(Top exporting countries in the world and exported materials)
একটি দেশের বাইরে পণ্য ও সেবাসমূহের স্থানান্তরকে রপ্তানি বলে। বিক্রয়কারী যখন তার দেশের পণ্য অর্থের বিনিময়ে বিদেশে প্রেরণ করে তখন সেটিকে রপ্তানিকারী বা রপ্তানিকারক দেশ বলে। অর্থাৎ একটি দেশ তার অভ্যন্তরে উৎপাদিত পণ্য বিদেশি চাহিদার কারণে এবং অর্থ উপার্জনের উদ্দেশ্যে সেখানে প্রেরণ করলে তাকে রপ্তানি বলে। বর্তমানে (২০১৮) সর্বোচ্চ রপ্তানিকারক দেশগুলোর মধ্যে প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক দেশ হলো যুক্তরাষ্ট্র এবং তৃতীয় অবস্থানে আছে জার্মানি। ২০০৮ সালে জার্মানি সর্বোচ্চ রপ্তানিকারক দেশ হিসেবে ১ম এবং চীন ছিল ২য় অবস্থানে কিন্তু প্রতিযোগিতামূলক বিশ্বে বর্তমানে (২০১৮) চীন সর্বোচ্চ রপ্তানিকারক দেশ। নিচে সর্বোচ্চ ১০টি রপ্তানিকারক দেশ ও রপ্তানি আয়ের পরিমাণ দেখানো হলো;
সারণি-৮.১: বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক দেশ (২০১৮)
| দেশ | রপ্তানি আয় (বিলিয়ন ডলার) | দেশ | রপ্তানি আয় (বিলিয়ন ডলার) |
| ১. চীন | ২৪৯৪ | ৬. নেদারল্যান্ড | ৫৮৫.৬ |
| ২. যুক্তরাষ্ট্র | ১৬৬৬ | ৭. ফ্রান্স | ৫৬৮.৪ |
| ৩. জার্মানি | ১৫৫৭ | ৮. ইতালি | ৫৪৩.৬ |
| ৪. জাপান | ৭৩৮.২ | ৯. যুক্তরাজ্য | ৪৮৭.১ |
| ৫. দ: কোরিয়া | ৬০৫.২ | ১০. বেলজিয়াম | ৪৬৬.৭ |
উৎস: www.worldtopexports.com, 2019
চীনের রপ্তানি পণ্যসমূহ
চীন বিভিন্ন পণ্য রপ্তানি করে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ রপ্তানিকারক দেশের মধ্যে প্রথম স্থানে অবস্থান করছে।
২০০৮-২০০৯ অর্থবছরে চীনের রপ্তানি আয়ের পরিমাণ ছিল ১,২০১.৮ বিলিয়ন ডলার, যা ২০১৮ তে দাঁড়িয়েছে ২৪৯৪ বিলিয়ন ডলারে। চীন যেসব পণ্য বিভিন্ন দেশে রপ্তানি করে সেগুলো হলো খেলনা, ইলেক্ট্রনিক্স পণ্য, গৃহসামগ্রী, জুতা, কাপড়, খাদ্যদ্রব্য, সামুদ্রিক খাদ্য, জুয়েলারি, রান্নাঘরের সামগ্রী, ব্যাগ ইত্যাদি।
ক. বৈদ্যুতিক যন্ত্রপাতি: চীন বিশ্বের বিভিন্ন দেশে বৈদ্যুতিক যন্ত্রপাতি রপ্তানি করে। ২০১৮ সালে এ খাত থেকে ৬৬৪.৪ বিলিয়ন ডলার আয় হয়েছে, যা মোট রপ্তানির ২৬.৬ শতাংশ।
খ. কম্পিউটার ও অন্যান্য যন্ত্রাংশ: এ খাত থেকে চীন স্বতন্ত্রভাবে ২০১৮ সালে ৪৩০ বিলিয়ন ডলার আয় করে, যা মোট রপ্তানির ১৭.২ শতাংশ।
গ. ফার্নিচার সামগ্রী (গৃহস্থালির টেক্সাইল, আলোকসজ্জাসহ): এ খাতে থেকে চীন ৯৬.৪ বিলিয়ন ডলার আয় করে, যা মোট রপ্তানির ৩.৯ শতাংশ।
ঘ. প্লাস্টিক সামগ্রী: প্লাস্টিক সামগ্রীর মধ্যে বিভিন্ন খেলনা পণ্য রয়েছে। এ খাতটি চীনে সর্বাধিক দ্রুত বর্ধনশীল। চীন প্লাস্টিক সামগ্রী রপ্তানিতে বিশ্বে প্রথম। ২০১৮ সালে চীন ৮০.১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের প্লাস্টিক সামগ্রী রপ্তানি করে, যা মোট রপ্তানির ৩.২ শতাংশ।
যুক্তরাষ্ট্রের রপ্তানি পণ্যসমূহ
যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পণ্য রপ্তানিকারক দেশ। ২০১৮ সালে দেশটির বিভিন্ন পণ্য রপ্তানির মাধ্যমে ১৬৬৪ বিলিয়ন ডলার সমমূল্যের বৈদেশিক মুদ্রা অর্জন করে।
