যীশুর বাণী প্রচার যাত্রার শুরু (পাঠ ৩)

মুক্তিদাতা যীশুর জীবন ও কাজ - খ্রীষ্টধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

188

প্রভু যীশু দীক্ষাস্নানের মধ্য দিয়ে তাঁর প্রকাশ্যজীবন শুরু করেন। দীক্ষাস্নানের পরপরই প্রভু যীশু মরুপ্রান্তরে নির্জনে চল্লিশ দিন সময় কাটান। এ সময় তিনি পবিত্র আত্মায় পরিচালিত হয়ে বন্যপ্রাণীদের সাথে বাস করেন। স্বর্গদূতেরা তখন তাঁর পরিচর্যা করেছেন। তিনি শয়তান দ্বারা পরীক্ষিত হন এবং শয়তানের উপর বিজয় ছিনিয়ে আনেন। তারপর প্রচার কাজ শুরু করার জন্য বারজন শিষ্যকে বেছে নেন।

যাঁর দ্বারা প্রভু যীশু দীক্ষাস্নাত হয়েছিলেন সেই দীক্ষাগুরু যোহনকে কারাগারে বন্দি করা হলে পর যীশু গালিলেয়ায় চলে এলেন। গালিলেয়াতে তিনি তাঁর প্রচারকাজ শুরু করেন। তিনি বলতেন, "সময় হয়ে এসেছে: ঐশরাজ্য এখন খুব কাছেই। তোমরা মন ফেরাও; তোমরা মঙ্গলসমাচারে বিশ্বাস কর"। তাঁর প্রচারের মূল বিষয় ছিল ঐশরাজ্য এবং মন পরিবর্তন। আসলে ঐশরাজ্যের বিষয়ে সাক্ষ্য দিতেই তিনি পিতার বাণী মানুষকে শুনিয়েছেন।

এই আহ্বানে সাড়া দিয়ে অনেকে যীশুর অনুসরণ করেছেন। আবার কাউকে কাউকে তিনি বিশেষভাবে বেছে নিয়েছেন ঐশরাজ্যের সাক্ষী হতে। বাণীপ্রচারের শুরুতে তিনি তাঁদের গালিলেয়া সাগরের ধার থেকে আহ্বান করেছেন। তিনি একদিন সাগরের ধার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় তিনি সিমোন ও তার ভাই আন্দ্রিয়কে সাগরে জাল ফেলতে দেখলেন। তিনি তাঁদের আমন্ত্রণ জানালেন তাঁর অনুসরণ করতে। আর তাঁরা তাঁর ডাক শোনার সঙ্গে সঙ্গে যীশুর সঙ্গ নিলেন, তাঁকে অনুসরণ করতে লাগলেন। এরপর একটু এগিয়ে গিয়ে তিনি জেবেদের দুই ছেলে- যাকোব ও তাঁর ভাই যোহনকে দেখতে পেলেন। তাঁরা নৌকায় বসে তাদের জাল সারাচ্ছিলেন। যখনই যীশু তাঁদের ডাক দিলেন তখনই তাঁরা তাঁদের পিতা জেবেদকে নৌকোয় মজুরদের সঙ্গে রেখে যীশুর সঙ্গে চললেন। এভাবে তিনি অন্যদেরও ডাকলেন এবং ঐশরাজ্যের মর্মসত্য বুঝিয়ে দিলেন।

কাজ: যীশুর আহ্বানে সাড়া দিয়ে যারা যীশুর অনুসরণ করেছিলেন তাঁদের যে কোন ৫জনের নাম লিখ।
বাণী প্রচারের তাৎপর্য

পিতার ইচ্ছা পালন ও বাস্তবায়ন করাই ছিল প্রভু যীশুর এ জগতে বাণীপ্রচারের মূল বিষয়। আর পিতার ইচ্ছা হচ্ছে মানুষকে অনন্ত মৃত্যু অর্থাৎ পাপের হাত থেকে বাঁচিয়ে তোলা। এর উদ্দেশ্য হলো, মানুষ যাতে যীশুর প্রচারিত ঐশজীবনের সহভাগী হতে পারে। প্রভু যীশু খ্রীষ্ট ঐশরাজ্যের প্রতি বিশ্বাসী সকল মানুষকে ঐক্যবদ্ধ করে এ কাজ সম্পন্ন করেছেন। বিশ্বাসের ভিত্তিতে ঐক্যবদ্ধ জনমণ্ডলীই হচ্ছে খ্রীষ্টমণ্ডলী, যা এ জগতে ঐশরাজ্যের বীজ এবং সূচনা।

কাজ: তোমরা কীভাবে যীশুর পথ অনুসরণ করছ, সেই অভিজ্ঞতা দলে সহভাগিতা করো।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...