Concept of Employee Selection
কর্মী নির্বাচন বলতে সংগৃহীত প্রার্থী থেকে যোগ্য প্রার্থী বাছাই করাকে বোঝায়। এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সংগৃহীত প্রার্থীদের মধ্য থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে উপযুক্ত কর্মী বাছাই করা হয়।
কর্মী সংগ্রহের পর সংগৃহীত সম্ভাব্য কর্মীদের মধ্য থেকে প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত মানের কর্মীদের বাছাই ও নির্বাচন করতে হয়। কর্মী নির্বাচন হলো একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী কাঙ্ক্ষিত মানের দক্ষ ও যোগ্য কর্মী নির্বাচন করা হয়। এটি একটি বাছাই কার্যক্রম। কারণ, এতে প্রার্থীর যোগ্যতা যাচাই বা মূল্যায়ন করা হয়।

অধিকাংশ প্রতিষ্ঠানে কর্মী নির্বাচন প্রক্রিয়ায় বহুসংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেন। কোনো একটি ধাপে অকৃতকার্য হলে বাদ দেওয়া হয়। এভাবে চূড়ান্ত নির্বাচনে স্বল্প ও প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী টিকে থাকেন। তাই কর্মী নির্বাচনকে নেতিবাচক বা ঋণাত্মক প্রক্রিয়া বলা হয়। নিচে কর্মী নির্বাচন সংক্রান্ত বিষয়ে কিছু সংজ্ঞা দেওয়া হলো-
- আর. এম. হজেটস (R. M. Hodgetts) বলেন, 'Selection is the process in which an enterprise chooses the applicants who best meet the criteria for the available positions.' অর্থাৎ, 'নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে নির্দিষ্ট পদের জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বাছাই করা হয়।'
- রবিন্স এবং কাউন্টার (Robbins and Coulter) এর মতে, 'Selection is the process of screening job applicants to ensure that the most appropriate candidates are hired.' অর্থাৎ, 'নির্বাচন হচ্ছে সে প্রক্রিয়া যেখানে সবচেয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচনের জন্য বাছাই কাজ সম্পাদিত হয়।'
উল্লিখিত আলোচনা থেকে কর্মী নির্বাচন সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা হলো-
- কর্মী নির্বাচন একটি ঋণাত্মক বা নেতিবাচক কাজ;
- এটি কর্মীসংস্থানের একটি গুরুত্বপূর্ণ ও মৌলিক কাজ;
- এটি কর্মী সংগ্রহের পরের ও কর্মী নিয়োগের আগের ধাপ;
- এর মাধ্যমে সংগৃহীত প্রার্থী থেকে উপযুক্ত ব্যক্তিকে বাছাই করা হয়।
অতএব, সংগৃহীত প্রার্থী থেকে যোগ্যতাসম্পন্ন নতুন প্রার্থী বাছাই অথবা প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত কর্মীদের পদোন্নতি, পদাবনতি, বদলি বা বরখাস্তের জন্য কর্মী বাছাই করার প্রক্রিয়াকে কর্মী নির্বাচন বলে।
Read more