ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের পর পাকিস্তানি শাসকগণ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির উপর আঘাত হানতে থাকে। ভাষা, সংস্কৃতির উপর পাকিস্তানিদের আক্রমণের বিরুদ্ধে শুরু হয় প্রতিবাদ, আন্দোলন, সংগ্রাম। ভাষা আন্দোলন থেকে উন্মেষ ঘটে ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও ভূ-ভিত্তিক ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের। ১৯৪৭ সালে ভারত বিভক্তির মধ্য দিয়ে একরকম বৈরী পরিবেশে আমাদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক মুক্তি তথা স্বাধীনতার লড়াই শুরু হয়।
ইংরেজ রাজত্বের দু'শো বছরের শাসন ও জুলুমের বিরুদ্ধে ভারতবর্ষে কৃষকরাই প্রথম স্বাধীনতার পতাকা উর্ধ্বে তুলে ধরেছিলেন। বাংলাদেশের কৃষকদের বিদ্রোহগুলি এক গৌরবময় ঐতিহ্য সৃষ্টি করেছে। সন্ন্যাসী বিদ্রোহ, ২৪ পরগনা জেলায় তিতুমীর বিদ্রোহ, ফরিদপুর জেলায় দুদু মিয়ার নেতৃত্বে কৃষক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল চাষিদের বিদ্রোহ, ১৭৭৯ সালের চোয়াড় বিদ্রোহ, ১৭৮৩ সালে খাসি বিদ্রোহ, ১৮১৮ সালের নাগা বিদ্রোহ, ১৯৪৬ সালের তেভাগা আন্দোলনে ছিল কৃষকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। আমরা দেখি ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে ১৯৭১-এর স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত প্রতিটি শাসন-শোষণ বিরোধী আন্দোলন-সংগ্রামে বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও মূল জনগোষ্ঠীর পাশাপাশি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে।
বর্তমানে বাংলাদেশে মণিপুরী, মান্দি, খাসি, কোচ, হাজং, ত্রিপুরা, উত্তরবঙ্গের সাঁওতাল, ওরাঁও, মুন্ডা, মাহালীসহ পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবারই কমবেশি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রামের অভিজ্ঞতা রয়েছে। ইতিহাসে এদের অহংকারদীপ্ত এসব সংগ্রামের নানা নামও রয়েছে। যেমন-সাঁওতাল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, হাজং বিদ্রোহ, টংক আন্দোলন প্রভৃতি। এমনকি তেভাগা আন্দোলনেও উত্তরবঙ্গের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ সরাসরি অংশ নিয়েছে। সাঁওতাল বিদ্রোহের সেই বীরনায়ক ভ্রাতৃদ্বয় সিধু ও কানু, মুন্ডা বিদ্রোহের মহানায়ক বীরসা মুন্ডা, টংক আন্দোলনের খ্যাতিমান নারী কুমুদিনী হাজংসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক বীর নারী-পুরুষ ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। আর আমাদের মহান মুক্তিযুদ্ধে বাঙালির পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাও যুদ্ধে অংশগ্রহণ করেছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীরা নির্যাতিতও হয়েছে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারী-পুরুষ সবারই দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে অসামান্য অবদান রয়েছে। এখানে সংক্ষেপে কিছু বিবরণ তুলে ধরা হলো।
| অনুশীলন | |
| কাজ- ১: | ইংরেজদের দুশো বছরের শাসন ও জুলুমের বিরুদ্ধে ভারতবর্ষে প্রথম কারা বিদ্রোহ করে? |
| কাজ- ২: | বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্রিটিশ বিরোধী পাঁচটি আন্দোলনের নাম উল্লেখ করো। |
Read more