ফাদার চার্লস যোসেফ ইয়াং ইহলোক ত্যাগ করেছেন ১৯৮৮ খ্রীষ্টাব্দের ১৪ নভেম্বর। ইতোমধ্যে তাঁকে ভুলে যাওয়ার মতো অনেক বছর পার হয়েছে। কিন্তু তাঁকে মানুষ মোটেও ভুলে যায়নি। বরং তাঁকে দিনে দিনে মানুষ যেন আরও বেশি করে স্মরণ করছে। তাঁর নামে আরও অনেক প্রতিষ্ঠানের জন্ম নিচ্ছে। কারিতাস, ক্রেডিট ইউনিয়ন আন্দোলন, প্রাকৃতিক পরিবার পরিকল্পনা- এসব শুধু টিকেই থাকছে না, অগণিত মানুষের জীবনে এগুলো ভীষণভাবে প্রভাব বিস্তার করে চলছে। ফাদারের নামের অর্থটি যেমন চিরতরুণ (ইয়াং), তেমনি তাঁর জীবনের কর্মগুলোও চিরতরুণ রয়ে গেছে। এই কর্ম দুর্বার গতিতে এগিয়ে চলছে এবং পৌঁছে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে।
ফাদার ইয়াং ফাউন্ডেশন
ফাদার ইয়াং ফাউন্ডশন হলো তাঁর মৃত্যুর পর তাঁর সম্মানার্থে প্রতিষ্ঠিত সর্ববৃহৎ ও সর্বাধিক গুরুত্বপূর্ণ স্মৃতিরক্ষাকারী প্রতিষ্ঠান। ১৯৯১ খ্রীষ্টাব্দে এটি 'ফাদার ইয়াং মেমোরিয়াল ফান্ড' নামে শুরু হয় এবং ১৯৯৫ খ্রীষ্টাব্দে এটির নাম পরিবর্তন করে 'ফাদার ইয়াং ফাউন্ডেশন' রাখা হয়। এর লক্ষ্যসমূহ নিম্নরূপ:
ক) ক্রেডিট ইউনিয়নের ধারণাটি সমাজের দরিদ্রতম ও অবহেলিত বিভিন্ন দলের কাছে বিস্তার করার যথাযথ সহায়তা পদক্ষেপ গ্রহণ করা ও তাদের জীবনমান উন্নয়নে সহায়তা করা;
খ) ক্রেডিট ইউনিয়নের সম্প্রসারণ ও উন্নয়ন প্রক্রিয়া সক্রিয়ভাবে চালিয়ে যাওয়ার লক্ষ্যে প্রযুক্তিগত সহায়তা প্রদান করা;
গ) ক্রেডিট ইউনিয়ন আন্দোলনে নতুন নেতৃত্ব গড়ে উঠতে সহায়তা করা; এবং
ঘ) শ্রেষ্ঠ ক্রেডিট ইউনিয়ন, শ্রেষ্ঠ কো-অপারেটর ও শ্রেষ্ঠ কর্মীদেরকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা ও প্রকাশ্যে পুরস্কৃত করা।
আরও পদক্ষেপ নেওয়া হয় যে,
ঙ) বাংলাদেশের সকল ক্রেডিট ইউনিয়ন ফাদার ইয়াংকে ক্রেডিট ইউনিয়ন আন্দোলনের প্রবর্তক বলে ঘোষণা করবে।
চ) তেজগাঁও কবরস্থানে ফাদার ইয়াং-এর কবরটি যথাযোগ্য মর্যাদার সাথে সংরক্ষণ করা হবে।
ছ) দেশে ক্রেডিট ইউনিয়নগুলোকে তাদের কার্যালয় বা হলঘরের নাম ফাদার ইয়াং-এর নামানুসারে রাখার জন্য উৎসাহিত করা হবে।
ক্রেডিট ইউনিয়নের প্রথম প্রেসিডেন্ট বার্নার্ড এল. ম্যাককার্থী লিখেছিলেন:
যে পনের জন 'কুলিকে' ক্রেডিট ইউনিয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্দেশ্যে মাটি কাটার জন্য ডেকে একত্রিত করা হয়েছিল, আমাকে তাদের সর্দারের ভূমিকা পালন করার জন্য বেছে নেওয়া হয়েছিল বলে আজ খুবই তৃপ্তি অনুভব করছি। সেই বিস্ময়কর মানুষটি অর্থাৎ শ্রদ্ধেয় ফাদার চার্লস ইয়াং, সিএসসি আমাদের হৃদয়-ক্ষেত্রের মাটিতে যে ধারণার বীজ বপন করেছিলেন সেটার থেকে একটা ইউনিয়ন গড়ে তোলা আমাদের জন্য খুবই চ্যালেঞ্জপূর্ণ ছিল। ভিত্তিপ্রস্তরের জন্য গর্ত খনন করাও সহজ কাজ ছিল না। তথাপি আমাদের জনগণের মধ্যে গভীর বিশ্বাস ও সেবার পর সেবা, এরপর আরও সেবা-এভাবে আমরা সুবৃহৎ অট্টালিকাটির মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার জন্য মজবুত চরণগুলো দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করতে সক্ষম হয়েছি। আমরা, প্রবর্তকরা, আজ আপনাদের উদ্দেশ্যে শ্রদ্ধার্ঘ নিবেদন করছি কারণ আপনারা ক্রেডিট ইউনিয়নকে জীবিত রাখার ও ক্রমান্বয়ে বেড়ে ওঠার কাজটি স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়েছেন।
Read more