রাফায়েল সানজিও (১৪৮৩-১৫২০) (পাঠ ৬)

চিত্রকলা সর্বকালে সব মানুষের ভাষা - চারু ও কারুকলা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

573

র‍্যাফেল আরবিনো নামক একটি পার্বত্য শহরে ১৪৮৩ খ্রিষ্টাব্দে গুড ফ্রাইডে তিথিতে রাত্রি ৯টায় জন্মগ্রহণ করেন। রাফায়েলের পিতা জিওভানি সানতিও ছিলেন একজন চিত্রশিল্পী ও সংস্কৃতিসম্পন্ন মানুষ। রাফায়েল পিতার কাছেই ছবি আঁকার প্রথম অনুশীলন আরম্ভ করেন। দশ বছর বয়সে তিনি পিতার আঁকা ছবির উপর তুলি চালানোর অধিকার লাভ করেন। পিতা জিওভানি পুত্রের ষোলো বছর বয়সে তাঁকে তৎকালীন খ্যাতিমান শিল্পী পেরুজীনোর নিকট প্রেরণ করেন। মাত্র তিন বছরে সেখানে তাঁর একাগ্রতা এবং অধ্যবসায়ের ফলে খুব অল্প সময়ের মধ্যে শিল্পীসমাজে তাঁর নাম ছড়িয়ে পড়ে। রাফায়েলের সর্বোচ্চ মূল্যবান উদ্ভাবন হলো ছবি আঁকার বিষয়বস্তু সঠিকভাবে সাজানো। একমাত্র তাঁর শিল্পকর্মে এ মূল্যবান উপায়টি দেখা যেত। আর কারো চিত্রকলায় যা দেখা যায় না।

রাফায়েল ছিলেন একজন অতি সুদর্শন পুরুষ। চরিত্রেও তেমনি ভদ্রতা, নম্রতা, বিনয়, শালীনতা ও পরোপকারী ছিলেন। একবার যিনি এই শিল্পীর সংস্পর্শে আসতেন তিনিই আনন্দিত হতেন। যৌবনের প্রথমে যশ ও অর্থ দুই তিনি পেয়েছিলেন। কিন্তু যশ বা অর্থের মোহ তাঁর স্বভাবকে কখনও প্রভাবিত করতে পারেনি। রাফায়েল ও লিওনার্দোর দুই মহান শিল্পীই ছিলেন পরম কৌতূহলপ্রবণ। বিশ্বের রহস্য উদঘাটনে একজন ছিলেন গবেষক অপরদিকে রাফায়েল ছিলেন সত্য অনুসন্ধানে যত্নশীল।

রেনেসাঁস যুগে লিওনার্দো, মাইকেল এঞ্জেলো ও রাফায়েল এই তিন মহান শিল্পী বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে ছবি আঁকা আরম্ভ করেন। তাঁরা আলোছায়া ও পরিপ্রেক্ষিত অনুশীলন করে পরবর্তী রেনেসাঁস চিত্ররীতির মধ্যে নতুন দীপ্তি দান করেছিলেন।

তাঁর বিখ্যাত শিল্প সৃষ্টির মধ্যে প্রান্তরে উপবিষ্ট ম্যাডোনা ছবিটি সৌন্দর্যের অতুলনীয় সৃষ্টি। রাফায়েলের সাধক জীবন সম্বন্ধে একটি সুন্দর গল্প প্রচলিত আছে। রোম নগর যখন রাফায়েলের জয়গানে মুখরিত তখন তাঁর শত্রুপক্ষ তাঁকে হত্যা করার জন্য ঘাতক নিযুক্ত করেছিল। রাফায়েল ঘরের দরজা খোলা রেখেই মাতৃমূর্তি ছবিটি তখন আঁকছিলেন। ঘাতকদ্বয় ছবি আঁকা দেখে তাদের উদ্দেশ্য ভুলে যান। শিল্পীও তাঁর স্বভাবসুলভভাবে খুব যত্ন ও আপ্যায়ন করে তাদের নিকট ছবির ব্যাখ্যা করতে থাকেন। ঘাতকদ্বয় রাফায়েলের ব্যবহারে এতই অভিভূত হন যে তাদের পাপ উদ্দেশ্যের কথা প্রকাশ করে ক্ষমা ভিক্ষা চেয়ে প্রস্থন করেন।

১৫২০ সালে মাত্র ৩৭ বছর বয়সে গুড ফ্রাইডে তিথিতে (জন্মদিনে) এই মহান শিল্পী পরলোকগমন করেন।

কাজ: রাফায়েলের স্বভাব ও প্রকৃতি নিয়ে দশটি বাক্যে সকলে লিখে দেখাও।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...