Concept of Consultative Direction
একটি উৎপাদনমুখী প্রতিষ্ঠান এক মাসের মধ্যে পণ্য সরবরাহের একটি বড় ধরনের ফরমায়েশ পায়। উক্ত ফরমায়েশ অনুযায়ী পণ্য সরবরাহের লক্ষ্যে উক্ত প্রতিষ্ঠানের উৎপাদন ব্যবস্থাপক মান নিয়ন্ত্রক ও যন্ত্র উপদেষ্টাকে সাথে নিয়ে উৎপাদন কর্মীদের সাথে আলোচনায় বসেন। ব্যবস্থাপক প্রতিষ্ঠানের উপায়-উপকরণের পর্যাপ্ততা, কর্মীদের শক্তি-সামর্থ্য, প্রাপ্ত সময়, সুযোগ-সুবিধা, কার্য সম্পাদন কৌশল প্রভৃতি বিষয়ে সবার সাথে পরামর্শ করেন। উক্ত পরামর্শে সব কর্মী নির্দিষ্ট সময়ের মধ্যেই নির্ধারিত মান অনুযায়ী পণ্য উৎপাদনের জন্য একমত হন। অতঃপর উক্ত পরামর্শের পরিপ্রেক্ষিতে কর্মীদের নির্দেশনা দেন। কার্যক্ষেত্রে দেখা গেল, কর্মীরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে উৎফুল্লতার সাথে কাজ করে যাচ্ছেন। এমনকি তাদের কাজের ব্যাপারে তেমন কোনো তাগিদও দিতে হচ্ছে না।

উক্ত ঘটনায় যে ধরনের নির্দেশনার চিত্র তুলে ধরা হয়েছে তাকেই পরামর্শমূলক নির্দেশনা বলা হয়। যে পদ্ধতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা দেওয়ার আগেই নির্দেশনার বিষয় বাস্তবায়ন কৌশল, সময়, সুবিধা-অসুবিধাসহ বিভিন্ন বিষয়ে অধীনস্থ কর্মীদের সাথে আলাপ-আলোচনা করেন, তাকে পরামর্শমূলক নির্দেশনা বলে। গণতান্ত্রিক নেতৃত্বের অধীন নির্দেশনা পদ্ধতি বা কৌশল হলো পরামর্শমূলক নির্দেশনা। এ পদ্ধতিতে কর্তৃপক্ষ নির্দেশ বাস্তবায়ন বা নির্দেশ পালনের সাথে যারা জড়িত, তাদের সাথে আলাপ-আলোচনা করেন এবং তাদের গঠনমূলক চিন্তাধারা ও সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়ে থাকেন। এটি ঊর্ধ্বতন ও অধীনস্থদের মধ্যে দ্বিমুখী যোগাযোগ প্রবাহ তৈরি করে। এক্ষেত্রে নির্দেশনা দেওয়ার আগে বা দেওয়ায় সময় নির্দেশনা পালন ও বাস্তবায়নকারীদের সাথে পরামর্শ করে নির্দেশনা দেন, তাই একে পরামর্শমূলক নির্দেশনা বলে। এ নির্দেশনা পদ্ধতির প্রধান উদ্দেশ্য হলো, নির্দেশনা রূপায়নে অধীনস্থদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করা। এ প্রক্রিয়ায় প্রত্যেক কর্মী তার জ্ঞান ও অভিজ্ঞতাপ্রসূত মতামত প্রকাশের সুযোগ পান। এর ফলে পরবর্তীকালে উক্ত নির্দেশনা বাস্তবায়নে তাকে নতুন করে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না।
- ডব্লিউ. এইচ. নিউম্যান (W. H. Newman) বলেন, 'Consultative direction carries the idea of explaining why an instruction is issued one major step further.' অর্থাৎ, 'পরামর্শমূলক নির্দেশনা এমন এক ধারণা যা ইস্যু করার আগে এর কারণ ব্যাখ্যা করা হয়।'
- নিউস্ট্রম এবং ডেভিস (Newstrom and Davis) বলেন, 'Consultative management is a system of
management in which employees are encouraged to think about issues and contribute their own ideas before managerial decisions are made.' অর্থাৎ, 'পরামর্শমূলক ব্যবস্থাপনায় সিদ্ধান্ত নেওয়ার আগে কর্মীদেরকে সমস্যা সম্পর্কে ভাবতে এবং তাদের নিজস্ব ধারণা দিয়ে অবদান রাখতে উৎসাহিত করা হয়।'
অতএব, নির্দেশনা বাস্তবায়নে জড়িত কর্মীদের সাথে মতবিনিময় বা পরামর্শ করে নির্দেশনার বিষয়বস্তু নির্ধারণ করে নির্দেশনা জারি করাকে পরামর্শমূলক নির্দেশনা বলে।
Read more