hsc

পাঠ-২: মানব ভূগোলের বিষয়বস্তু ও শাখায়তা

ভূগোল ২য় পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

2k

(Subject matter and Branches of Human Geography)

পৃথিবীর বিভিন্ন অঞ্চলের অধিবাসীদের চিন্তাধারা, মননশীলতা, শিক্ষা ও সংস্কৃতির বিকাশ অর্থাৎ তাদের জীবনধারায় যে পার্থক্য তার কারণ অনুসন্ধানই মানব ভূগোলের মূল বিষয়বস্তু।
মানব ভূগোলের বিষয়বস্তুগুলো হলো:

১. সামাজিক ও সাংস্কৃতিক জীবন: মানব ভূগোলের কেন্দ্রীয় বিষয়বস্তু হলো মানুষের সামাজিক ও সাংস্কৃতিক
জীবন। সামাজিক মানুষ তার সংস্কৃতি ও আচরণের মাধ্যমে কীভাবে প্রাকৃতিক পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয় তা মানব ভূগোলের প্রধান বিবেচ্য বিষয়। এক্ষেত্রে নৃগোষ্ঠীর সংস্কৃতি, পরিচয়, বিশ্বাস, আচরণ, চিন্তা, বিন্যাস প্রভৃতি সমাজবিজ্ঞানের মৌলিক জিজ্ঞাসার আলোকেই জানতে হয়। কিন্তু মানব ভূগোল তার স্থানিক ও কালিক (Spatial and temporal) বিশ্লেষণ করে থাকে। অতএব, মানুষের সমাজ ও সংস্কৃতি বিষয়ক সকল বিষয়বস্তু যেমন- নৃতত্ত্ব, জাতিতত্ত্ব, ভাষাতত্ত্ব, প্রত্নতত্ত্ব ইত্যাদি মানব ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত। এ জন্যই সামাজিক ও সাংস্কৃতিক ভূগোল মানব ভূগোলের অন্যতম শাখা।

২. অর্থনীতি ও সম্পদ: মানব ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থনীতি ও সম্পদ সমীক্ষা। মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর ভূমির প্রভাব বা মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, ভূমি কর্তৃক যেভাবে প্রভাবিত হয় তার সমীক্ষা মানব ভূগোলের বিষয়বস্তু। পৃথিবীর বিভিন্ন দেশ ও অঞ্চলের কৃষিজাত পণ্য, খনিজ, বনজ, প্রাণিজ, মৎস্য সম্পদ ইত্যাদির বার্ষিক উৎপাদন, উত্তোলন, বিশ্ব বণ্টন ও বাণিজ্য মানব ভূগোলের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত।

৩. জনসংখ্যা ও জনপদ: জনসংখ্যা ও জনপদ বর্তমানে মানব ভূগোলের গুরুত্বপূর্ণ বিষয়। ভূপৃষ্ঠে জনসংখ্যার বণ্টন, বিন্যাস, অভিগমন, আকার-আয়তন, পরিবর্তন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ অবস্থা ইত্যাদি মানব ভূগোলের বিষয়বস্তু। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে মার্কিন অর্থনীতিবিদ এ্যাচেনওয়েল (Achenwall) এবং সাস মিস (Sus Mis) এই বিষয়বস্তুকে সমন্বিত করে মানব ভূগোলের উপশাখা হিসেবে জনসংখ্যা ভূগোলের গোড়াপত্তন করেন।

৪. অঞ্চল: ভূগোল শাস্ত্রের ক্রমবিকাশের পটভূমি পর্যালোচনামূলক একাধিক রচনায় মার্কিন ভূগোলবিদ রিচার্ড হার্টশোন 'অঞ্চল' শব্দটি ব্যবহার করেন। উনবিংশ শতাব্দীর প্রখ্যাত ফরাসি ভূগোলবিদ ভিডাল ডি লা ব্লাশ (১৮৪৫-১৯১৮) অঞ্চলের আলোচ্য বিষয় হিসেবে অঞ্চলের ধারণা, অঞ্চল সৃষ্টির নিয়ামক, বৈশিষ্ট্য, আঞ্চলিক পরিকল্পনা এবং আঞ্চলিক পরিবেশ (যেমন- শিল্প অঞ্চল, অর্থনৈতিক অঞ্চল, সাংস্কৃতিক অঞ্চল ইত্যাদি) সম্পর্কে পর্যালোচনা করেন। এ অঞ্চল সমীক্ষা মানব ভূগোলের বিষয়বস্তুর অন্তর্গত।

