পাপ থেকে মুক্তিলাভের উপায় (পাঠ ৪)

পাপ - খ্রীষ্টধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

242

আদি পিতামাতার মধ্য দিয়ে মানুষের ইতিহাসে পাপ প্রবেশ করার সাথে সাথে দয়ালু পিতা ঈশ্বর মানুষকে পাপ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁর একমাত্র পুত্র যীশুকে এ জগতে পাঠিয়ে তিনি মানবজাতির পরিত্রাণ সাধন করবেন-এই প্রতিশ্রুতি তিনি মানবজাতিকে দিয়েছিলেন। ঈশ্বর আমাদের দিয়েছেন স্বাধীন ইচ্ছা। তিনি শুধু চান আমরা পাপ থেকে মন ফেরাই এবং মুক্তিলাভ করি। তিনি আমাদের জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। আমাদের পাপ যত বড়ো বা যত বেশিই হোক- না কেন, তার চেয়ে ঈশ্বরের দয়ার পরিমাণ আরও অনেক বেশি। এই কথাটি আমাদের সর্বদা মনে রাখতে হবে। পাপী মানুষ হলেও আমরা যেন কোনো অবস্থাতেই নিরাশ হয়ে না-যাই।

পবিত্র মঙ্গলসমাচারের মধ্যে আমরা দেখতে পাই পাপী মানুষের প্রতি যীশু খ্রীষ্টের দয়ার প্রকাশ। যোসেফের নিকট স্বর্গদূত বলেছিলেন: "তুমি তাঁর নাম রাখবে যীশু, কারণ তিনিই নিজ জনগণকে তাদের পাপ থেকে মুক্ত করবেন।" মুক্তির সংস্কার খ্রিষ্টপ্রসাদের বেলায়ও একই কথা প্রযোজ্য: "আমার রক্ত, নবসন্ধির রক্ত, যা অনেকের জন্য পাপমোচনের উদ্দেশ্যে পাতিত।" আমাদের কোনোরূপ সাহায্য ছাড়া তিনি আমাদের সৃষ্টি করেছেন কিন্তু আমাদের সহযোগিতা ছাড়া তিনি আমাদের পরিত্রাণ সাধন করেন না। কিন্তু মুক্তিলাভের অনেক উপায় তিনি দিয়েছেন। নিচে কিছু উপায় তুলে ধরা হলো:
১। বিবেকের সততা ও মুক্তিলাভের আশায় পাপ সম্পর্কে সচেতন হওয়া;
২। নিজেকে পাপী বলে স্বীকার করা;
৩। নম্রভাবে নিজের পাপ স্বীকার করা;
৪। পাপের জন্য অনুতাপ করা;
৫। পুনরায় পাপ না-করার প্রতিজ্ঞা করা;
৬। ঈশ্বরের দয়া ও কৃপায় বিশ্বাস রাখা;
৭। ক্ষমা করা ও ক্ষমা দানের মনোভাব পোষণ করা;
৯। মন পরিবর্তন করা ও স্বাধীন ইচ্ছার সঠিক ব্যবহার করা;
১০। পবিত্র আত্মাকে গ্রহণ করা ও তাঁর প্রেরণা মতো চলা;
১১। নিয়মিত প্রার্থনা ও পবিত্র বাইবেল পাঠ করা;
১২। ঈশ্বর ও প্রতিবেশীদের সাথে সঠিক সম্পর্ক বজায় রাখা।

কাজ: দুইদলে মিলে নিচের সামসংগীতটি প্রার্থনা করো।

ওগো ঈশ্বর, কে থাকতে পারবে বল, তোমার আবাসে?
কে-ই বা বাস করবে তোমার পবিত্র পর্বতে?
অনিন্দ্য যার আচরণ,
ন্যায়ধর্ম যে পালন করে,
অন্তর থেকে যে সত্যভাষী
যার রসনা করে না পরনিন্দা,
ভাইয়ের যে করে না অপকার,
প্রতিবেশীর যে রটায় না দুর্নাম,
ভ্রষ্টকে যে অবজ্ঞার চোখে দেখে,
ঈশ্বর ভক্তজনকে সম্মানই করে,
ক্ষতি হলেও আপন শপথের যে করে না অন্যথা,
ঋণ দিয়ে যে নেয় না কোনো সুদ,
নির্দোষের ক্ষতি করতে যে নেয় না কোনো ঘুষ,
এমনই যার আচরণ, সে তো কোনো কিছুতেই টলবে না কখনো

কাজ: কীভাবে পাপ থেকে মুক্তিলাভ করা যায় প্রথমে তা দলে আলোচনা কর। তারপর ব্যক্তিগতভাবে নীরব ধ্যান কর, নিজে নিজে সংকল্প নাও- তুমি কীভাবে পাপের পথ ত্যাগ করবে।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...