আমাদের বাংলাদেশের গ্রামে-গঞ্জে বিভিন্ন উপলক্ষ্যে মেলা বসে। শহরেও আজকাল এমন মেলার আয়োজন হয়। তোমরা নিশ্চয়ই কখনো না কখনো এমন মেলায় গিয়েছ। যেমন- বাংলা নববর্ষে বৈশাখী মেলা কিংবা পৌষ সংক্রান্তির মেলা। এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন উৎসব যেমন- ঈদ, পূজা, মহররম, রথযাত্রা ইত্যাদি উপলক্ষ্যেও মেলার আয়োজন করা হয়। এসব মেলাতে অন্যান্য সামগ্রীর সাথে আকর্ষণীয় উজ্জ্বল রঙের এর বিভিন্ন পুতুল, পাট, বাঁশ, বেত ও কাঠের তৈরি বিভিন্ন আসবাব ও খেলনা, মাটির তৈরি বিভিন্ন পাত্র ইত্যাদি কিনতে পাওয়া যায়। খেলনাগুলো তৈরি হয় কাঠ অথবা মাটি দিয়ে। মাটি টিপে টিপে নানারকম হাতি, ঘোড়া, মানুষ ও পুতুল বানানো হয়। কাঠের ছোট-বড় হাতি, ঘোড়া ও মানুষের পুতুলও তৈরি করা হয়। তারপর এই মাটি ও কাঠের তৈরি খেলনা ও পুতুলগুলোকে উজ্জ্বল লাল, নীল, হলুদ, কমলা, সবুজ, কালো ইত্যাদি নানা রঙে খুবই আকর্ষণীয় করে রং করা হয়।

হাতি, ঘোড়া কাঠের পাটাতনের উপর বসিয়ে নিচে চারটি চাকা লাগিয়ে দেয়া হয়, যাতে এগুলো খেলনা হিসেবেও ব্যবহার করা যায়। এছাড়াও পাট দিয়ে বিভিন্ন রকম শিকা, ফ্লোরম্যাট, টেবিলম্যাট ইত্যাদি তৈরি করে রং করা হয়। বাংলার গ্রামের মেয়েরা তাদের অবসর সময়ে খুব যত্ন করে রঙিন সুতার সেলাই দিয়ে মনোরম নকশা বা বিভিন্ন ছবির মাধ্যমে এক ধরনের কাঁথা তৈরি করে। যার নাম নকশিকাঁথা। তাদের জীবনের সুখ-দুঃখের গল্প মিশে থাকে সেসব ছবিতে। এসব পুতুল, পাত্র, খেলনা ও নকশিকাঁথা বাংলাদেশের উল্লেখযোগ্য লোকশিল্প। এছাড়াও শখের হাঁড়ি, লক্ষ্মীসরা, পটচিত্র, পুথিচিত্র, পিঁড়িচিত্র, দেয়ালচিত্র, নকশি পাখা, নকশি পিঠা, পোড়ামাটির ফলকচিত্র- এগুলো সবই বাংলাদেশের লোকশিল্প নামে পরিচিত।
বিভিন্ন ব্রত, অনুষ্ঠানে ও পূজায় ঘরে এবং উঠানে আলপনা আঁকা বাংলাদেশের এক অতি প্রাচীন রীতি। এটিও বাংলার লোকশিল্প। এখন বিয়ে, গায়ে হলুদ, একুশে ফেব্রুয়ারিতে শহিদ মিনার প্রাঙ্গণে বা রাস্তায় যে আলপনা আঁকা হয় তা সেই প্রাচীন লোকরীতিরই ধারাবাহিকতা।

যেমন- নকশি পিঠা, নকশি পাখা, পাটের শিকা, শখের হাঁড়ি ইত্যাদি।
মাটি, পুরোনো কাপড়, কাঠ, বাঁশ, বেত, শোলা, তাল ও খেজুর পাতা প্রভৃতি সাধারণ উপকরণে তৈরি হয় লোকশিল্প। অতি সাধারণ হলদি, খড়িমাটি, নীল আবীর, সিঁদুর, কাঠকয়লা প্রভৃতি রং দিয়েই তৈরি হয় এই শিল্প। এ সমস্ত লোকশিল্প তৈরি করতে নকশা হিসেবে একই চিত্রের বারবার ব্যবহার করা হয়। এই বারবার ব্যবহার করা চিত্রকে বলা হয় মোটিফ বা মুদ্রা। বাংলাদেশের লোকশিল্পে বহুল ব্যবহৃত মোটিফ হচ্ছে-পদ্ম, কলকা, চন্দ্র, সূর্য, হাতি, পাখি, পানপাতা ইত্যাদি। হাজার হাজার বছর ধরে এ শিল্প মিশে আছে আমাদের জীবনে। দেশের বাইরেও আমাদের জাতির নিজস্ব সংস্কৃতির পরিচয় বহন করে আমাদের লোকশিল্প।

| কাজ: ১. পাঁচ-ছয়জনের দল তৈরি করে প্রতিদল এই পাঠের মধ্যে যেসব লোকশিল্পের নাম উল্লেখ করা হয়েছে তার তালিকা করো। দেখা যাক, কোন দল সবচেয়ে বেশি লোকশিল্পের নাম লিখতে পারে। ২. যেকোনো দুটি মোটিফ দিয়ে একটি নকশা অঙ্কন করো। |
নতুন শিখলাম: শিল্পধারা, নকশিকাঁথা, উপকরণ, মোটিফ।