কথায় বলে একটা ছবি একশ কথার সমান। এই পাঠে আমরা সেই কথাটি সত্যি না মিথ্যা সেটা দেখার চেষ্টা করব। ওয়ার্ড প্রসেসর দিয়ে কী কী করা যায়? কেন এটা গুরুত্বপূর্ণ? সেসব কিছু না বলে তোমাদের দুটি ছবি দেখানো হচ্ছে। একটা ছবিতে আছে হাতে লেখা একটি পৃষ্ঠা। সেই একই পৃষ্ঠাটি ওয়ার্ড প্রসেসরে টাইপ করে তোমাদের দেখানো হলো। তোমরা দুটি পৃষ্ঠাই ভালো করে লক্ষ করে নিজেরাই আবিষ্কার কর ওয়ার্ড প্রসেসর দিয়ে কী কী করা যায়।

ওয়ার্ড প্রসেসরে লেখাটির নতুন রূপ
সড়ক দুর্ঘটনা: একটি অভিশাপ
(Road Accident: A Curse)
আমাদের দেশে সড়ক দুর্ঘটনা একটি অভিশাপের মতো। খবরের কাগজে যখন আমরা দুর্ঘটনার খবর পড়ি, তখন মানুষগুলোকে চিনি না বলে তাদের আপনজনের দুঃখটা আমরা সব সময় বুঝতে পারি না। শুধু যে মনে দুঃখ পায় তা নয়, অনেক সময় পরিবারের যে মানুষটি রোজগার করত, হয়তো সেই মানুষটি দুর্ঘটনায় মারা যায় বলে পুরো পরিবারটিই পথে বসে যায়। দুর্ঘটনায় যারা আহত হয় তাদের চিকিৎসা করতে গিয়ে অনেক পরিবার সর্বস্বান্ত হয়ে যায়।

সড়ক দুর্ঘটনা কমানোর জন্যে আমাদের সবারই একটা দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো এভাবে লেখা যায়:
| ক্রমিক নং | সংশ্লিষ্ট মানুষ | দায়িত্ব |
| ১ | পথচারী | রাস্তা পার হওয়ার সময় দুই পাশে দেখে পার হবে। সবসময় ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হবে। |
| ২ | যাত্রী | গাড়ির ছাদে ভ্রমণ করবে না। ড্রাইভার ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালালে তাকে সতর্ক করে দেবে। |
| ৩ | ড্রাইভার | সঠিক ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালাবে না। ড্রাইভিংয়ের সমস্ত নিয়ম মেনে গাড়ি চালাবে। |
| ৪ | গাড়ির মালিক | যেসব গাড়ি চলাচলের উপযোগী নয়, সেগুলো পথে নামাবে না। |
| ৫ | পুলিশ | সঠিকভাবে আইন প্রয়োগ করবে। |
| ৬ | মিডিয়া | গণসচেতনতা তৈরি করবে। |
সড়ক দুর্ঘটনার অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে। একেবারে ছোট থেকে আমরা সতর্ক থাকব, যেন আমাদের পরিচিত আর কাউকে সড়ক দুর্ঘটনায় মারা যেতে না হয়।