিতীয় উপন্যাস চাঁদের অমাবস্যা (১৯৬৪)। এই উপন্যাসের স্কুল শিক্ষক আরেফ আলী এবং গ্রামের ভন্ড দরবেশ কাদেরের পরাবাস্তবাদী দ্বন্দ্ব ফুটে উঠেছে। উনবিংশ শতাব্দীর শিক্ষিত যুবকদের উদাহরণ হলো আরেফ আলী। সে প্রতিবাদী বিবেকের তাড়নায় দংশিত।
সৈয়দ ওয়ালীউল্লাহর তৃতীয় উপন্যাস "কাঁদো নদী কাঁদো” (১৯৬৮) যা তাঁর রচিত চেতনা প্রবাহরীতির একটি উপন্যাস। আঙ্গিক প্রকরণে পাশ্চাত্যের ভাব থাকলেও এর সমাজ জীবন পরিবেশ ও চরিত্রাদি স্বদেশীয়। শুকিয়ে যাওয়া বাকাল নদীর প্রভাবতাড়িত কুমুরডাঙ্গার মানুষের জীবনচিত্র এতে অঙ্কিত হয়েছে। এই উপন্যাসের একদিকে প্রতারক প্রেমিকের যন্ত্রণা ও অপরদিকে সরকারি হাকিম হওয়া সত্ত্বেও আত্মপাপ মোচনে নায়কের আত্মহত্যার চিত্র অত্যান্ত সুনিপুন ভাবে তুলে ধরা হয়েছে।
সুতরাং মানব-অস্তিত্বের জিজ্ঞাসা ও তার চৈতন্যের বিভিন্ন স্তর উন্মোচনই সৈয়দ ওয়ালীউল্লাহর ঔপন্যাসিক সত্ত্বার প্রধান অন্বেষন।
প্রাচীন যুগের একমাত্র নিদর্শন চর্যাপদ। এর ভাষা ও বিষয়বস্তু দুর্বোধ্য এবং এর কবিরা ছিলেন বৌদ্ধ সাধক। এতে বিধৃত হয়েছে বৌদ্ধ ধর্মের তত্ত্বকথা। এ সময়ের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হলো গোষ্ঠী কেন্দ্রিকতা ও ধর্মনির্ভরতা। ধর্মের বিষয়টি সমাজজীবনের চিন্তাভাবনাকে নিয়ন্ত্রিত করেছে, তাই সাহিত্যে ধর্মের কথা বড় হয়ে দেখা দিয়েছে।
প্রাচীন যুগের সময়কাল-
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে
৬৫০-১২০০ খ্রি.
ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে
৯৫০-১২০০ খ্রি.
ড. সুকুমার সেনের মতে
৯০০-১৩৫০ খ্রি.
চর্যাপদ: বাংলা ভাষার প্রথম কাব্য/কবিতা সংকলন চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদিযুগের একমাত্র লিখিত নিদর্শন। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে ১৯০৭ সালে 'চর্যাচর্য বিনিশ্চয়' নামক পুঁথিটি আবিষ্কার করেন। চর্যাপদের সাথে 'ডাকার্ণব' ও 'দোহাকোষ' নামে আরও দুটি বই নেপালের রাজ দরবারের গ্রন্থাগার হতে আবিষ্কৃত হয়। ১৯১৬ সালে সবগুলো বই একসাথে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা' নামে প্রকাশ করেন।
বাংলার পাল বংশের রাজারা ছিলেন বৌদ্ধধর্মালম্বী। তাদের আমলে চর্যাগীতিগুলোর বিকাশ ঘটেছিল। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে পদগুলো রচিত। পাল বংশের পরে আসে সেন বংশ। সেন বংশ হিন্দুধর্ম এবং ব্রাহ্মণ্যসংস্কার রাজধর্ম হিসাবে গ্রহণ করে। ফলে বৌদ্ধ সিদ্ধচার্যেরা এদেশ হতে বিতাড়িত হয় এবং নেপালে আশ্রয় গ্রহণ করে। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলাদেশের বাহিরে নেপালে পাওয়া গেছে।
ড. হরপ্রসাদ শাস্ত্রী
