সফটওয়্যার (পাঠ ৭)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

301

ইনপুট, আউটপুট, মেমোরি এবং প্রসেসর এর সবই হচ্ছে যন্ত্রপাতি বা হার্ডওয়‍্যার। কম্পিউটারে এই যন্ত্রপাতিগুলো সফটওয়‍্যারের সাহায্যে সচল এবং অর্থপূর্ণ হয়ে ওঠে। এই পাঠে আমরা সেগুলো একটু আলোচনা করব।
খুব সাধারণভাবে কম্পিউটারের সফটওয়‍্যারকে দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগের কথা আমরা আগেই আলোচনা করেছি। আমরা বলেছি, আমরা কম্পিউটার দিয়ে লিখতে পারি, ছবি আঁকতে পারি, গান শুনতে পারি, ইন্টারনেটে ঘুরে বেড়াতে পারি এবং এরকম আরও অসংখ্য কাজ বা অ্যাপ্লিকেশন করতে পারি, তাই এই ধরনের সফটওয়্যারকে বলে অ্যাপ্লিকেশন সফটওয়্যার।
কিন্তু এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে সোজাসুজি একটা কম্পিউটারে ব্যবহার করা যায় না। কম্পিউটারে যদি সেগুলো ব্যবহার করতে হয়, তাহলে কম্পিউটারকে আগে অন্য একটা সফটওয়‍্যার দিয়ে সচল করে রাখতে হয়। সেই সফটওয়‍্যারের নাম হচ্ছে অপারেটিং সিস্টেম সফটওয়্যার বা সংক্ষেপে অপারেটিং সিস্টেম বা আরও সংক্ষেপে ওএস (OS)। একটা কম্পিউটারকে যখন প্রথম সুইচ টিপে অন করা হয়, সাথে সাথে অপারেটিং সিস্টেম তার কাজ শুরু করে দেয়। সে কম্পিউটারের সব যন্ত্রপাতি পরীক্ষা করে দেখে, সব যন্ত্রপাতিকে একটির সাথে আরেকটির যোগাযোগ করিয়ে দেয়, ইনপুট আউটপুটকে সচল করে। কম্পিউটারে যদি কিছু তথ্য জমা রাখতে হয় সেগুলো জমা রাখার ব্যবস্থা করে ইত্যাদি।


কাজেই অপারেটিং সিস্টেম একটা কম্পিউটারকে সচল করে রাখে, ব্যবহারের উপযোগী করে রাখে অপারেটিং সিস্টেম কম্পিউটারের অনেক কাজকে ব্যবহারের জন্য প্রস্তুত রাখে; যেন অ্যাপ্লিকেশন সফটওয়‍্যার সেগুলোকে ব্যবহার করতে পারে।

বড় বড় সুপার কম্পিউটারের নিজস্ব অপারেটিং সিস্টেম রয়েছে। আমাদের পরিচিত যে পিসি বা পারসোনাল কম্পিউটার রয়েছে, সেগুলোর অপারেটিং সিস্টেমগুলোর নাম হচ্ছে উইন্ডোজ, ম্যাক, ইউনিক্স ইত্যাদি। কম্পিউটারের হার্ডওয়্যার যেরকম টাকা দিয়ে কিনতে হয়, অপারেটিং সিস্টেমও কিন্তু সেভাবে টাকা দিয়ে কিনতে হয় এবং এগুলো যথেষ্ট মূল্যবান। পৃথিবীর অনেক কম্পিউটার বিজ্ঞানীরা মিলে তাই এক ধরনের মুক্ত অপারেটিং সিস্টেম তৈরি করেছেন, যেগুলো বিনামূল্যে পাওয়া যায়। বিনামূল্যে পাওয়া যায় বলে তোমরা কিন্তু মনে কোরো না সেগুলো কার্যকর নয়। সেগুলো অত্যন্ত চমৎকার অপারেটিং সিস্টেম। এরকম একটি মুক্ত অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স, যেটা পৃথিবীজুড়ে অত্যন্ত জনপ্রিয় অপারেটিং সিস্টেম!

উইন্ডোজ, ম্যাক এবং মুক্ত সফটওয়‍্যার লিনাক্সের স্ক্রিন ব্যবহার করার মধ্যে কোনো বড়ো ধরনের পার্থক্য নেই। স্মাট ফোন, ট্যাবলেট এবং প্যাডের জন্য বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম যেমন এ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, ক্রমওএস এবং কাইওএস ব্যবহার করা হয়।

কাজ
অনেক টাকা দিয়ে উইন্ডোজ সফটওয়‍্যার কেনা ভালো, নাকি না কিনে বেআইনিভাবে উইন্ডোজ সফটওয়‍্যার জোগার করে সেটা ব্যবহার করা ভালো, নাকি বিনামূল্যের লিনাক্স সফটওয়্যার ব্যবহার করা ভালো, সেটা নিয়ে নিজেদের মধ্যে তিনটি দলে ভাগ হয়ে বিতর্ক কর।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...