অ্যাপ্লিকেশন সফটওয়্যার (পাঠ ৮)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

516

তোমরা যারা আগের পাঠগুলো পড়ে এসেছ, তারা সবাই এরই মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কী বোঝানো হয় সেটা জেনে গেছ। আমরা আগেই বলেছি, কম্পিউটার দিয়ে কী কী কাজ করা সম্ভব সেটা নির্ভর করে আমাদের সৃজনশীলতার ওপর। আমরা যেকোনো একটা কাজ খুঁজে বের করে সেটা করার জন্যে একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলতে পারি।
অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার দু'ধরনের: ১। প্যাকেজ সফটওয়্যার ২। কাস্টমাইজড সফটওয়্যার
যে কাজগুলো প্রায় সবারই করতে হয়, সেগুলোর জন্যে আলাদাভাবে অনেকেই অ্যাপ্লিকেশান সফটওয়‍্যার তৈরি করে ফেলে। যেমন, লেখালেখির অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার-এটাকে বলে ওয়ার্ড প্রসেসর। এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড প্রসেসর তৈরি হয়েছে। ঠিক সেরকম ছবি আঁকার জন্যে, গান শোনার জন্যে, ভিডিও দেখার জন্যে, নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্যে, ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্যে আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই ধরনের সফটওয়‍্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি, টেলিভিশন, ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে, ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রয় করে টাকা উপার্জন করে। তোমরা শুনে হয়ত অবাক হবে সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষদের অনেকেই প্যাকেজ সফটওয়্যার বিক্রি করে ধনী হয়েছে।
আমরা একটু আগে বলেছি, সব ধরনের কাজের জন্যেই কোনো না কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আছে। তাহলে কি সফটওয়্যার তৈরি করার সফটওয়‍্যার আছে? অবশ্যই আছে, আমরা তোমাদের আগেই বলেছি তোমরা যখন আরেকটু বড়ো হয়ে প্রোগ্রামিং করা শিখবে, তখন তোমরা ইচ্ছে করলে সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে নানা ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করতে পারবে! একটা বিশেষ কাজের জন্যে যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয়, তখন তাকে বলে কাস্টমাইজড সফটওয়্যার।
অপারেটিং সিস্টেম যেন পৃথিবীর মানুষ বিনামূল্যে পেতে পারে সেজন্যে যেরকম পৃথিবীর বড়ো বড়ো কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম তৈরি করেছেন ঠিক সেরকম নানা ধরনের প্যাকেজ সফটওয়‍্যারও সেভাবে তৈরি করা হয়েছে। প্রায় বিনামূল্যে তোমরা এই সফটওয়‍্যারগুলো পেতে পার এবং ব্যবহার করতে পার।
সারা পৃথিবীজুড়ে বিজ্ঞানীরা প্রায় বিনামূল্যে সবার কাছে সব ধরনের সফটওয়্যার পৌঁছে দেওয়ার জন্যে চেষ্টা করে যাচ্ছেন। বড়ো হয়ে তোমরাও হয়ত এই ধরনের আন্দোলনে যোগ দেবে!
বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করার সময় মনিটরের দৃশ্য:

ছবি আঁকার সফটওয়‍্যার

গেম খেলার সফটওয়‍্যার

কাজ

  • কী কী কাজ করার জন্যে অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার তৈরি করা সম্ভব তার একটা তালিকা কর।
  • তালিকাটিতে দশটি অ্যাপ্লিকেশন সফটওয়‍্যারের নাম লেখার জন্য শ্রেণির সবাই মিলে চেষ্টা কর।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...