রোকেয়া সাখাওয়াত হোসেন ১৮৮০ খ্রিষ্টাব্দের ৯ই ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতৃদত্ত নাম রোকেয়া খাতুন। লেখা ছাপতেন মিসেস আর. এস. হোসেন নামে। তবে তিনি বেগম রোকেয়া নামেই বেশি পরিচিত। সেকালে এ দেশের মুসলমান মেয়েদের প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণের সুযোগ ছিল না বললেই চলে। রোকেয়া নিজের ঐকান্তিক ইচ্ছায় এবং বড়ভাই, বোন ও স্বামীর সহায়তায় বাংলা ও ইংরেজি ভাষা খুব ভালোভাবে রপ্ত করেছিলেন।
রোকেয়ার সাহিত্যচর্চার মূল উদ্দেশ্য ছিল বাঙালি মুসলমান নারী-সমাজের জাগরণ ঘটানো। বিভিন্ন রচনার ভেতর দিয়ে তিনি সে কাজটি আজীবন করে গিয়েছেন। তাঁর প্রথম প্রবন্ধগ্রন্থ 'মতিচুর' (প্রথম খণ্ড) প্রকাশিত হয় ১৯০৫ সালে। এরপর ক্রমে প্রকাশিত হয় Sultana's Dream (পরে 'সুলতানার স্বপ্ন' নামে বইটির বাংলা সংস্করণও তিনি প্রকাশ করেছিলেন), 'মতিচুর' (দ্বিতীয় খণ্ড) ও 'পদ্মরাগ'। সবশেষে ১৯৩১ সালে প্রকাশিত হয় 'কতকগুলো ঐতিহাসিক ও চাক্ষুস সত্য ঘটনা' অবলম্বনে রচিত গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী'। নারীকে 'মানসিক দাসত্ব' থেকে মুক্ত হয়ে নিজস্ব বিচার-বুদ্ধির ওপর ভর করে দাঁড়াতে হবে এটিই রোকেয়ার অধিকাংশ রচনার মূল বিষয়। বিশেষ উদ্দেশ্যে রচিত বলে তাঁর গদ্যের মধ্যে একটি ঋজু ভঙ্গি লক্ষ করা যায়। নারীশিক্ষার জন্য কলকাতায় তিনি ১৯১১ সালে প্রতিষ্ঠা করেন সাখাওয়াত মেমোরিয়াল স্কুল। সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠা এবং তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ১৯১৬ সালে প্রতিষ্ঠা করেন 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম'।
মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলে পরিচিত রোকেয়া সাখাওয়াত হোসেন ১৯৩২ সালের ৯ই ডিসেম্বর কলকাতায় মৃত্যুবরণ করেন।
Read more