সংস্কৃতি পাঠের প্রয়োজনীয়তা (পাঠ-০৫)

বাংলাদেশের সাংস্কৃতিক পরিচিতি - ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

514

সংস্কৃতি হল আমাদের প্রাণ ও আমাদের পরিচয়। প্রকৃতিতে যেমন আমরা সীমাহীন বৈচিত্র্য দেখতে পাই, তেমনি মানুষের সংস্কৃতিতেও আমরা দেখি অশেষ বৈচিত্র্য। সংস্কৃতির এই বৈচিত্র্য বৃহত্তর অর্থে আমাদের জীবন ও পৃথিবীকে বর্ণময় ও আনন্দময় করে তোলে।

আমাদের বোধ, বুদ্ধি, বিবেক, বিবেচনা, চেতনা ইত্যাদি সবই সংস্কৃতির মাধ্যমে গড়ে ওঠে। তাই আমাদের নিজেকে জানতে সংস্কৃতি পাঠের প্রয়োজনীয়তা অপরিসীম। নিজের সংস্কৃতিকে বোঝার পাশাপাশি অন্যদের সংস্কৃতি সম্পর্কেও আমাদের জানতে হবে। কেননা, এতে নিজেকে যেমন আরও ভালভাবে জানা যায়, তেমনি অন্যদের সাথে দূরত্ব কমিয়ে নতুন নতুন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায়। বিভিন্ন সংস্কৃতির মানুষের পারস্পরিক ভুল ধারণা, সন্দেহ, বিরোধ, নিছক ভয় ও অজ্ঞতা দূর করে মানবকল্যাণে ও উন্নয়নে সবাই মিলে একসাথে কাজ করা যায়। মানুষে মানুষে বিভেদ কমিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যায়।

সংস্কৃতি পাঠের প্রয়োজনীয়তা সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিচে উল্লেখ করা হলো-


  • আয়নায় যেমন নিজের চেহারার প্রতিফলন দেখা যায়, তেমনি অন্য সংস্কৃতির দৃষ্টিতে ও তুলনায় নিজের সংস্কৃতিকে আরও ভালোভাবে দেখা, চেনা ও জানা যায়। এভাবে নিজ সংস্কৃতির অতীত ও বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা লাভ করে নিজেদের ভবিষ্যৎ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায়।
  • বিভিন্ন সংস্কৃতি থেকে শিক্ষালাভ করে নিজেদের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করা যায়। মানুষের আচরণের সৃজনশীলতা, বৈচিত্র্য প্রভৃতি অনুধাবনের জন্য সংস্কৃতি পাঠ প্রয়োজন। এক সংস্কৃতির অভিজ্ঞতা, জ্ঞান ও আবিষ্কার অন্য সংস্কৃতির মানুষের কল্যাণ ও উন্নয়নে ব্যবহার করা যায়।
  • বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি অধ্যয়ন করে সেই নৃগোষ্ঠীকে বিশ্বের অগণিত মানুষের কাছে পরিচিত করে তোলা সম্ভব। তাদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সকলকে অবগত করা যায়।
  • বিভিন্ন দরিদ্র ও উন্নয়নশীল দেশে সফলভাবে উন্নয়ন করতে হলে ঐ দেশের সংস্কৃতি সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। কোনো সমাজ বা গোষ্ঠীর সংস্কৃতি সম্পর্কে ধারণা থাকলে তাদের উন্নয়নের প্রয়োজনীয় দিক ও কৌশলসমূহ যথাযথভাবে নির্ধারণ ও প্রয়োগ করা যায়।
  • বর্তমান পৃথিবীতে বিভিন্ন দেশ ও সংস্কৃতির মানুষ পরস্পরের কাছাকাছি আসছে। তারা যেন পরস্পর খাপ খাইয়ে ও মিলেমিশে থাকতে পারে তার জন্য সংস্কৃতি অধ্যয়ন গুরুত্বপূর্ণ।
  • একইভাবে পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের মধ্যে সংস্কৃতির উপাদানগুলো দ্রুত ছড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সংস্কৃতির মধ্যে আদানপ্রদানের ফলে অনেক ধরনের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনগুলো বোঝার জন্য সংস্কৃতি অধ্যয়ন গুরুত্বপূর্ণ।
কাজ-১ ঃ নিজের সংস্কৃতিকে বোঝার পাশাপাশি অন্যদের সংস্কৃতি সম্পর্কে আমাদের কেন জানতে হবে?
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...