দেবপাল ছিলেন রাজা ধর্মপালের পুত্র এবং পাল বংশের তৃতীয় রাজা। তিনি মুঙ্গেরে (বিহার) রাজধানী স্থাপন করেন।তিনি পাল সাম্রাজ্যের সবচেয়ে বেশি সাম্রাজ্য বিস্তারকারী শাসক। দেবপালের পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় বৌদ্ধ সংস্কৃতির প্রাণকেন্দ্র হয়ে উঠে। দেবপাল আসামকে করদ রাজ্যে পরিনত করেন।
পাল সম্রাট দেবপাল (৮২১–৮৬১ খ্রিস্টাব্দ) দেবপাল ছিলেন পাল বংশের অন্যতম শক্তিশালী এবং শ্রেষ্ঠ দিগ্বিজয়ী শাসক। তাঁর ৪০ বছরের শাসনামল ছিল পাল সাম্রাজ্যের সীমানা বিস্তারের স্বর্ণযুগ। তিনি তাঁর সুযোগ্য সেনাপতি ও মন্ত্রীদের সহায়তায় উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের বিন্ধ্যা পর্বত এবং কামরূপ (আসাম) থেকে ওড়িশা পর্যন্ত সাম্রাজ্যের পরিধি বিস্তৃত করেন। দেবপাল প্রতিহার রাজা রামভদ্র ও মিহির ভোজকে পরাজিত করে পালদের শ্রেষ্ঠত্ব বজায় রাখেন। তিনি কেবল একজন দক্ষ যোদ্ধা ছিলেন না, বরং বৌদ্ধ ধর্মের বিশাল পৃষ্ঠপোষকও ছিলেন। তাঁর সময়ে মগধের রাজগৃহ ও নালন্দায় অনেক বৌদ্ধ মঠ নির্মিত হয়। সুমাত্রা ও জাভার শৈলেন্দ্র বংশীয় রাজা বালপুত্রদেব নালন্দায় একটি মঠ নির্মাণের অনুমতি চাইলে দেবপাল তাঁকে পাঁচটি গ্রাম দান করেন, যা তাঁর আন্তর্জাতিক সুখ্যাতির প্রমাণ দেয়। তাঁর শাসনামলে পাল স্থাপত্য ও ভাস্কর্য শিল্পের ব্যাপক উন্নতি ঘটে, যার ফলে এই সময়কালকে পাল বংশের ইতিহাসের সবচেয়ে গৌরবময় অধ্যায় বলা হয়।