ছবি আঁকার জন্য ও ছবি ফুটিয়ে তোলার জন্য রয়েছে নানারকম পেনসিল, কলম, কালি, ছুরি, কাঁচি, হাতুড়ি, বাটাল ইত্যাদি। আরও রয়েছে নানা ধরনের তুলি। চারুকলা চর্চা করতে করতে বা ছবি আঁকতে আঁকতে এসব বিষয়ের সঙ্গে তোমাদের পরিচয় ঘটবে।
আঁকা ছবি কী, কেমন করে হয়, ইতোমধ্যে তোমরা জানতে পেরেছ। তোমাদের মতো শিশুরা কীভাবে ছবি আঁকে তার পরিচয় নিজে আঁকতে গেলেই বুঝতে আরও সহজ হবে। ছোটদের ছবি আঁকার এখন অনেক প্রতিযোগিতা হচ্ছে, সেসব ছবির প্রদর্শনীও হচ্ছে। বাংলাদেশের শিশুদের ছবি বিশ্বের অনেক দেশেই নিয়মিত পাঠানো হচ্ছে প্রতিযোগিতার জন্য। তোমাদের মতো অনেক শিশুই সেসব দেশ থেকে পুরস্কার পেয়ে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছে।
আমাদের দেশের বড় বড় শিল্পীদের প্রদর্শনী হচ্ছে বিভিন্ন গ্যালারি, শিল্পকলা একাডেমিতে, জাদুঘরে ও বিভিন্ন স্থানে। সেসব প্রদর্শনী তোমরা নিশ্চয়ই কিছু কিছু দেখেছ। না দেখে থাকলে গিয়ে দেখে আসবে। এছাড়াও আমাদের জাতীয় জাদুঘরে বাংলাদেশের উল্লেখযোগ্য সব শিল্পকলা বা চারুকলার সব সময়ের জন্য প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে। সেখানে গেলেই চারুকলার সঙ্গে তোমাদের চমৎকার পরিচয় ঘটবে।
| কাজ: পাঁচ-ছয়জনের দল গঠন করে প্রতি দল নিজেদের মধ্যে আলোচনা করে চারুকলার পরিচয় সম্পর্কে ৫-৬টি লাইন লেখো। |