ঢাকা ও ময়মনসিংহ বিভাগে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীসমূহ (পাঠ-০৪)

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচিতি - ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি - ষষ্ঠ শ্রেণি | NCTB BOOK

444

ঢাকা বিভাগের প্রায় সব জেলাতেই বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তা বা নৃগোষ্ঠীর মানুষ বসবাস করে। এসব জেলার মধ্যে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, রাজবাড়ী, ফরিদপুর ও ঢাকা জেলাতে এদের বসবাস বেশি। ঢাকা বিভাগে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তাগুলো হলো- মান্দি (গারো), হাজং, কোঁচ, রাজবংশী, ডালু, হো, মাহাতো, মুন্ডা, ওরাঁও প্রভৃতি। এছাড়া, মূলত চাকরি ও পড়াশুনোর সূত্রে অন্যান্য ক্ষুদ্র জাতিসত্তার মানুষও ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বসবাস করে। ঢাকা বিভাগে বসবাসকারী ক্ষুদ্র জাতিসত্তাগুলোর জনসংখ্যা প্রায় তিন লক্ষ। এদের মধ্যে মান্দি জাতিসত্তা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো।

মান্দি জাতিসত্তা: বাংলাদেশে মান্দিরা গারো নামে অধিক পরিচিত। কিন্তু এই নৃগোষ্ঠীর সদস্যরা নিজেদের
মান্দি নামে পরিচয় দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করে। নিজেদের ভাষাকে তারা বলে 'আচিক কুসিক' অর্থাৎ পাহাড়ি ভাষা। মান্দিদের রয়েছে বিভিন্ন দল, গোত্র ও উপগোত্র। এসব গোত্রকে তাদের ভাষায় 'চাচ্চি' এবং বংশকে 'মাহারি' বলা হয়। মান্দি সমাজ মাতৃসূত্রীয়, অর্থাৎ মাতা হলেন পরিবারের প্রধান। সন্তানদেরকে মায়ের উপাধি গ্রহণ করতে হয়। মায়ের সুত্রেই মান্দিদের বংশধারা বা 'মাহারি' নির্ধারিত হয়। সমতলের গারোদের ভাষার নাম 'লামদানী'।

বাংলাদেশের মান্দি সমাজ মূলত কৃষিনির্ভর। আগে তারা প্রধানত জুমচাষ করতো। তবে সমাজের শিক্ষিত অনেকেই এখন সরকারি-বেসরকারি চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ নানা পেশায় নিযুক্ত। তাদের সামাজিক উৎসবগুলো মূলত কৃষিকেন্দ্রিক। এক্ষেত্রে বৃহত্তম উৎসব হলো 'ওয়ানগালা'।

মান্দিদের আদি ধর্মের নাম 'সাংসারেক' আর প্রধান দেবতার নাম 'তাতারা রাবুগা'। কিন্তু মান্দি জাতিসত্তার অধিকাংশ মানুষ বর্তমানে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করায় খ্রিষ্ট-ধর্মীয় আচার অনুষ্ঠানগুলোই এখন তাদের প্রধান ধর্মীয় অনুষ্ঠানে পরিণত হয়েছে।
মান্দি নারীদের ঐতিহ্যবাহী পোশাকের নাম 'দকমান্দা' ও 'দকশারি'। পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক হলো 'গান্দো'। মান্দিদের বেশ কিছু ঐতিহ্যবাহী জনপ্রিয় খাদ্যও আছে। এমন একটি খাবারের নাম হল 'খাড়ি'। মুরগির মাংস দিয়ে এটি রান্না করা হয়। অতীতে মান্দিদের মাঝে দো'চালা লম্বা বাসগৃহ বেশ জনপ্রিয় ছিল। এ ধরনের ঘরকে মান্দি ভাষায় বলা হয় 'নক'।

কাজ- ১ ঃ ঢাকা বিভাগে বসবাসকারী বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার নামের একটি তালিকা প্রস্তুত কর

কাজ-২ ঃ মান্দি জাতিসত্তার বসবাসের অঞ্চল, সামাজিক-সাংস্কৃতিক জীবনধারার কিছু বৈশিষ্ট্য উল্লেখ কর।

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...