চর্যাপদের শব্দগুলো অপরিচিত, শব্দ ব্যবহারের রীতি বর্তমানের রীতি থেকে ভিন্ন --এর কবিতাগুলো পড়ে বুঝতে কষ্ট হয়। এজন্য চর্যাপদের ভাষাকে 'সন্ধ্যা ভাষা'ও বলে। চর্যাপদের কবিতাগুলো গাওয়া হত। তাই এগুলো একইসাথে গান ও কবিতা।
সুনীতিকুমার চট্টোপাধ্যায় তার 'বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ' (Origin and Development of Bengali language) নামক গ্রন্থে ধ্বনি তত্ত্ব ব্যাকরণ ও ছন্দ বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করেন যে, পদসংকলনটি আদি বাংলা ভাষায় রচিত। কেউ কেউ একে মৈথিলি, উড়িয়া বা আসামি ভাষা বলে দাবি করেন। ডঃ মুহম্মদ শহীদুল্লাহর মতে, সেকালের বাংলা, উড়িয়া বা আসামি ভাষার পার্থক্য ছিল সামান্যই। উল্লেখ্য যে, চর্যাপদ উড়িষ্যা, বিহার, আসাম, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নিজ নিজ ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন হিসাবে বিবেচিত।
এতে মোট ৫১ টি পদ'রয়েছে। কয়েক পাতা নষ্ট হয়ে যাওয়ায় সর্বমোট সাড়ে ৪৬টি পদ পাওয়া গেছে। ২৩ নং পদটি খণ্ডিত আকারে উদ্ধার করা হয়েছে অর্থাৎ এর শেষাংশ পাওয়া যায়নি। ২৪, ২৫ ও ৪৮ নং পদগুলো পাওয়া যায়নি। চর্যাপদের মোট পদকর্তা ২৪। অনেকের মতে, আদি চর্যাকার লুইপা। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীনতম চর্যাকার শবরপা এবং আধুনিকতম সরহ বা ভুসুকু। কাহ্নপা সর্বাধিক ১৩ টি পদ রচনা করেন।
রাজশাহী কলেজ গ্রন্থাগারে সংরক্ষিত দুর্লভ চর্যাপদ এর অংশবিশেষ
চর্যাপদের কবি / পদকর্তা-
ড. মুহম্মদ শহীদুল্লাহ এর মতে
২৩ জন
ড. সুকুমার সেনের মতে
২৪ জন
পদকর্তা: লুই, শবর, ককুরী, বিরুআ, গুণ্ডারী, চাটিল, ভুসুকু, কাহ্ন, কামলি, ডোম্বী, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, আজদেব, ঢেণ্টণ, দারিক, ভাদে, তাড়ক, কঙ্কণ, জঅনন্দি, ধাম, তন্ত্রী ও লাড়ীডোম্বী। পদকর্তাদের নামের শেষে সম্মানসূচক 'পা' যোগ করা হয়। যেমন: লুই থেকে লুইপা, শবর থেকে শবরপা।
কাহ্ন : ১৩ টি পদ রচনা করেন।
ভুসুকু : ৮ টি পদ রচনা করেন।
সরহ : ৪ টি পদ রচনা করেন।
লুই, শান্তি ও শবরী: ২ টি করে পদ রচনা করেন।
বাকিরা : ১ টি করে পদ রচনা করেন।
লাড়ীডোম্বী : কোন পদ পাওয়া যায়নি।
ড. মুহম্মদ শহীদুল্লাহর 'Buddhist Mystic Songs' গ্রন্থের মতে, পদ সংখ্যা ৫০টি এবং প্রাপ্ত পদ সাড়ে ছেচল্লিশটি।
ড. সুকুমার সেনের 'বাংলা সাহিত্যের ইতিহাস' গ্রন্থের মতে, পদ সংখ্যা ৫১টি।
লুইপা। তিনি ২টি পদ রচনা করেন। যথা: ১, ২৯। হরপ্রসাদ শাস্ত্রীর মতে, তিনি রাঢ় অঞ্চলের বাঙালি কবি হিসেবে পরিচিত। ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, তিনি শবরপার শিষ্য ছিলেন। লুইপাকে আদি চর্যাকার হিসেবে ধরে নেয়া হয়।
চর্যাপদের প্রথম পদটিঃ
কাআ (শরীর) তরুবর পঞ্চ বি ডাল।
চঞ্চল চীএ পইঠো কাল ॥
দিঢ় করিঅ মহাসুহ পরিমাণ।
লুই ভণই (বলে) গুরু পুচ্ছিঅ জাণ ॥
