আত্মমর্যাদা বজায় রেখে কাজ করা (পাঠ ১০)

কর্ম ও মানবিকতা - কর্ম ও জীবনমুখী শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

511

মানুষ সৃষ্টির সেরা জীব। মানুষের তাই রয়েছে প্রখর আত্মমর্যাদাবোধ। সমাজে আমরা সবাই মিলেমিশে বাস করি। নানা পেশার মানুষ, নানা বয়সের মানুষ, নানা ধর্ম-নানা জাতের মানুষ। মানুষ হিসেবে আমাদের আত্মমর্যাদাবোধ বজায় রেখে কাজ করা প্রয়োজন।

যারা দুর্নীতি করে, সবাই তাদের খারাপ বলে। যারা ঘুষ খেয়ে অন্যায় কাজে মানুষকে সাহায্য করে তাদের সবাই ঘৃণা করে, মন্দ বলে। যারা আত্মমর্যাদাবান মানুষ তারা অন্যের কাছে ছোটো হতে চায় না, জনসমাজে লজ্জা পেতে চায় না। তাই তারা কখনো অন্যায় কোনো কিছু করে না, মন্দ কাজ এড়িয়ে চলে। যাদের আত্মমর্যাদাবোধ নেই তারাই এসব হীন কাজ করে।

যাদের আত্মমর্যাদা রয়েছে তারা কখনো পরীক্ষায় অন্যের খাতা দেখে লেখে না। কারণ তারা মনে করে অন্যের খাতা দেখে লেখা চুরি করার শামিল। একজন আত্মমর্যাদাবান মানুষ কখনো কিছু চুরি করতে পারে না।

অনেকে মনে করে কায়িক পরিশ্রমের কাজ করা মর্যাদা হানিকর। তারা নিজের কাজ নিজে করতে চায় না। একবার ভেবে দেখো তো, রিকশা চালানো পরিশ্রমের কাজ ভেবে সবাই যদি রিকশা চালানো বন্ধ করে দেয় তাহলে আমাদের কী হবে? আসলে কোনো কাজই মর্যাদা হানিকর নয়। সকল কাজই মর্যাদাপূর্ণ। যারা নিজের কাজ নিজে করে না তারা আসলে আত্মমর্যাদাবান নয়। তোমার খাবার যদি অন্য কেউ খায় তাহলে কি তোমার ক্ষুধা মিটবে?

তোমার ঘুম যদি অন্য কেউ ঘুমায় তবে কি তোমার ক্লান্তি মিটবে? তোমার খাবার যদি তুমিই খাও, তোমার ঘুম যদি তোমাকেই ঘুমাতে হয় তবে তোমার কাজতো তোমারই করা উচিত, তাই না?

এখন বলো দেখি নিচের ছবিতে আত্মমর্যাদার বিষয়গুলো কীভাবে ফুটে উঠেছে?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...