লোকশিল্পের ধারণা (পাঠ: ১)

বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প - চারু ও কারুকলা - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

708

আদিম মানুষদের ছবি আঁকার কথা আমরা জানি। আদিম গুহাবাসী মানুষদের সবাই যে ছবি আঁকতে পারত তা কিন্তু নয়। তবে কেউ কেউ বেশ ভালো আঁকত। তাদের দিয়েই ছবিগুলো আঁকানো হতো। পরে তারা মাটি দিয়ে পাত্র, পুতুল, মূর্তি ইত্যাদি বানাতেও শিখেছিল। তাদের এই ছবি, পাত্র বা মূর্তি তৈরি হতো সহজ- সরলভাবে। যেমন- আদিম মানুষদের কেউ কেউ ভালো ছবি আঁকত বা মূর্তি গড়তে পারত, লোকশিল্পীরাও তেমনি। প্রাচীনকাল থেকেই গ্রামে-গঞ্জে কিছু লোক ভালো ছবি আঁকতে বা পুতুল বানাতে পারত। যে সহজ রীতিতে তারা ছবি আঁকত বা পুতুল বানাত তা শিখে নিয়েছিল তাদের সন্তানেরা। তাদের পরিবারের ছেলেমেয়েরা আবার বাবা-কাকাদের কাছে বসে শিখেছে কীভাবে আঁকতে বা গড়তে হয়। এভাবে একই রীতিনীতিতে হাজার হাজার বছর ধরে লোকশিল্প তৈরি হয়ে আসছে। এ শিল্প সাধারণ মানুষের মনে আনন্দ জোগায়। তাই বলা হয়, 'লোকশিল্প সাধারণ লোকের জন্য সাধারণ লোকের সৃষ্টি।' পৃথিবীর সবখানেই লোকশিল্পের উপকরণ সাধারণ। উপকরণ অর্থ যা দিয়ে কোনো কিছু তৈরি করা হয়। যেমন- মাটি, কাঠ, কাপড়, সুতা, ধাতব দ্রব্য, পাতা, বাঁশ, বেত প্রভৃতি দিয়ে সব দেশেই কিছু কিছু অভিন্ন লোকশিল্প তৈরি হয়। সেগুলো হচ্ছে পোশাক, আসবাব, লোক অলংকার, লোক বাদ্যযন্ত্র, সূচিকর্ম, পুতুল, বাসন-কোসন ইত্যাদি।

কাজ:

১. চার-পাঁচজনের দল তৈরি করে 'লোকশিল্প সাধারণ লোকের জন্য সাধারণ লোকের সৃষ্টি'- এ কথাটির ব্যাখ্যা করো। প্রতি দল থেকে একজন শ্রেণিতে পড়ে শোনাও।
২. লোকশিল্পের সাথে আদিমশিল্পের মিল খুঁজে বের করো।

নতুন শিখলাম: লোকশিল্প, লোকশিল্পী, উপকরণ।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...