(Administrative Area of Bangladesh)
বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন রাষ্ট্র যার আনুষ্ঠানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। ১৯৪৭ সালে ব্রিটিশ শাসনের অবসান হলে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে পাকিস্তান নামে যে দেশটি সৃষ্টি হয়েছিল, তার পূর্বাঞ্চলীয় প্রদেশ পূর্ব পাকিস্তান শোষণ, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে ১৯৭১ খ্রিস্টাব্দে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়, যার নাম বাংলাদেশ। বিশ্বের জনবহুল দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান অষ্টম। কিন্তু আয়তনের হিসাবে বাংলাদেশ বিশ্বে ৯২তম; ফলে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি।
ভৌগোলিক অবস্থান (Geographical Location): এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাংশে বাংলাদেশ অবস্থিত। এটা প্রায় ২০°৩৪′ উত্তর হতে ২৬°৩৮′ উত্তর অক্ষরেখা এবং ৮৮°০১′ পূর্ব দ্রাঘিমারেখা হতে ৯২°৪১′ পূর্ব দ্রাঘিমারেখা পর্যন্ত বিস্তৃত। বাংলাদেশের মাঝামাঝি দিয়ে কর্কটক্রান্তি রেখা চলে গেছে; অর্থাৎ দেশটি ক্রান্তীয় অঞ্চলে অবস্থিত। বাংলাদেশের প্রায় তিন দিকেই ভারত রাষ্ট্র, দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। এর উত্তরে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, কুচবিহার, আসাম ও মেঘালয়, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর।
আয়তন (Area): বাংলাদেশের মোট আয়তন প্রায় ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার (৫৬,৯৭৭ বর্গমাইল)। বাংলাদেশের আঞ্চলিক সমুদ্রসীমা (Territorial Sea) প্রায় ২২ কি.মি. (১২ নটিক্যাল মাইল) এবং দেশের অর্থনৈতিক অঞ্চল (Economic Zone) সমুদ্রের সীমারেখা হতে গভীর সমুদ্রের প্রায় ৩২২ কি.মি. (২০০ নটিক্যাল মাইল) পর্যন্ত বিস্তৃত।
জনসংখ্যা (Population): ২০১১ সালের আদমশুমারির রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় ১৪ কোটি ৯৭ লক্ষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ (২০১৮) হিসাবে বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা ১৬.১৭ কোটি, যার মধ্যে পুরুষ ৮.১০ কোটি এবং মহিলা ৮.০৭ কোটি [সূত্র: bangladesh.gov.bd] । জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ১,০১৫ জন। জনসংখ্যার দিক হতে বাংলাদেশ পৃথিবীর অষ্টম।
ভূপ্রকৃতি (Physiography): বাংলাদেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ- পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশই নদ-নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। ভূমির অবস্থা এবং গঠনের সময়ানুক্রমিক দিক হতে বাংলাদেশের ভূপ্রকৃতিকে তিনটি প্রধান ভাগে ভাগ করা যায়; যথা: (১) টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, (২) প্লাইস্টোসিনকালের সোপানসমূহ এবং (৩) সাম্প্রতিককালের প্লাবন সমভূমি।
জলবায়ু (Climate): বাংলাদেশের জলবায়ু মোটামুটি উষ্ণ, আর্দ্র ও সমভাবাপন্ন। মৌসুমি জলবায়ুর প্রভাব এ দেশের জলবায়ুর ওপর এতো অধিক প্রভাব ফেলে যে সামগ্রিকভাবে এর জলবায়ু 'ক্রান্তীয় মৌসুমি জলবায়ু' নামে পরিচিত। মৌসুমি জলবায়ুর বৈশিষ্ট্য এক একটি ভিন্ন ঋতুর আবির্ভাব। একটি হতে আর একটি ঋতুর তাপমাত্রা, বায়ুপ্রবাহ এবং বৃষ্টিপাত সম্পূর্ণরূপে পৃথক। বাংলাদেশে বর্তমানে বছরে তিনটি ঋতু দেখা যায়। যথা: শীত, গ্রীষ্ম, বর্ষা। শুষ্ক ও আরামদায়ক শীতকাল এবং উষ্ণ ও আর্দ্র গ্রীষ্মকাল বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য।
প্রশাসনিক বিভাগ: বাংলাদেশ একটি একক এবং অখন্ড রাষ্ট্র। এর কোনো স্বায়ত্ত্বশাসিত প্রদেশ বা রাজ্য নেই। রাজধানী ঢাকা কেন্দ্রিক প্রশাসনিক ব্যবস্থা দ্বারা সমগ্র দেশ পরিচালিত হয়। প্রশাসনিক কাজের সুবিধার জন্য বর্তমানে ৮টি বিভাগ রয়েছে। বিভাগগুলো হলো- ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর। প্রতিটি বিভাগে রয়েছে অনেকগুলো জেলা। বাংলাদেশের জেলার সংখ্যা মোট ৬৪টি। জেলার চেয়ে ক্ষুদ্রতর প্রশাসনিক অঞ্চল হচ্ছে উপজেলা বা থানা। সারাদেশে উপজেলা রয়েছে ৪৯১টি। মোট ইউনিয়ন ৪৫৫৪টি। উপজেলা বা থানাগুলো ৪৪,৯৯০টি মৌজায় এবং ৮৭,৩১৯টি গ্রামে বিভক্ত।
| বিভাগ | জনসংখ্যা (২০১১ সাল পর্যন্ত) | আয়তন (বর্গ কি.মি.) | জনসংখ্যা ঘনত্ব ২০১১ (লোক/কি.মি.) | অন্তর্গত জেলাসমূহ (৬৪টি) |
| ঢাকা | ৩৬,০৫৪,৪১৮ | ২০,৫৯৩ | ১,৭৫১ | কিশোরগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারিপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, শরিয়তপুর। (১৩টি) |
| ময়মনসিংহ | ১১,৩৭০,০০০ | ১০,৫৮৪ | ১০৭৪ | জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর। (৪টি) |
| রাজশাহী | ১৮,৪৮৪,৮৫৮ | ১৮,১৯৭ | ১,০১৫ | চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও সিরাজগঞ্জ। (৮টি) |
| রংপুর | ১৫,৭৮৭,৭৫৮ | ১৬,৩১৭ | ৯৬০ | চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, বগুড়া, রাজশাহী ও সিরাজগঞ্জ। (৮টি) |
| চট্টগ্রাম | ২৮,৪২৩,০১৯ | ৩৩,৭৭১ | ৮৪১ | কুমিল্লা, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি ও লক্ষ্মীপুর। (১১ টি) |
| সিলেট | ৯,৯১০,২১৯ | ১২,৫৯৬ | ৭৮০ | মৌলভী বাজার, সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জ। (৪টি) |
| খুলনা | ১৫,৬৮৭,৭৫৯ | ২২,২৭২ | ৭০৪ | কুষ্টিয়া, খুলনা, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, মাগুরা, মেহেরপুর, যশোর ও সাতক্ষীরা। (১০টি) |
| বরিশাল | ৮,৩২৫,৬৬৬ | ১৩,২৯৭ | ৬২৬ | ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বরগুনা, বরিশাল ও ভোলা। (৬টি) |
| বাংলাদেশ | ১৪৪,০৪৩,৬৯৭ | ১৪৭,৫৭০ | ৯৭৬ |
মানব ভূগোল - মোহা: আনিছুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক-স্যারে লেখা বই
Read more