সাংবাদিক জুঁই!
ছোটোবেলা থেকেই জুঁই এর সবচেয়ে পছন্দের কাজ ছিল টিভিতে সংবাদ দেখা। দেশ বিদেশের খবর জানতে তার খুবই ভালো লাগে। ঘরে বসেই কতো না খবরাখবর জানা যায়। এজন্যই ছোটোবেলা থেকেই তার ইচ্ছা সাংবাদিকতাকে পেশা হিসেবে নেওয়া। তার ইচ্ছা তিনি মানুষের কাছে সংবাদ পৌঁছে দিবেন। এজন্য তিনি প্রথম থেকেই পরিকল্পনা করেছেন ভবিষ্যতে তিনি কোন শাখায় পড়বেন, কোন বিষয়ে পড়বেন। তিনি মানবিক শাখা নির্বাচন করেছিলেন। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ে 'সাংবাদিকতা' বিষয় বেছে নেন পড়ার জন্য। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি দেখেছেন অনেকেই না বুঝে পড়া মুখস্থ করে। কিন্তু তিনি বরাবরই বুঝে পড়তেন। তাতে তিনি পড়ায় আনন্দও খুঁজে পেতেন। আজ তিনি বিখ্যাত সাংবাদিক। সবাই তাকে চেনে, শ্রদ্ধা করে। তিনি বিভিন্ন জায়গা থেকে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ করেন এবং তা খুব চমৎকারভাবে সরাসরি টিভিতে সম্প্রচার করা হয়।
তার বন্ধু শিলুও সাংবাদিক। তিনি একদিন জুঁইকে ফোন করে বললেন, নারে, তুইই ঠিক কাজ করেছিলি। আমি না বুঝে মুখস্থ করেছি। যা পড়েছি তা এখন কাজে লাগাতে পারছি না। চেষ্টা করেও এখন ভালো সাংবাদিক হতে পারছি না। মনে মনে বলি, 'তখন যদি জুঁই এর মতো মনোযোগ দিয়ে বুঝে পড়ার চেষ্টা করতাম!'

জোড়ায় কাজ
- এসো আমরা পাশাপাশি দুজনে মিলে প্রথমে উপরের গল্পটি পড়ি। এবারে নিচের ধারণাচিত্রটি প্রয়োজনীয় ধারণা/শব্দ বসিয়ে খাতায় পূরণ করি।
জুঁই এর শিক্ষা জীবন ও পেশায় প্রবেশের ধাপ

- এসো বন্ধুর সাথে আলোচনা করি: জুঁই এর শিক্ষা জীবনের চর্চা কীভাবে তার পেশাগত সফলতাকে প্রভাবিত করেছে?
মানুষ জীবনযাপন, আত্মমর্যাদাবোধ, দক্ষতা উন্নয়ন, আত্মতৃপ্তি ইত্যাদির জন্য বিভিন্ন পেশা বা বৃত্তি বেছে নেয়। যেমন: কেউ শিক্ষকতা করেন, কেউ হন স্থপতি। তাঁরা বিভিন্ন দালানকোঠা ও অন্যান্য জিনিসের নকশা করেন। কেউ হন কাঠ মিস্ত্রি, যিনি কাঠ দিয়ে বিভিন্ন জিনিস বানান। এই যে একেক জন মানুষের একেক পেশা বা বৃত্তি, তাদের এই কাজগুলো করার জন্য দরকার হয় সেই বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা। যেমন: যিনি ইংরেজির শিক্ষক তাকে ইংরেজি ভাষা ভালো করে রপ্ত করতে হবে, জানতে হবে কী কী বিষয় পড়াতে হবে, কীভাবে পড়াতে হবে ইত্যাদি। আবার যিনি স্থপতি তার জানতে হবে কীভাবে ঘর বাড়ির নক্শা তৈরি করা যায়। আসলে সব মানুষের তো আর সব বিষয় জানার দরকার হয় না, এতো কিছু জানা সম্ভবও নয়। তাই সে যে পেশা বা বৃত্তিতে যাবে সেটি ভালোভাবে করার জন্য প্রয়োজনীয় জ্ঞান আর দক্ষতাটি অন্তত তার থাকা প্রয়োজন। বলতে পারো এটি কীভাবে মানুষ অর্জন করতে পারে? পড়াশোনা হলো একটি উপায় যার মধ্য দিয়ে মানুষ বিভিন্ন বিষয় জানতে পারে, বুঝতে পারে, ব্যবহারিক দক্ষতা অর্জন করতে পারে। তাই পড়ালেখা ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা পরস্পর নির্ভরশীল।
Read more