জাতকের উৎপত্তি ও গঠনশৈলী (পাঠ ১)

জাতক - বৌদ্ধধর্ম শিক্ষা - সপ্তম শ্রেণি | NCTB BOOK

208

বৌদ্ধধর্ম অনুসারে এক জন্মের কর্মফলে কেউ বুদ্ধ হতে পারেন না। বোধিসত্ত্ব নানারূপে নানাকূলে জন্মগ্রহণ করে দান, শীল, পারমী ইত্যাদি পালনপূর্বক চরিত্রের উৎকর্ষ সাধন করেছিলেন। প্রত্যেকটি জন্মে তিনি হিতকর কর্ম সম্পাদন করেন এবং নিজেকে ক্রমান্বয়ে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে উন্নীত করেছিলেন। বোধিসত্ত্ব পাঁচশ' পঞ্চাশতম জন্মে বোধিজ্ঞান লাভ করে বুদ্ধ হন।

বুদ্ধত্ব লাভ করে তিনি অতীত জন্মসমূহের ঘটনাবলি দেখার সহায়ক জ্ঞানচক্ষু লাভ করেন। তিনি পূর্বজন্মের সব ঘটনা চোখের সামনে দেখতে পেতেন। বুদ্ধত্ব লাভের পর তিনি এই অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হন। তিনি শিষ্যদের ধর্মদেশনা করার সময় কথা প্রসঙ্গে তাঁর অতীত জীবনের বিভিন্ন কাহিনি ও ঘটনাবলি বলতেন। শিষ্যরা মনোযোগ সহকারে কাহিনিগুলো শুনতেন এবং স্মৃতিতে ধারণ করে রাখতেন। পরবর্তীকালে সঙ্গীতির মাধ্যমে এগুলো সংকলিত হয়। এই কাহিনিগুলোই জাতক নামে পরিচিত।

সাধারণ অর্থে 'জাতক' শব্দের অর্থ 'যে জন্মগ্রহণ করেছে'। কিন্তু বৌদ্ধধর্মে জাতক শব্দটি বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে। বৌদ্ধ সাহিত্যে গৌতম বুদ্ধের অতীত জীবনের কাহিনিগুলো জাতক নামে অভিহিত। জাতকের সব কাহিনিই উপদেশমূলক। মানুষকে কুশলকর্ম সম্পাদনে উদ্বুদ্ধ করাই জাতকের উদ্দেশ্য। অতএব বলা যায়, গৌতম বুদ্ধের বোধিসত্ত্বকালীন জন্মকাহিনি থেকে মানুষকে নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার নিমিত্তে জাতকের উৎপত্তি হয়।

জাতকের গঠনশৈলী বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেকটি জাতক প্রধানত তিনটি অংশে বিভক্ত: ক. প্রত্যুৎপন্নবস্তু, খ. অতীত বস্তু বা মূল আখ্যান এবং গ. সমবধান।

প্রতুৎপন্নবস্তু: জাতকের প্রথম অংশের নাম প্রতুৎপন্নবস্তু। একে বর্তমান কথাও বলা হয়। এই অংশে বুদ্ধ কার উদ্দেশ্যে, কী উপলক্ষে কাহিনিটি বলেছিলেন তার বর্ণনা রয়েছে। এই অংশটিকে জাতকের উপক্রমনিকা বা ভূমিকাও বলা হয়।

অতীতবস্তু: জাতকের দ্বিতীয় অংশ হলো অতীতবস্তু। এই অংশে ভগবান বুদ্ধের অতীত জন্মবৃত্তান্ত এবং সে সময়কার বিভিন্ন ঘটনাবলি বর্ণিত আছে। এই অংশটিই প্রকৃত জাতক কাহিনি। তাই একে মূল আখ্যায়িকাও বলা হয়।

সমবধান: জাতকের তৃতীয় অংশের নাম সমবধান। জাতক কাহিনিতে বর্ণিত পাত্র এবং গৌতম বুদ্ধ যে অভিন্ন তা প্রদর্শন করাই এই অংশের উদ্দেশ্য। এই অংশকে সমাধানও বলা হয়।

অনুশীলনমূলক কাজ
জাতক শব্দের অর্থ কী?
জাতক বলতে কী বুঝায়?

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...