Concept of Coordination

ইকবাল মাহমুদ একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। তিনি তার অধীনস্থ সব বিভাগ ও উপবিভাগের কাজের নিয়মিত খোঁজ-খবর রাখেন। কোথাও কোনো সমস্যা হলে তা সমাধানের জন্য দ্রুত পদক্ষেপ নেন। কোনো বিভাগে কাজের চাপ বেশি হলে সেখানে নতুন কর্মী নিয়োগের চেষ্টা করেন। কোথাও অব্যবহৃত কর্মী থাকলে তাদের অন্য জায়গায় কাজে লাগানোর ব্যবস্থা করেন। কোনো উপকরণগতবাধা থাকলে তা নিরসনের ব্যবস্থা করেন। এভাবে সব সময় তদারকির মাধ্যমে তিনি উক্ত প্রতিষ্ঠানকে একটি সফল প্রতিষ্ঠানে রূপান্তর করতে সক্ষম হন।
ওপরের ঘটনায় জনাব ইকবাল যেসব কাজ করেন তা হলো সমন্বয়সাধন।
সমন্বয়সাধন হলো এমন একটি প্রক্রিয়া যাতে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তির কাজের মধ্যে যোগসূত্র স্থাপন করা হয়। প্রাতিষ্ঠানিক কাজের দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এর কাজকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়। একই সাথে এ বিভাজিত কাজের মধ্যে ঐক্য ও সামঞ্জস্য রক্ষা বা যোগসূত্র স্থাপনের চেষ্টা করা হয়। এই প্রচেষ্টাকে ব্যবস্থাপনার পরিভাষায় সমন্বয় বলা হয়। অর্থাৎ, প্রতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য বিভাগগুলোর উদ্দেশ্য ও কার্যাবলি ব্যক্তিবর্গের প্রচেষ্টার সাথে একসূত্রে আবদ্ধ করার প্রক্রিয়াকে সমন্বয়সাধন বলে। সুষ্ট সমন্বয় ব্যবস্থা কাজে ছন্দপতন রোধ করে। এতে পরিকল্পনা ও সিদ্ধান্ত বাস্তবায়ন করা সহজ হয়।
- যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক রিকি ডব্লিউ, গ্রিফিন (Ricky W. Griffin) এর মতে, 'Coordination is the process of linking the activities of the various departments of the organization.' অর্থাৎ, 'প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগীয় কাজের মধ্যে সংযোগ স্থাপন করার প্রক্রিয়াকে সমন্বয়সাধন বলে।'
- যুক্তরাষ্ট্রের সানফ্রান্সসিসকো বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক হেইঞ্জ ওয়েরিচ (Heniz Weihrich) এবং লস এঞ্জেলেসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক হ্যারন্ড কুঞ্জ (Harold Koontz) এর মতে, 'Coordination is achieving harmony of individual and group efforts toward the accomplishment of group purposes and objectives.' অর্থাৎ 'দলীয় অভিপ্রায় ও উদ্দেশ্য অর্জনের জন্য ব্যক্তিক ও দলীয় প্রচেষ্টার মধ্যে ঐক্য অর্জন করাকে সমন্বয়সাধন বলে।'
- যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম বিশ্ববিদ্যালয়-এর অধ্যাপক জেমস এ. এফ. স্টোনার (James A. F. Stoner) এর মতে, 'Coordination is the process of intergrating the activities of seperate departments in order to pursue organizational goals effectively.' অর্থাৎ, 'প্রাতিষ্ঠানিক লক্ষ্য সফলতার সাথে অর্জন করার জন্য যে প্রক্রিয়ায় বিভিন্ন বিভাগের কাজের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয় তাকে সমন্বয়সাধন বলে।'
অতএব, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য বিভিন্ন বিভাগ, উপবিভাগ ও ব্যক্তিক প্রচেষ্টায় ঐক্যবদ্ধ, সামঞ্জস্য ও ভারসাম্য তৈরি করার কাজকে সমন্বয়সাধন বলে।
Read more