যোগাযোগের ধারণা (৮.১)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

9

Concept of Communication

জনাব মাহমুদ একটি ডিজিটাল ট্রেডিং প্রতিষ্ঠান-এর ব্যবস্থাপক। তিনি ব্যবসায়িক পণ্য সরবরাহের জন্য উৎপাদনকারী ও আমদানিকারকদের কাছে সংবাদ পাঠালেন। তার চাহিদামাফিক উৎপাদক ও আমদানিকারকরা নির্দিষ্ট পরিমাণ পণ্য পাঠালেন। জনাব মাহমুদ উক্ত পণ্যসামগ্রী বুঝে নিয়ে সরবরাহকারীদের কৃতজ্ঞতা জানালেন। উক্ত ঘটনায় বর্ণিত সংবাদ বিনিময়ের কাজকেই যোগাযোগ বলে অভিহিত করা হয়।

যোগাযোগ শব্দটির ইংরেজি প্রতিশব্দ 'Communication', যা ল্যাটিন 'Communis' শব্দ থেকে উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়। এর অর্থ হলো- Common বা সাধারণ। কিন্তু প্রশ্ন দাঁড়ায়, এ সাধারণ বা কমন বিষয়টি কী? এ সাধারণ বিষয়টি কোনো শব্দ, তথ্য, ধারণা, বিষয় বা অন্য কিছুও হতে পারে। তাই যোগাযোগ বলতে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো সাধারণ বিষয়, ধারণা বা তথ্য বিনিময় করাকে বোঝায়।

সমাজবদ্ধ মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব সময়ই মানুষ অন্যের সাথে কোনো না কোনো প্রয়োজনে নানাভাবে যোগাযোগ রক্ষা করে চলছে। অর্থাৎ, মানুষের সব কাজের সাথে যোগাযোগ জড়িত। প্রতিটি ক্ষেত্রে একের সাথে অন্যের তথ্য বা ভাবের এ আদান-প্রদানই হলো যোগাযোগ। এ শব্দটি অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। অনেকে শুধু টেলিফোন করা বা চিঠিপত্রের আদান-প্রদান করাকে যোগাযোগ মনে করে। প্রকৃতপক্ষে যেকোনো উপায়ে যেমন: মুখোমুখি কথা বলা, টেলিফোনে কথা বলা, ফ্যাক্স বা ই-মেইল করা প্রভৃতির মাধ্যমে যোগাযোগ করা হয়। আবার হাসি-কান্না, আকার-ইঙ্গিত, ভাব-ভঙ্গি, চোখের ইশারা, স্পর্শ, শব্দ বা কাজের মাধ্যমেও যোগাযোগ হতে পারে।

  • যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সসিসকো বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক হেইঞ্জ ওয়েরিচ (Heinz Weihrich) এবং যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক হ্যারন্ড কুঞ্জ (Harold Koontz) এর মতে, 'Communication is the transfer of information from a sender to a receiver, with the information being understood by the receiver.' অর্থাৎ, 'সংবাদ প্রেরকের কাছ থেকে সংবাদ প্রাপকের কাছে প্রাপকের উপলব্ধিযোগ্য তথ্য প্রেরণকে যোগাযোগ বলে।'
  • ডব্লিউ. এইচ. নিউম্যান ও অন্যদের (W. H. Newman and others) মতে, 'Communication is an exchange of facts, ideas, opinions or emotions by two or more persons,' অর্থাৎ, 'যোগাযোগ হলো দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে কোনো ঘটনা, ধারণা, মতামত বা আবেগের বিনিময়।'
  • ঢাকা বিশ্ববিদ্যালয়-এর ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক মহিউদ্দিন (Prof. Mohiuddin) এর মতে, 'Communication is the process of exchanging mutually understood meaning of information, ideas or thoughts between people to attain a given purpose.' অর্থাৎ, 'নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে একাধিক লোকের মধ্যে তথ্য, ধারণা বা চিন্তা-ভাবনার বোধগম্য অর্থ পারস্পরিক বিনিময় করার প্রক্রিয়াকে যোগাযোগ বলে।'

উপরিউক্ত আলোচনা থেকে যোগাযোগের নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলো দেখা যায়-

  • যোগাযোগ প্রক্রিয়া একাধিক পক্ষের মধ্যে সংঘটিত হয়;
  • এতে অর্থপূর্ণ তথ্য, সংবাদ বা ভাবের আদান-প্রদান হয়;
  • এতে নির্দিষ্ট মাধ্যম ব্যবহার করা হয়;
  • এতে তথ্য বা সংবাদ উভয়পক্ষের কাছে বোধগম্য হতে হয়;
  • ফলপ্রসূ যোগাযোগে প্রাপক প্রেরককে ফলাবর্তন দিয়ে থাকে।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...