ক. মেশিনারিজ ও কম্পিউটার: ২০১৮ সালে যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণে মেশিনারিজ (কম্পিউটারসহ) বিদেশে রপ্তানি করেছে। পৃথিবীর বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের মেশিনারিজের উচ্চ চাহিদা রয়েছে। এ খাত থেকে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ২১৩.৮ বিলিয়ন মার্কিন ডলার আয় করে, যা মোট রপ্তানির ১২.৮%।
খ. খনিজ জ্বালানি: ২০১৮ সালে যুক্তরাষ্ট্র ১৮৯.৯ বিলিয়ন ডলার মূল্যের খনিজ জ্বালানি (তেলসহ) রপ্তানি করে, যা মোট রপ্তানির ১১.৪ শতাংশ।
গ. ইলেকট্রনিক যন্ত্রপাতি: সারা বিশ্বে যুক্তরাষ্ট্র ইলেকট্রিক পণ্য বিপুল পরিমাণে রপ্তানি করে। ২০১৮ সালে এসব যন্ত্রপাতি রপ্তানি করে দেশটি মোট রপ্তানি আয়ের ১০.৬ শতাংশ অর্জন করে, যার মূল্যমান ছিল ১৭৬.১ বিলিয়ন ডলার।
ঘ. বিমান ও নভোযান পণ্য: যুক্তরাষ্ট্র বিমান ও নভোযানের বিভিন্ন যন্ত্রপাতি উৎপাদনে শীর্ষ দেশগুলোর
অন্যতম। যুক্তরাষ্ট্রে এই শিল্পের কাঁচামালের বৃহৎ কারখানা গড়ে উঠেছে। এ সব কারখানায় উৎপাদিত বিমান প্রস্তুত ও মেরামতের পণ্যসমূহ সারা বিশ্বে ব্যাপকভাবে সমাদৃত। ২০১৮ সালে এ খাতে রপ্তানি ছিল ১৩৯.১ বিলিয়ন ডলার, যা মোট রপ্তানির ৮.৪ শতাংশ।
ঙ. পরিবহন যান: ২০১৮ সালে পরিবহন যান (Vehicle) রপ্তানি করে যুক্তরাষ্ট্র ১৩০.৬ বিলিয়ন ডলার আয় করে, যা মোট রপ্তানির ৭.৮ শতাংশ।
জার্মানির রপ্তানি পণ্যসমূহ
জার্মানি বর্তমানে বিশ্বের তৃতীয় বৃহত্তম এবং ইউরোপে প্রথম রপ্তানিকারক দেশ। ২০১৮ সালে জার্মানির মোট রপ্তানির পরিমাণ ছিল ১৫৫৭ বিলিয়ন মার্কিন ডলার। জার্মানির প্রধান প্রধান রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে টেক্সটাইল, খাদ্য সামগ্রী, মোটর গাড়ি, যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, কম্পিউটার ও ইলেক্ট্রনিক্স পণ্য, বৈদ্যুতিক সরাঞ্জাম, ওষুধপত্র, ধাতুর যন্ত্রাংশ, পরিবহন যন্ত্রপাতি, রাবার ও প্লাস্টিক পণ্য ইত্যাদি।
ক. কম্পিউটার হার্ডওয়্যার এবং ইলেক্ট্রনিক্স ডিভাইস: জার্মানির বিভিন্ন রপ্তানি পণ্যের মধ্যে কম্পিউটার
হার্ডওয়্যার এবং ইলেক্ট্রনিক্স ডিভাইস উল্লেখযোগ্য। হার্ডওয়্যার এর মধ্যে কম্পিউটারের যন্ত্রাংশ, রেডিও ও টিভির যন্ত্রপাতি রয়েছে। ২০১৮ সালে এ খাতে মোট রপ্তানির পরিমাণ ছিল ২৭১.৭ বিলিয়ন ডলার যা মোট রপ্তানির ১৭.৫%।
খ. পরিবহন যান: জার্মানি বিশ্বের বিভিন্ন দেশে যেসব পণ্য রপ্তানি করে তার মধ্যে মোটর গাড়ি ও পরিবহন যান (Vehicle) ও এর যন্ত্রাংশ রপ্তানি অন্যতম। দেশটির রপ্তানি পণ্যের মোট ১৬.৯ শতাংশই হচ্ছে মোটর গাড়ি। মোটর গাড়ি জার্মানির প্রধান রপ্তানি পণ্য। ২০১৮ সালে এ খাত থেকে জার্মান ২৬৩.৭ বিলিয়ন ডলার আয় করে।
গ. মেশিনারিজ: জার্মানির রপ্তানিকৃত মেশিনারিজ পণ্যের মধ্যে রয়েছে মেকানিক্যাল যন্ত্রপাতি, ইলেক্ট্রিক্যাল যন্ত্রপাতি, সাউন্ড রেকর্ডার, টেলিভিশনের যন্ত্রাংশ ইত্যাদি। জার্মানির মোট রপ্তানির ১০.৫% ই হচ্ছে মেশিনারিজ পণ্য, যার মোট পরিমাণ ১৬৩.৮ বিলিয়ন ডলার।
ঘ. ফার্মাসিউটিক্যালস: জার্মান ফার্মাসিউটিক্যালস শিল্প ২০১৮ সালে ৯৬.৮ বিলিয়ন ডলার মূল্যের রপ্তানি করে, যা মোট রপ্তানির ৬.২%।
ঙ. অপটিক্যাল, মেডিক্যাল সামগ্রী: জার্মানি ২০১৮ সালে ৮০ বিলিয়ন ডলার মেডিক্যাল সামগ্রী রপ্তানি করে, যা মোট রপ্তানির ৫.১ শতাংশ।
বাণিজ্য (Trade) - মোহাম্মদ আরিফুর রহমান ও ইকবাল উদ্দিন আহমেদ মিঠু স্যারে লেখা বই
Read more