আমরা দেখেছি ইন্টারনেট হচ্ছে নেটওয়ার্কের নেটওয়ার্ক। আর এভাবে অসংখ্য কম্পিউটার একটা আরেকটার সাথে যোগাযোগ করতে পারে। যখন কম্পিউটারের সাথে কম্পিউটারের যোগাযোগ হয়ে যায় তখন সবাই নানাভাবে সেই সুযোগটা গ্রহণ করতে চায়। সবচেয়ে সহজ সুযোগ হচ্ছে নিজের তথ্য অন্যের সামনে তুলে ধরা। আর সেটা করার জন্য যে ব্যবস্থাটা নেওয়া হয়, তাকে বলে ওয়েবসাইট। কেউ যদি কারও কাছ থেকে তথ্য নিতে চায়, তাহলে তার ওয়েবসাইটে যেতে হয়। সেখানে সব তথ্য সাজানো থাকে।
যেরকম একটা বিশ্ববিদ্যালয় তাদের বিভাগগুলোর নাম লিখে দেয়, ভর্তি হতে হলে কী করতে হয় লিখে দেয়, শিক্ষকদের নাম, তারা কী নিয়ে গবেষণা করেন সেগুলোও লিখে দেয়।
যারা ওয়েবসাইট তৈরি করে তারা চেষ্টা করে যেন প্রয়োজনীয় সব তথ্য খুব সুন্দরভাবে সাজানো থাকে। সেখান থেকে তথ্য যেন সহজে নেওয়া যায়। তোমরা ইচ্ছে করলে খবরের কাগজের ওয়েবসাইটে গিয়ে খবর পড়তে পারবে, সংগীতের ওয়েবসাইটে গিয়ে গান শুনতে পারবে, ছবির ওয়েবসাইটে গিয়ে ছবি দেখতে পারবে।
যারা ব্যবসা করে তারা তাদের পণ্যগুলোর তথ্য ওয়েবসাইটে দিয়ে দেয়। প্রতিষ্ঠানগুলো তাদের প্রতিষ্ঠানের খবর দেয়। আজকাল ওয়েবসাইট থেকে জিনিসপত্র কেনাবেচা করা যায়। প্রত্যেকটা ওয়েবসাইটের একটা সহজ নাম থাকে, তোমরা সেই নাম দিয়ে ওয়েবসাইটকে খুঁজে বের করতে পারবে। ওয়েবসাইটকে যেন সহজে খুঁজে বের করা যায়, সেজন্যেও ব্যবস্থা করা হয়েছে। বিশেষ ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার তোমার জন্যে সেই কাজ করে দেবে। তার নাম হচ্ছে সার্চ ইঞ্জিন। আমরা পরের পাঠে সেটা সম্পর্কে আরও ভালো করে জানব।


| কাজ মনে কর, তোমরা তোমাদের স্কুলের একটা ওয়েবসাইট তৈরি করতে চাও। তাহলে সেখানে কী কী তথ্য রাখতে চাও? চার-পাঁচজনের দলে ভাগ হয়ে একটি তালিকা তৈরি করে শ্রেণিতে উপস্থাপন কর। |
Read more