প্রসেসর ও মাদারবোর্ড (পাঠ ৫)

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংশ্লিষ্ট যন্ত্রপাতি - তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

1.4k

কম্পিউটারের প্রত্যেকটা অংশই খুব গুরুত্বপূর্ণ, তার যেকোনো একটা অংশ না থাকলেই কম্পিউটার আর ব্যবহার করা যাবে না। তারপরও যে অংশটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে প্রসেসর। আমরা আগেই বলেছি, কম্পিউটারের প্রসেসর মেমোরি থেকে তথ্য দেওয়া-নেওয়া করে এবং সেগুলো প্রক্রিয়া করে। মেমোরির মতো প্রসেসরও কম্পিউটারের ভেতরে থাকে বলে আমরা সাধারণত সেটা দেখতে পাই না। কিন্তু যদি আমরা একটা কম্পিউটারকে খুলে দেখি তাহলে সেটা আমাদের আলাদাভাবে চোখে পড়বেই!
আমরা যদি একটা কম্পিউটারকে খুলে ফেলি তাহলে সাধারণত একটা বোর্ডকে দেখতে পাব যেখানে অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো আছে। এই বোর্ডটার নাম মাদারবোর্ড এবং এটি কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। মা যেভাবে সবাইকে বুকে আগলে রাখে, এই বোর্ডটাও কম্পিউটারের সবকিছু সেভাবে বুকে আগলে রাখে। তাই এর নাম দেওয়া হয়েছে মাদারবোর্ড। একে মেইন সার্কিট বোর্ড, সিস্টেম বোর্ড বা লজিক বোর্ডও বলে। মাদারবোর্ডের ডিভাইসগুলোর মাঝে আমরা দেখতে পাব একটা বেশ বড়ো ডিভাইস। সেটাই প্রসেসর। যার উপর রীতিমতো একটা ফ্যান লাগানো থাকে।

প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাবনিকাশ করে বলে প্রসেসরের মধ্য দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় আর সেটা এত গরম হয়ে ওঠে যে একে আলাদাভাবে ফ্যান দিয়ে ঠান্ডা না করলে সেটা জ্বলে পুড়ে যেতে পারে!

মাদারবোর্ডে যেসব ইলেকট্রনিক্স খুঁটিনাটি আছে তার মধ্যে সবচেয়ে বড়ো ও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রসেসর। বিশ্বের কয়েকটি প্রতিষ্ঠান প্রসেসর তৈরি করে। যেমন-ইনটেল, এএমডি, এনভিডিয়া, মটোরোলা, এআরএম, আলতেরা ইত্যাদি।

কাজ
প্রসেসর অনেক গরম হয় বলে সেটাকে ফ্যান দিয়ে ঠান্ডা করতে হয়। সুপার কম্পিউটারে হাজার হাজার প্রসেসর থাকে, সেটাকে শুধু ফ্যান দিয়ে ঠান্ডা করা যায় না-সেটাকে কীভাবে ঠান্ডা করা যায় সেটা নিয়ে তোমার নিজের একটা সমাধান দাও
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...