পরিবারের শ্রেণিবিভাগ

পৌরনীতি ও নাগরিকতা - পৌরনীতি ও নাগরিকতা - এসএসসি | NCTB BOOK

3.6k

আমরা সবাই পরিবারে বাস করি। কিন্তু সব পরিবারের প্রকৃতি ও গঠনকাঠামো এক রকম নয়। কতগুলো নীতির ভিত্তিতে পরিবারের শ্রেণিবিভাগ করা যায়। যেমন- (ক) বংশ গণনা ও নেতৃত্ব (খ) পারিবারিক কাঠামো ও (গ) বৈবাহিক সূত্র ।

ক. বংশ গণনা ও নেতৃত্ব : এ নীতির ভিত্তিতে পরিবারকে দুই ভাগে ভাগ করা যায় । যথা- পিতৃতান্ত্রিক ও মাতৃতান্ত্রিক পরিবার । পিতৃতান্ত্রিক পরিবারে সন্তানরা পিতার বংশপরিচয়ে পরিচিত হয় এবং পিতা পরিবারে নেতৃত্ব দেন। আমাদের দেশের অধিকাংশ পরিবার এ ধরনের । অন্যদিকে, মাতৃতান্ত্রিক পরিবারে মায়ের বংশপরিচয়ে সন্তানরা পরিচিত হয় এবং মা পরিবারে নেতৃত্ব দেন। আমাদের দেশে গারোদের মধ্যে এ ধরনের পরিবার দেখা যায়।

খ. পারিবারিক কাঠামো : পারিবারিক গঠন ও কাঠামোর ভিত্তিতে পরিবারকে দুই শ্রেণিতে ভাগ করা যায় । যথা- একক ও যৌথ পরিবার। একক পরিবার মা-বাবা ও ভাই-বোন নিয়ে গঠিত হয়। এ ধরনের পরিবার ছোট হয়ে থাকে। যৌথ পরিবারে মা-বাবা, ভাই-বোন, দাদা-দাদি, চাচা-চাচি ও অন্যান্য পরিজন একত্রে বাস করে । যৌথ পরিবার বড় পরিবার। বাংলাদেশে উভয় ধরনের পরিবার রয়েছে । তবে বর্তমানে একক পরিবারের সংখ্যা বাড়ছে। মূলত যৌথ পরিবার কয়েকটি একক পরিবারের সমষ্টি ।

গ. বৈবাহিক সূত্র : বৈবাহিক সূত্রের ভিত্তিতে তিন ধরনের পরিবার লক্ষ করা যায় । যথা- একপত্নীক, বহুপত্নীক ও বহুপতি পরিবার। একপত্নীক পরিবারে একজন স্বামীর একজন স্ত্রী থাকে । আর বহুপত্নীক পরিবারে একজন স্বামীর একাধিক স্ত্রী থাকে। আমাদের সমাজের অধিকাংশ পরিবার একপত্নীক, তবে বহুপত্নীক পরিবারও কদাচিৎ দেখা যায় । বহুপতি পরিবারে একজন স্ত্রীর একাধিক স্বামী থাকে । বাংলাদেশে এ ধরনের পরিবার দেখা যায় না ।

Content updated By

# বহুনির্বাচনী প্রশ্ন

উদ্দীপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও

নিহার মা গৃহিনী ও বাবা একজন ব্যবসায়ী। দুজনেই নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন। তখন তার দাদী তাকে দেখা শোনা করেন। অপরপক্ষে রিয়ার মা ও বাবা দু'জনেই চাকরিজীবী। তারা যখন অফিসে থাকেন তখন রিয়া গৃহ কর্মীর কাছে থাকে।

উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও

শিমুলের সহপাঠী ফারুক। শিমুলের পরিবারটি তার বাবার নেতৃত্বে পরিচালিত হয় অন্যদিকে ফারুকের পরিবারটি তার মায়ের নেতৃত্বে পরিচালিত হয়।

Promotion

Are you sure to start over?

Loading...