পৃথিবী একটি বিশাল চুম্বক, উত্তর মেরু সেই চুম্বকের দক্ষিণ মেরু। আমরা জানি, চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। পৃথিবীর দুই মেরু বরাবর একটা বিশাল দণ্ড চুম্বক কল্পনা করলে, পৃথিবীর উপরস্থ চুম্বকগুলো স্বাভাবিকভাবেই সেই কল্পিত দণ্ডচুম্বকের উত্তর মেরু বরাবর নিজেদের দক্ষিণ মেরু এবং দক্ষিণ মেরু বরাবর নিজেদের উত্তর মেরু স্থাপন করতে চাবে। এ কারণেই দণ্ড চুম্বকের উত্তর মেরু সেদিকে তাক করে থাকে।
আমরা সবাই আমাদের জীবনে কখনো না কখনো চুম্বকের আকর্ষণ এবং বিকর্ষণ দেখে চমৎকৃত হয়েছি। আপাতদৃষ্টিতে চৌম্বকত্ব এবং বিদ্যুৎ প্রবাহকে পুরোপুরি ভিন্ন দুটি বিষয় বলে মনে হলেও এই দুটোই যে একই শক্তির ভিন্ন রূপ সেটি এই অধ্যায়ে আলোচনা করা হবে। আমরা দেখব বিদ্যুতের প্রবাহ হলে যেরকম চৌম্বক ক্ষেত্র তৈরি হতে পারে ঠিক সেরকম চৌম্বক ক্ষেত্রকে পরিবর্তন করে বিদ্যুৎ প্রবাহ করা যেতে পারে।
এই অধ্যায়ে বিদ্যুতের চৌম্বক ক্রিয়ার সাথে সাথে কীভাবে চুম্বক এবং বিদ্যুৎকে ব্যবহার করে নানা ধরনের বজ্রপাতি তৈরি করা হয় এবং ব্যবহার করা হয় সেই বিষয়গুলোও আলোচনা করা হয়েছে।