আমরা আমাদের ক্ষুধা নিবারণের জন্য প্রতিদিন বিভিন্ন খাবার গ্রহণ করি। অনেক সময় অবস্থার পরিবর্তনের প্রেক্ষিতে সেই সব প্রচলিত খাবার গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন আমাদেরকে প্রচলিত খাবারের পরিবর্তে অন্য খাবার গ্রহণ করতে হয়। যেমন- ভ্রমণকালীন সময় ভাতের পরিবর্তে আলাদা বিভিন্ন ধরনের শুকনা খাবার খাওয়া হয়। প্রাকৃতিক দুর্যোগ যেমন- ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্প হলে তখন জীবনের স্বাভাবিক গতিশীলতা থাকে না। দুর্যোগ আক্রান্ত জনগোষ্ঠী নিজেদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করে। স্বাভাবিক রান্না খাওয়া তখন প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই ধরনের জরুরি পরিস্থিতিতে যেসব খাদ্যসামগ্রী গ্রহণ করা হয়, সেগুলোই হচ্ছে বিকল্প খাদ্য। যেমন- চিড়া, মুড়ি, চাল ভাজা, মোয়া, গুড়, বিস্কুট, খেজুর ইত্যাদি।
যেকোনো অবস্থায় পানীয় জল ছাড়া চলে না। তাই বোতলজাত বিশুদ্ধ পানীয় জল, ডাব, নারিকেলের পানি অন্যতম বিকল্প খাদ্য। আবার ঝড়, বন্যার সময় পানি ফুটিয়ে বিশুদ্ধ করার পরিবর্তে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করে বিশুদ্ধ পানির বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
| কাজ- ১ বিকল্প খাদ্য সম্পর্কে জানা প্রয়োজন কেন লেখো। |
শারীরিক শ্রম ও ব্যায়াম
আমরা খাদ্যের মাধ্যমে শক্তি পাই। বিভিন্ন কাজ করে এই শক্তি আবার খরচ করি। বেশি পরিশ্রমের কাজ করলে শক্তি বেশি খরচ হয়। যেমন- দৌড়ানো, ফুটবল খেলা ইত্যাদিতে শক্তি বেশি খরচ হয়। আবার হালকা কাজ করলে অর্থাৎ গল্পের বই পড়া, টিভি দেখা, বই গোছানো ইত্যাদি কাজে শক্তি কম খরচ হয়। শক্তির খরচ যখন খাদ্যের মাধ্যমে গ্রহণকৃত শক্তির সমান হয়, তখন শরীরের ওজন ঠিক থাকে, আবার শক্তির খরচের চাইতে খাদ্যের মাধ্যমে গ্রহণকৃত শক্তি বেশি হলে শরীরের ওজন বেড়ে যায়। যারা পরিশ্রমের কাজ করেন না তারা খেলাধুলা বা ব্যায়াম করে শরীরের বাড়তি শক্তি জমার প্রক্রিয়াকে প্রতিরোধ করতে পারেন।
নিয়মিত পরিশ্রম/ব্যায়াম/খেলাধুলা করার উপকারিতাগুলো-
- ঘুম ভালো হয়।
- ক্ষুধা যথাযথ থাকে।
- ওজন স্বাভাবিক থাকে।
- পেশির সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়।
- রক্ত সঞ্চালন ক্ষমতা বৃদ্ধি পায়।
- শিশুদের দৈহিক গঠন সুদৃঢ় হয়।
- মন প্রফুল্ল থাকে।
- কর্ম উদ্দীপনা বজায় থাকে।
- ওজনাধিক্যের ফলে সৃষ্ট রোগের ঝুঁকি কম থাকে।
কয়েকটি শারীরিক শ্রম ও ব্যায়াম-
- পায়ে হেঁটে স্কুলে যাতায়াত।
- সাঁতার কাটা/ অন্যান্য ব্যায়াম।
- সিঁড়ি বেয়ে উপরে ওঠা।
- দৈনন্দিন কাজগুলো নিজে করা।
- বাগান করা।
- ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ইত্যাদি খেলা।
| কাজ- ২ তোমার জন্য উপযুক্ত তিনটি শারীরিক শ্রম ও ব্যায়াম উল্লেখ করো। |
# বহুনির্বাচনী প্রশ্ন
টিফিনের ফাঁকে স্কুলে বন্ধুরা খেলাধুলা করলে লিমন বসে থাকে। ইদানিং তার ওজন বেড়ে যাচ্ছে এবং কর্ম উদ্দীপনাও কমে যাচ্ছে।
Read more