সঅল সহিঅ কাহি করিঅই।
সুখ দুখেতে নিচিত মরিঅই ॥
এড়ি এউ ছান্দক বান্ধ করণক পাটের আস।
সুনুপথ ভিতি লেহু রে পাস ॥
ভণই লুই আমহে ঝাণে দিঠা।
ধমণ চমণ বেণি পিত্তি বইঠা ॥
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর মতে, সন্ধ্যা বা সান্ধ্য ভাষা বা আলো-আঁধারির ভাষা।
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, এর ভাষার নাম 'বঙ্গকামরূপী'। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
উত্তরঃ
মাইকেল মধুসূদন দত্ত। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক।
‘কৃষ্ণকুমারী’ নাটকটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত রচিত একটি ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক। এটি ১৮৬১ সালে প্রকাশিত হয় এবং বাংলা সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সৃষ্টি হিসেবে বিবেচিত। এর গুরুত্বগুলি নিম্নরূপ:
প্রথম সার্থক ট্র্যাজেডি: ‘কৃষ্ণকুমারী’ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক। এর পূর্বে রচিত নাটকগুলোতে ট্র্যাজেডির গভীরতা ও শিল্পসম্মত প্রকাশ ছিল না। মধুসূদনের হাতেই বাংলা সাহিত্যে শেক্সপীয়রীয় ট্র্যাজেডির যথার্থ রূপায়ণ ঘটে।
ঐতিহাসিক পটভূমি: নাটকটি রাজস্থানের ঐতিহাসিক পটভূমিতে রচিত। উদয়পুরের রানা ভীমসিংহের কন্যা কৃষ্ণকুমারীর আত্মাহুতির ঘটনাকে কেন্দ্র করে এটি আবর্তিত হয়েছে। এটি তৎকালীন রাজস্থানের রাজনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতা লিপ্সা এবং সামাজিক রীতিনীতি ফুটিয়ে তুলেছে।
চরিত্র চিত্রণ: নাটকের চরিত্রগুলি, বিশেষ করে কৃষ্ণকুমারী, ভীমসিংহ, জগৎসিংহ, মদনিকা প্রমুখের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও সংঘাতের গভীরতা পাঠককে মুগ্ধ করে। কৃষ্ণকুমারীর আত্মত্যাগ নাটকটিকে মর্মস্পর্শী ট্র্যাজেডিতে পরিণত করেছে।
ভাষাগত উৎকর্ষ: মধুসূদন দত্তের কাব্যিক ভাষা ও প্রখর নাট্যশৈলী এই নাটকের প্রধান বৈশিষ্ট্য। শক্তিশালী সংলাপ এবং নাটকের গতিশীলতা বাংলা নাট্যসাহিত্যে এক নতুন মাত্রা যোগ করেছে।
সমাজ ও রাজনীতির প্রতিচ্ছবি: নাটকটি শুধু একটি প্রেম বা ট্র্যাজেডির গল্প নয়, এটি তৎকালীন সমাজের রাজনৈতিক অস্থিরতা, রাজাদের দুর্বলতা এবং সম্মান রক্ষার নামে বলিদানের এক করুণ প্রতিচ্ছবি।
'কুহেলিকা' কাজী নজরুল ইসলাম রচিত একটি বিখ্যাত উপন্যাস, যা ১৯৩১ সালে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই উপন্যাসে প্রেম, বিদ্রোহ, আত্মত্যাগ এবং তৎকালীন ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটকে উপজীব্য করা হয়েছে। এটি নজরুলের বিপ্লবী চেতনা ও রোমান্টিক ভাবধারার এক অনবদ্য মিশ্রণ।
কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) ছিলেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সঙ্গীতজ্ঞ এবং দার্শনিক। ব্রিটিশ ঔপনিবেশিক শাসন ও সামাজিক অবিচারের বিরুদ্ধে তার লেখনী ছিল এক প্রতিবাদী কণ্ঠস্বর, যে কারণে তিনি 'বিদ্রোহী কবি' হিসেবে সমধিক পরিচিত। তার সাহিত্যে সাম্য, মানবতা এবং বিদ্রোহের বাণী প্রবলভাবে উচ্চারিত হয়েছে।
চর্যাপদ হলো বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবং প্রাচীনতম বাংলা কাব্য। এটি খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে রচিত বৌদ্ধ সহজিয়া সাধকদের এক ধরণের গান ও কবিতা সংকলন। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস জানতে এবং প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবন সম্পর্কে এটি মূল্যবান তথ্য প্রদান করে।
১৯০৭ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজকীয় গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন। তাঁর সম্পাদনায় ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি ‘হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা’ নামে প্রকাশিত হয়। চর্যাপদের ভাষা 'সন্ধ্যা ভাষা' নামে পরিচিত, যার অর্থ আংশিক আলো ও আংশিক অন্ধকারময় বা দ্ব্যর্থবোধক ভাষা।
ভানুসিংহ ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছদ্মনাম। তিনি এই ছদ্মনামে "ভানুসিংহের পদাবলী" নামক একটি কাব্যগ্রন্থ রচনা করেন। এই কাব্যগ্রন্থটি মূলত বৈষ্ণব পদাবলীর ঢঙে লেখা একগুচ্ছ কবিতা নিয়ে গঠিত। রবীন্দ্রনাথ তাঁর কৈশোরকালে বৈষ্ণব সাহিত্যের দ্বারা প্রভাবিত হয়ে এই কবিতাগুলো লেখেন, যেখানে রাধা-কৃষ্ণের প্রেমলীলা, বিরহ ও মিলনকে নতুন আঙ্গিকে তুলে ধরা হয়েছে। এটি বাংলা সাহিত্যে তাঁর প্রাথমিক কাব্যপ্রতিভার এক অনন্য নিদর্শন এবং একটি স্বতন্ত্র সংযোজন হিসেবে বিবেচিত হয়।
প্রাচীন যুগে রচিত বাংলা সাহিত্যের একমাত্র নিশ্চিত নিদর্শন হলো চর্যাপদ। এটি বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসেবে স্বীকৃত। ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজকীয় গ্রন্থশালা থেকে এর পুঁথি আবিষ্কার করেন, যা ১৯১৬ সালে 'হাজার বছরের পুরাণ বাঙ্গালা বৌদ্ধ গান ও দোঁহা' নামে প্রকাশিত হয়।
চর্যাপদ মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের রচিত কিছু গান বা কবিতা, যা তাদের ধর্মীয় ও দার্শনিক চিন্তাভাবনা প্রকাশ করে। এর ভাষা প্রাচীন বাংলা ভাষারূপের একটি উদাহরণ এবং এটি আধুনিক বাংলা ভাষার উদ্ভবের প্রথম ধাপ নির্দেশ করে। চর্যাপদের রচয়িতাদের মধ্যে লুইপা, কাহ্নপা, ভুসুকুপা, শবরীপা, সরহপা প্রমুখ উল্লেখযোগ্য। চর্যাপদ শুধুমাত্র বাংলা সাহিত্যেরই নয়, বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাসের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দলিল।