অবস্থানগত সুবিধার ভিত্তিতে পৃথিবীতে অনেক আঞ্চলিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে। আমরা এ পাঠে উল্লেখযোগ্য কয়েকটি আঞ্চলিক সহযোগিতা সংস্থার কার্যক্রম সম্পর্কে জানব।
সার্ক (SAARC)
বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করেছে সার্ক। সংস্থাটির পুরো নাম-South Asian Association for Regional Cooperation (SAARC)।
বাংলায় বলা যায়-দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা। বাংলাদেশের উদ্যোগে ১৯৮৫ সালের ডিসেম্বর মাসে সার্ক গঠিত হয়। বাংলাদেশ ছাড়া সার্কের অন্য সদস্য দেশগুলো হলো- ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান। এছাড়া বর্তমানে মিয়ানমার পর্যবেক্ষক হিসাবে এ সংস্থার সাথে যুক্ত হয়েছে। সংস্থাটির মূল লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তিসহ উন্নয়নের সর্বক্ষেত্রেই বিস্তৃত। সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অবস্থিত।
সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
- সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা।
- দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য।
- কল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থা চালু করা।
- সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা।
- উক্ত অঞ্চলে সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়ন সাধনের লক্ষ্যে কাজ করা।
- সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা।
আসিয়ান (ASEAN)
দক্ষিণ-পূর্ব এশিয়ার দশটি দেশ নিয়ে ১৯৬৭ সালের ৮ই আগস্ট গঠিত হয় আসিয়ান। সংস্থাটির পুরো নাম-Association of South-East Asian Nations (ASEAN)। বাংলায় বলা হয়-দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। এর সদস্যদের মধ্যে রয়েছে- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, লাওস, মিয়ানমার, সিঙ্গাপুর। আসিয়ানের সদর দপ্তর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
আসিয়ান গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য
- সম্মিলিত উদ্যোগে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে কাজ করা।
- উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা।
- সদস্য রাষ্ট্রগুলোর সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে সৌহার্দ ও সহযোগিতামূলক সম্পর্কের ভিত্তিতে কাজ করা।
- পেশাগত ও কারিগরি ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রশিক্ষণ ও গবেষণার ব্যবস্থা করা।
- সদস্য রাষ্ট্রগুলোর কৃষি ও শিল্পক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারিত করা ইত্যাদি।
| কাজ - ১: এশিয়ার মানচিত্রে আসিয়ান ও সার্কভুক্ত দেশগুলো দেখাও। কাজ-২: সার্ক কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত কর। কাজ-৩: আসিয়ান কোন কোন কাজগুলো করতে পারে তার একটি তালিকা প্রস্তুত কর। |