Employee Appointment
কর্মী নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং খোঁজ-খবর নেওয়ার পর প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। এরপর তাদের নির্ধারিত পদে নিয়োগদানের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। আর এ সিদ্ধান্ত কার্যকর করার জন্য যে প্রক্রিয়া অবলম্বন করা হয়, তা হলো কর্মী নিয়োগ।
কর্মী নিয়োগ প্রক্রিয়ায় প্রার্থীকে প্রথমে কাজে যোগদানের জন্য নিয়োগপত্র দেওয়া হয়। এরপর কর্মী কাজে যোগ দেওয়ার আগে নিয়োগকর্তাকে যোগদানপত্র দিয়ে থাকে। নিয়োগপত্রের শর্তাদি মেনে নিয়ে কর্তৃপক্ষ বরাবর যে পত্রের মাধ্যমে চাকরি প্রার্থী চাকরিতে যোগদান করে, তাকে যোগদানপত্র বলে। আর উক্ত পত্র নেওয়ার মাধ্যমেই নিয়োগ কাজ সম্পন্ন হয়। তাই নিয়োগ প্রক্রিয়ায় মূলত নিয়োগপত্র দেওয়া ও যোগদানপত্র নেওয়া এ দুটি পদক্ষেপ থাকে, যা নিচের চিত্রের - সাহায্যে উপস্থাপন করা যেতে পারে-

কর্মী নিয়োগ দুভাবে হতে পারে। যথা: স্থায়ী ভিত্তিতে নিয়োগ ও অস্থায়ী ভিত্তিতে নিয়োগ। সাধারণত প্রতিষ্ঠানের
নিচের স্তরের নিয়োগ অস্থায়ী ভিত্তিতে বেশি হয়ে থাকে। উপরের স্তরের কর্মীদের প্রাথমিকভাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হয়। পরবর্তীতে শিক্ষানবিশ বা প্রবেশনারি সময় শেষ হলে কাজের দক্ষতার ওপর ভিত্তি করে তাদের নিয়োগ স্থায়ী করা হয়ে থাকে।
একজন কর্মী প্রতিষ্ঠানের কাজের সাথে খাপ খাওয়াতে না পারলে সে চাকরি ছেড়ে অন্য কোনো প্রতিষ্ঠানে চলে যেতে পারে। এতে নতুন করে আবার কর্মী সংগ্রহ, নির্বাচন ও নিয়োগের ঝামেলা দেখা দেয়। অন্যদিকে, উক্ত কর্মী প্রতিষ্ঠানে অর্জিত অভিজ্ঞতাও সাথে নিয়ে যায়। এছাড়া, কর্মস্থল ছেড়ে যাওয়ায় তা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার পাশাপাশি বিদ্যমান কর্মীদের মনোবলকেও ভেঙে দেয়। তাই নিয়োজিত কর্মী যাতে নতুন কর্মস্থলে আন্তরিকতা ও দক্ষতার সাথে কাজ করতে পারে সেদিকে লক্ষ রেখে নিয়োগ করতে হয়।
- thebusinesscommunication.com,-অনুযায়ী, 'The letter written by the employer requesting the selected candidates to join in a specific position is known as appointment letter', অর্থাৎ, 'একটি নির্দিষ্ট পদে নির্বাচিত প্রার্থীদের যোগদানের অনুরোধ করে নিয়োগকর্তা যে চিঠি লেখেন, তাকে নিয়োগপত্র বলে।'
- mondaq.com,-এ বলা হয়েছে, 'An appointment letter sets out the terms and conditions of employment including designation, place of work, job profile, leave, termination, salary details, confidentiality etc.' অর্থাৎ, 'নিয়োগের শর্তাবলি, পদমর্যাদা, কাজের স্থান, চাকরির বৃত্তান্ত, ছুটি, অবসর, বেতন বিবরণ, গোপনীয়তা প্রভৃতি নিয়োগপত্রে লেখা হয়।
অতএব, নির্বাচিত প্রার্থীদের নিয়োগসংশ্লিষ্ট শর্তাবলি উল্লেখ করে পত্র ইস্যু করে নির্দিষ্ট সময়ের মাঝে কাজে যোগদান করানোর ব্যবস্থা নেওয়াকে কর্মী নিয়োগ বলে।
Read more