ইন্টারনেটের ব্যবহার বা সুবিধা (৮.১৯)

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র - ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা - এইচএসসি | NCTB BOOK

13

Uses/Advantages of Internet

যোগাযোগের ক্ষেত্রে ইন্টারনেট এক নতুন দ্বার উন্মোচন করেছে এবং মানুষের জীবনযাত্রাকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করেছে। প্রাথমিক পর্যায়ে ইন্টারনেট তথ্যের আদান-প্রদান কাজে ব্যবহৃত হলেও বর্তমানে এর ব্যবহারের পরিধি বেড়েছে। নিচে ইন্টারনেটের উল্লেখযোগ্য ব্যবহার বা সুবিধা আলোচনা করা হলো-

  • তথ্য বিনিময় (Exchange of information): ইন্টারনেট বর্তমানে তথ্য বিনিময়ের অন্যতম হাতিয়ার হিসেবে
    ব্যবহৃত হয়। এর মাধ্যমে পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো সময়ে তথ্য বা সংবাদ দ্রুততার সাথে প্রেরণ করা যায়। এর মাধ্যমে বিশ্বব্যাপী নেটওয়ার্কভুক্ত যেকোনো কম্পিউটারে তথ্য বিনিময় করা যায়।
  • তথ্য আহরণ ও সংরক্ষণ (Collect and store of information): তথ্যের এক বিশাল ভাণ্ডার বা মহাসমুদ্র হলো ইন্টারনেট। বিশ্বের যেকোনো বিষয়ের ওপর নতুন ও পুরাতন তথ্যাবলি ইন্টারনেটে সংরক্ষণ করা হয়। ব্যবহারকারী অসংখ্য অনলাইন ডেটাবেজ থেকে ওয়েবসাইটে ব্রাউজ করে প্রয়োজনীয় তথ্য কম্পিউটারে দেখতে পারেন এবং নিজের কম্পিউটারে সংরক্ষণ (Save) করতে পারেন। আবার, ব্যবহারকারী উক্ত তথ্য প্রয়োজন মতো প্রিন্ট করতে পারেন।
  • সম্প্রদায় গঠন (Forming community): ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন মতবাদ বা দলের লোকজন মিলে অনলাইন কমিউনিটি গঠন করে থাকেন। এসব অনলাইন কমিউনিটি বা সম্প্রদায়ের মাধ্যমে তারা একে অপরের সাথে বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করে থাকেন। এভাবে বিশেষ সম্প্রদায় গড়ে ওঠে।
  • বিভিন্ন ধরনের সেবা (Different type of services): বর্তমানে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ধরনের সেবা দেওয়া হয়ে থাকে। যেমন: অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং (অর্থ স্থানান্তরের ব্যবস্থা), চাকরি খোঁজা, কর্মী সংগ্রহ, টিকিট কেনা, হোটেল বুকিং সেবা, চিকিৎসা সেবা প্রভৃতি।
  • শিক্ষা ক্ষেত্রে ব্যবহার (Uses in education): ইন্টারনেট শিক্ষামূলক তথ্য সংগ্রহ ও জ্ঞান অর্জনের একটি উল্লেখযোগ্য মাধ্যম। ব্যবহারকারী ইন্টারনেটে বিশ্বের যেকোনো বড় লাইব্রেরিতে প্রবেশ করে বিভিন্ন বই থেকে তথ্য সংগ্রহ করতে পারেন। উন্নত দেশগুলোতে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ইন্টারনেট সংযোগের ব্যবস্থা রাখা হয়।
  • গবেষণা ক্ষেত্রে (In research): বিজ্ঞান, প্রযুক্তি ও সমাজ উন্নয়নের বিভিন্ন দিক বা অন্যান্য বিষয় নিয়ে অনেকেই গবেষণা করেন। তাদের জন্য সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া কঠিন এবং সময়সাপেক্ষ ব্যাপার। ইন্টারনেট থেকে এসব প্রয়োজনীয় তথ্য খুব সহজে ও কম সময়ে খুঁজে বের করা যায়।
  • বিনোদনের ক্ষেত্রে (In entertainment): ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের খেলা, গান, সিনেমা, ভিডিও প্রভৃতি দেখা ও শোনা সহজ হয়েছে। যেমন- ইন্টারনেটের ফলে বাংলাদেশের একজন ব্যক্তি সহজেই লর্ডসে অনুষ্ঠিত খেলা দেখতে পারে বা নিউইয়র্কের ওপেন এয়ার কনসার্ট উপভোগ করতে পারে।
  • অনলাইন মিডিয়া (Online media): আজকাল পত্র-পত্রিকা, ম্যাগাজিন প্রভৃতি কাগজে মুদ্রণের পাশাপাশি
    অনলাইনেও প্রকাশিত হয়। ফলে ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসেই মানুষ সংবাদপত্র, ম্যাগাজিন প্রভৃতি পড়তে পারে। এমনকি দূরের কোনো লাইব্রেরির বইও পড়তে পারে। এছাড়া অনলাইনে বিভিন্ন রেডিও, টেলিভিশন চ্যানেল উপভোগ করার সুযোগ পায়।
  • ই-মেইল ও চ্যাট (E-mail and chat): ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের ইন্টারনেট সংযোগকারী
    মানুষের সাথে ই-মেইলের মাধ্যমে তথ্য বা সংবাদ আদান-প্রদান করা যায়। এছাড়া এর মাধ্যমে প্রিয়জন, বন্ধু-বান্ধব বা কাছের আত্মীয়ের সাথে অনলাইন চ্যাটের (Chat) মাধ্যমে তাৎক্ষণিকভাবে তথ্য ও ভাবের বিনিময় করা যায়।
Content added By
Promotion

Are you sure to start over?

Loading...