আগের পাঠগুলোতে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কোথায় কোথায় ব্যবহার করা যায়, তার অনেকগুলো উদাহরণ দিয়েছি। শুধু তাই নয়, তোমাদের মনে করিয়ে দেওয়া হয়েছে যে, এই উদাহরণগুলোই কিন্তু সব উদাহরণ নয়। এগুলো ছাড়াও আরও অনেক উদাহরণ আছে যার কথা বলা হয়নি। এই পাঠে তোমাদের সাথে ভিন্ন একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে, সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। আগের পাঠগুলো যারা মন দিয়ে পড়েছে তারা নিশ্চয়ই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্বের ব্যাপারটা নিজেরাই অনুমান করে ফেলছে। যে প্রযুক্তির এতগুলো ব্যবহার রয়েছে সেটা যদি গুরুত্বপূর্ণ না হয় তাহলে কোনটা গুরুত্বপূর্ণ হবে? শুধু যে অনেকগুলো ব্যবহার রয়েছে তা নয়, প্রত্যেকটা ব্যবহারের বেলাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কিন্তু পুরো ক্ষেত্রটাকেই সম্পূর্ণ নতুন একটা রূপ দিয়ে ফেলতে পারে। সত্যি কথা বলতে কি পৃথিবীটা এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যে, আমরা যদি আমাদের জীবনের কাজকর্মগুলো তথ্য আর যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে না করি, তাহলে আমরা অনেক পিছিয়ে পড়ব। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা আমাদের জীবনটাকে অনেক সহজ করে ফেলতে পারি। আগে যে কাজ করতে দিনের পর দিন লেগে যেত, যে কাজগুলো ছিল নিরস, আনন্দহীন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে সে কাজগুলো আমরা চোখের পলকে করে ফেলতে পারি। বাড়তি সময়টুকু আমরা আনন্দে কাটাতে পারি। তাই এই যুগের মানুষ অনেক বেশি কর্মদক্ষ, অনেক কম সময়ে তারা অনেক বেশি কাজ করে ফেলতে পারে ।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে আমরা যে শুধুমাত্র আমাদের নিজের জীবনটাকে সহজ করতে পারি তা নয়, আমরা কিন্তু আমাদের দেশটাকেও পাল্টে ফেলতে পারি। একসময় মনে করা হতো তেলের খনি, লোহার খনি বা সোনা রূপার খনি কিংবা বড়ো বড়ো কলকারখানা হচ্ছে পৃথিবীর সম্পদ। তাই যে দেশে এগুলো বেশি তারা হচ্ছে সম্পদশালী দেশ। এখন কিন্তু এই ধারণাটা পুরোপুরি পাল্টে গেছে। এখন মনে করা হয় জ্ঞান হচ্ছে পৃথিবীর সম্পদ, আর যে দেশের মানুষজন লেখাপড়া শিখে শিক্ষিত, যারা জ্ঞানচর্চা করে সেই দেশ হচ্ছে সম্পদশালী দেশ। তথ্যের চর্চা আর বিশ্লেষণ থেকে জ্ঞান জন্ম নেয়। তাই যে দেশ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে তথ্যকে সংগ্রহ করতে পারে, বিশ্লেষণ করতে পারে সেই দেশ হচ্ছে পৃথিবীর সম্পদশালী দেশ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শেখার দরজা সবার জন্য খোলা, তাই আমরা যত তাড়াতাড়ি এই প্রযুক্তি শিখে নিতে পারব, তত তাড়াতাড়ি আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব এবং দেশকে সম্পদশালী করে গড়ে তুলতে পারব।

Read more