পদ্ম জাতক গাইড ও নোট (পাঠ ৫)

সপ্তম শ্রেণি — মাধ্যমিক - বৌদ্ধধর্ম শিক্ষা - জাতক | NCTB BOOK
207

পুরাকালে বারানসিরাজ ব্রহ্মদত্তের রাজত্বকালে বোধিসত্ত্ব এক শ্রেষ্ঠীপুত্ররূপে জন্মগ্রহণ করেন। তখন নগরের অভ্যন্তরে একটি সরোবরে পদ্ম ফুটত। এক ব্যক্তি ঐ সরোবরের রক্ষণাবেক্ষণ করত। তার নাকটি কাটা ছিল।

একদিন বারানসিতে একটা উৎসবের সংবাদ প্রচারিত হলো। বোধিসত্ত্বসহ তিনজন শ্রেষ্ঠীপুত্র পদ্মের মালা গলায় দিয়ে ঐ উৎসবে যাবেন বলে মনস্থির করলেন। তাঁরা পদ্মের লোভে সরোবরে গিয়ে হাজির হলেন। পদ্মরক্ষক তখন সরোবর থেকে পদ্ম তুলছিল। তাঁরা তিনজনে পদ্মরক্ষকের প্রশংসা শুরু করলেন।
প্রথম শ্রেষ্ঠীপুত্র বললেন, 'চুল, দাড়ি যতবার কাটা হয় দুদিন পরে তা আবার আগের মতো বৃদ্ধি পায়। ভাই পদ্মরক্ষক! তোমার খন্ডিত নাকটিও চুল, দাড়ির মতো বৃদ্ধি পেতে পেতে একসময় পূর্নাঙ্গ হয়ে যাবে। দয়া করে আমাকে কয়েকটি পদ্ম দাও না ভাই'। একথা শুনে পদ্মরক্ষক অত্যন্ত ক্রুদ্ধ হলো। সে তাঁকে কোনো পদ্ম দিল না।
দ্বিতীয় শ্রেষ্ঠীপুত্র বললেন, "শরৎকালে ক্ষেতে বীজ বুনলে সেই বীজ থেকে যেভাবে অঙ্কুর বের হয়, ঠিক সেভাবে তোমার খন্ডিত নাকটিও একসময় পরিপূর্ণতা প্রাপ্ত হবে। ভাই পদ্মরক্ষক! আমাকে কয়েকটি পদ্ম দাও না"। একথা শুনেও পদ্মরক্ষক অত্যন্ত ক্রুদ্ধ হলো এবং তাঁকেও কোনো পদ্ম দিল না।
বোধিসত্ত্বরূপী তৃতীয় শ্রেষ্ঠীপুত্র বললেন, 'এগুলো সব মূর্খের প্রলাপ। ওরা পদ্মের লোভে মিথ্যা তোষামোদ করছে। কাটা নাক কখনো নতুন করে গজাবে না বা বৃদ্ধি পাবে না। তোমাকে আমি সত্য কথাটাই বললাম। ভাই পদ্মরক্ষক আমাকে গোটা কতক পদ্ম দাও'।
তৃতীয় শ্রেষ্ঠীপুত্রের কথা শুনে পদ্মসরোবরের রক্ষক খুশি হয়ে বলল, 'এ দুজন মিথ্যাকথা বলেছে, মিথ্যা তোষামোদ করেছে। তুমি প্রকৃত সত্য কথাই বলেছ। অতএব পদ্ম তোমারই পাওয়া উচিত"।
পদ্মরক্ষক তৃতীয় শ্রেষ্ঠীপুত্রকে একটা বড় পদ্মমালা দিয়ে পুরস্কৃত করলেন।

পদ্মরক্ষক পদ্ম তুলছেন

উপদেশ: চাটুকারিতার ফল কখনো ভালো হয় না।

অনুশীলনমূলক কাজ
পদ্মরক্ষক তৃতীয় শ্রেষ্ঠীপুত্রকে পদ্ম দিয়েছিলেন কেন?
জাতকের গল্পটি পাঠ করে কী শিক্ষা পেলে? বর্ণনা কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...