(Marginal Ocean Basins)
প্রান্তীয় সমুদ্রখাত মহাদেশের সন্নিকটে অবস্থিত সমুদ্রের তলদেশের বৃহৎ অবনমিত স্থান। এগুলো উন্মুক্ত সমুদ্র থেকে সামুদ্রিক শৈলশিরা, বদ্বীপ অথবা মহাদেশের অংশবিশেষ দ্বারা বিচ্ছিন্ন। প্রান্তীয় সাগর সাধারণত ২ কিলোমিটার (১.২ মাইল) থেকেও বেশি গভীর। প্রান্তীয় সমুদ্রখাতে তিন ধরনের বৈশিষ্ট্য লক্ষণীয়। যথাঃ
১. যে খাত দ্বীপমালা ও সামুদ্রিক শৈলশিরার দ্বারা সমুদ্রের ওপরের স্তরের পানিকে আংশিকভাবে ও নিচের স্তরের পানিকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে পারে সে জাতীয় খাতই সবচেয়ে বেশি দেখা যায়। ইন্দোনেশিয়ার চারদিকে অনেক ক্ষুদ্র খাত ও এশিয়া মহাদেশের প্রশান্ত মহাসাগরীয় প্রান্তে এমন খাতের সুন্দর উদাহরণ রয়েছে। যেমন-জাপান সাগর।
২. দ্বিতীয় প্রকারের প্রান্তীয় খাত দুই মহাদেশের মধ্যে অবস্থিত এবং সাগর সৃষ্টিকারী। যেমন- ভূমধ্যসাগর (ইউরোপ ও আফ্রিকার মধ্যে), কৃষ্ণসাগর (এখন প্রায় সম্পূর্ণভাবে স্থলবেষ্টিত), মেক্সিকো উপসাগর ও ক্যারিবিয়ান সাগর, (উত্তর ও দক্ষিণ আমেরিকার মধ্যে)।
৩. তৃতীয় ধরনের প্রান্তীয় খাত লম্বা, সরু এবং মহাদেশের ভূভাগ দ্বারা বেষ্টিত। লোহিত সাগর, ক্যালিফোর্নিয়া উপসাগর এমন খাতের উদাহরণ।
বৃহৎ স্থলভাগের সন্নিকটে অবস্থিত বিধায় প্রান্তীয় সমুদ্র খাতের বা সাগরের, জলবায়ু উন্মুক্ত মহাসাগরের তুলনায় অনেক বেশি চরমভাবাপন্ন। উচ্চ অক্ষাংশে প্রান্তীয় খাতের সাগরে শীতকালে অত্যন্ত ঠান্ডার দরুন পানি বরফে পরিণত হয়। আঞ্চলিক ও ঋতুভিত্তিক আবহাওয়ার স্পষ্ট ও উল্লেখযোগ্য প্রভাবে প্রান্তীয় খাতের সাগরের পানির প্রবাহ বা সঞ্চালন (circulation) পার্শ্ববর্তী উন্মুক্ত সাগরে উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয়।
আমেরিকা ও ইউরোপের চারদিকে মহাদেশের প্রান্ত জুড়ে রয়েছে অগভীর সাগর, অবনমিত এলাকা। যেমন- কানাডার হাডসন উপসাগর। উত্তর ইউরোপের উত্তর সাগর অপর এক নিমজ্জিত মহাদেশের অঞ্চল যেখানে বর্তমানে একমাত্র ব্রিটিশ দ্বীপপুঞ্জই সমুদ্র সমতলের ওপরে অবস্থান করছে।
মহাদেশ ও মহীপ্রান্ত (Continents and Continental margins): উত্তর-দক্ষিণে প্রসারিত চারটি ভূভাগ যেমন- ইউরেশিয়া, আফ্রিকা, আমেরিকা (উত্তর ও দক্ষিণ), এন্টার্কটিকা ও অস্ট্রেলিয়া বিশ্বব্যাপী সমুদ্রখাতকে বিভক্ত করেছে। এগুলোই মহাদেশ। সমুদ্রস্রোতের ওপর এ সকল ভূভাগের অবস্থানের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
সমুদ্র সমতলে সামান্য পরিবর্তনে নিচু এলাকা সহজেই বন্যায় প্লাবিত হয় অথবা পানি শুকিয়ে যায়। তুলনামূলকভাবে সাম্প্রতিক সমুদ্র সমতলের পরিবর্তন উপকূলীয় ভূপ্রকৃতির ব্যাপক পরিবর্তন করেছে। সমুদ্র সমতলের পরিবর্তন সমুদ্রখাতগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন করে। যেমন- মধ্য আমেরিকায় বন্যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে।
বারিমণ্ডল - ড. মোহাম্মদ মনিরুজ্জামান এর লেখা বই
Read more