কাজে সফলতা ও আত্মবিশ্বাস (পাঠ ১৩)

কর্ম ও মানবিকতা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

437

কাজের সফলতা অনেকাংশে নির্ভর করে আত্মবিশ্বাসের উপর। ষষ্ঠ শ্রেণিতে আমরা শিখেছি আত্মবিশ্বাস হলো নিজের প্রতি বিশ্বাস। তবে সে বিশ্বাস কিন্তু অতি বিশ্বাস নয়। কাজে আত্মবিশ্বাস থাকলে আমরা যে কোনো কাজ যথাযথভাবে সম্পন্ন করতে পারি। আত্মবিশ্বাস কীভাবে মানুষের কাজে সফলতা আনে তার বহু নজির আমরা ইতিহাসে দেখতে পাই।

তোমরা কি রবার্ট ব্রুসের কাহিনি জানো? তিনি খুব ভালো একজন যোদ্ধা এবং যোগ্য রাজা ছিলেন। শত্রুরা ষড়যন্ত্র করে তাঁর রাজ্য থেকে তাঁকে বিতাড়িত করে। তিনি স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে তাঁর শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পর পর পাঁচবার যুদ্ধে তিনি তার শত্রুদের কাছে পরাজিত হন। পঞ্চম যুদ্ধে পরাজিত হলে তাঁর আশা ভরসা একেবারে শেষ হয়ে যায়। শত্রুদের হাত থেকে বাঁচতে তিনি আশ্রয় নিলেন এক গুহার ভেতর। সেখানে এক মাকড়সা তাকে নতুন করে যুদ্ধ করার আত্মবিশ্বাস এনে দিলো। তিনি দেখলেন একটি মাকড়সা বার বার পড়ে গেলেও শেষ পর্যন্ত প্রবল চেষ্টায় দেয়ালে উঠতে পারল এবং তার জাল বোনা শেষ করল। এ ঘটনা ব্রুসের মনে প্রবল আত্মবিশ্বাস এনে দিল। তিনি অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করলেন এবং তাঁর শত্রুদের পরাজিত করলেন। তাঁর এ বিজয় সম্ভব হয়েছিল প্রবল আত্মবিশ্বাসের কারণে।

ইতিহাসে আছে যে, ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি মাত্র ১৭জন অগ্রবর্তী সৈন্য নিয়ে নবদ্বীপ (বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি শহর) জয় করেছিলেন। নদীয়ার বিশাল সৈন্য বাহিনীর বিরুদ্ধে কেউই তখন লড়তে সাহস পেতো না। খলজির অভিনব রণকৌশল, অসম সাহস আর প্রবল আত্মবিশ্বাসের জোরেই সম্ভব হয়েছিল সে বিজয়। রণকৌশল আর যত সাহসই থাক, আত্মবিশ্বাস না থাকলে কিন্তু কিছুই সম্ভব হতো না।

সবুজ গ্রামের দরিদ্র কৃষকের সন্তান। তার খুবই পড়াশোনা করতে ইচ্ছা করে। কিন্তু তারা বেশ গরিব প্রায়ই রহিমের মনে হয়, আর বেশি দিন হয়তো স্কুলে যাওয়া হবে না। এ কথা ভাবতেই বুক ভেঙে কান্না আসে তার। একদিন শিক্ষক বললেন, এবার পরীক্ষায় যে প্রথম হবে তাকে বৃত্তি দেওয়া হবে। সবুজের গৃহশিক্ষক নেই, কোনো বড় ভাই-বোনও নেই। মন কাঁপে দুরুদুরু। তবু সবুজ আত্মবিশ্বাসী

হয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা শুরু করল। কঠোর পরিশ্রমে পড়াশোনা করে ঠিকই সে পরীক্ষায় প্রথম হলো এবং বৃত্তি পেল। সবাই বুঝলো, ভালো ফলাফল করার জন্য গাইড বইয়েরও দরকার নেই, গৃহশিক্ষকেরও দরকার নেই; প্রয়োজন শুধু প্রবল আত্মবিশ্বাস আর কঠোর পরিশ্রম।

এ গল্পগুলো কিন্তু নিছক গল্প নয়, সত্য কাহিনি। এইসব সত্য কাহিনি থেকে আমরা কী বুঝলাম? আমরা বুঝতে পারলাম, কাজে সফলতার জন্য আত্মবিশ্বাস খুবই জরুরি। আত্মবিশ্বাসের বলে বলীয়ান হলে অনেক অসাধ্যও সাধন করা যায়। সফল হতে হলে আত্মবিশ্বাসের কোনো বিকল্প নেই।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...