প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা (পাঠ-৬)

বাংলাদেশের ইতিহাস - বাংলাদেশ ও বিশ্বপরিচয় - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

2k

প্রাচীন বাংলার ভাষা, সাহিত্য ও শিক্ষা

ভাষা ও সাহিত্য

বাংলার নানা স্থান থেকে পাথর ও তামার পাতে খোদাই করে লিখিত লিপি পাওয়া গিয়েছে। বগুড়ার মহাস্থানগড় থেকে প্রাপ্ত কালো পাথরে খোদাইকৃত লিপিটি এর মধ্যে প্রাচীনতম। গুপ্ত, পাল ও সেন যুগেরও প্রচুর লিপি পাওয়া গিয়েছে। দক্ষিণ-পূর্ব বাংলার শাসকদের জারিকৃত লিপির সংখ্যাও অনেক। এই লিপিগুলো থেকে প্রাচীন বাংলার ভাষা ও বর্ণমালা সম্পর্কে ধারণা পাওয়া যায়। পালযুগের ঘটনা নিয়ে কবি সন্ধ্যাকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত 'রামচরিত' কাব্যগ্রন্থ। এর পাশাপাশি পাল আমলে আরও রচনা করা হয়েছিল চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসাবে স্বীকৃত। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' রচনা করেন।

শিক্ষা

পাল যুগের আগে বাংলার শিক্ষা সম্পর্কে খুব বেশি জানা যায় না। এই সময়ে শিক্ষার ব্যাপক বিস্তার দেখে অনুমান করা যায় মৌর্য ও গুপ্ত যুগেও শিক্ষার প্রচলন ছিল। বাংলা থেকে পাল যুগের অনেক বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষ আবিষ্কার করা হয়েছে। বিহারগুলো ছিল বড়ো পরিসরের শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু। আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগের আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়-এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাক্সণ, জ্যোতিষশাস্ত্রসহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। এসব আলোচনা থেকে বোঝা যায় শিক্ষার ক্ষেত্রে প্রাচীন বাংলার মানুষ বিশ্বের অনেক দেশের চেয়ে এগিয়ে ছিল।

কাজ: পাল ও সেন যুগের সাহিত্যকর্মগুলোর একটি তালিকা প্রস্তুত কর।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...