৫. সমাজ ও সামাজিক কল্যাণ: ভূপৃষ্ঠে বসবাসকারী মানবগোষ্ঠীর সামাজিক পার্থক্য সৃষ্টির পিছনে কার্যকর নিয়ামক যথা- ভূমি ও জলবায়ু সমীক্ষা করা মানব ভূগোলের কাজ। জার্মান ভূগোলবিদ অটো স্পুটার প্রাকৃতিক নিয়ন্ত্রণবাদ ধারণার বিপরীতে মত ব্যক্ত করেন। তিনি সামাজিক কল্যাণ এবং সামাজিক সমস্যাসমূহের পারস্পরিক পার্থক্য এবং সামাজিক সমস্যার মূল কারণ অনুসন্ধান করে মানব ভূগোল শাস্ত্রের উপশাখা হিসেবে কল্যাণমুখী ভূগোল তথা বাস্তু ভূগোল, লিঙ্গ ভূগোল, চিকিৎসা ভূগোল ও পর্যটন ভূগোল ইত্যাদির উদ্ভব করেন, যা মানব ভূগোলের বিষয়বস্তু হিসেবে পরিগণিত।

৬. মানচিত্রাঙ্কন: মানচিত্রের বিশ্লেষণ মানব ভূগোলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে স্বীকৃতি লাভ করেছে। মানচিত্রকে ভৌগোলিক বিশ্লেষণের প্রারম্ভিক পর্যায় হিসাবে গণ্য করা যায়। কারণ মানচিত্রের ভাষা ও তার গুণাগুণ উপলব্ধি ছাড়া ভৌগোলিক অনুসন্ধান সম্পূর্ণ হয় না। মানচিত্রের মাধ্যমে স্থানিক ও কালিক ভিত্তিতে বিষয়সমূহের প্যাটার্ন, পারিসরিক বিন্যাস প্রভৃতি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ এবং তার ভিত্তিতে ব্যাখ্যা প্রদান করার নিমিত্তে বিভিন্ন কৌশলাদি ব্যবহার করা হয়। তাই মানচিত্রাঙ্কন বিদ্যা মানব ভূগোলের অন্যতম আলোচ্য বিষয়।

মানব ভূগোলের শাখা

ভূগোলের একটি অন্যতম শাখা হচ্ছে মানব ভূগোল, যা মানুষ ও তার কর্মকাণ্ড এবং মানুষের ওপর প্রভাব ফেলে এমন বিষয় নিয়ে আলোচনা করে থাকে। মানবীয় কর্মকাণ্ডের নানা ধরন আবার মানব ভূগোলকে বিভিন্ন শাখায় বিস্তৃত করেছে। কারণ এখানে মানবসৃষ্ট পরিবেশে এর উন্নতি, সৃষ্টি ও ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে।

১. সামাজিক ভূগোল (Social Geography): সামাজিক ভূগোল মানব ভূগোলের একটি অন্যতম শাখা, যা মূলত
সামাজিক তত্ত্ব এবং সমাজ নিয়ে কাজ করে। এছাড়া বিভিন্ন সামাজিক উপাদানের সাথে স্থানিক উপাদানের মধ্যকার সম্পর্ক বিশ্লেষণও এর কাজ। সামাজিক ভূগোলের বিভিন্ন উপবিভাগসমূহ হলো- আচরণগত ভূগোল, সমাজকল্যাণ ভূগোল, জেন্ডার ভূগোল প্রভৃতি। সামাজিক ভূগোলের আলোচনার ক্ষেত্রগুলো মানব ভূগোলের অন্যান্য শাখার সঙ্গে মিশে যায়। যেমন- অর্থনৈতিক ভূগোল, নগর ভূগোল, সাংস্কৃতিক ভূগোল ইত্যাদি। সামাজিক ভূগোলে আলোচনার মূল বিষয়বস্তু হলো- সামাজিক সম্পর্ক, সামাজিক পরিচয়, অসমতা, লিঙ্গবৈষম্য, বয়স, শারীরিক অক্ষমতা, অপরাধ, দারিদ্র্য, সামাজিক বিচার ব্যবস্থা, নৃগোষ্ঠী অভিগমন ইত্যাদি।

২. নগর ভূগোল (Urban Geography): নগর ভূগোল নগর অর্থনীতি, বসতি কাঠামো, কেন্দ্রীয় অঞ্চল, নগরে জনসংখ্যার ঘনত্ব ইত্যাদি নিয়ে আলোচনা করে। মানব ভূগোলের এই শাখা অনেক ক্ষেত্রে নৃবিজ্ঞান, নগর পরিকল্পনা এবং নগর সমাজবিজ্ঞানের বিষয়বস্তুর সাথে সামঞ্জস্যপূর্ণ। নগর ভূগোলের দুটি প্রধান দিক রয়েছে; প্রথমত: শহরের স্থানিক বণ্টন এবং দ্বিতীয়ত: শহরের আভ্যন্তরীণ অবকাঠামোর বণ্টন ও সম্পর্ক।

৩. রাজনৈতিক ভূগোল (Political Geography): রাজনৈতিক ভূগোলে বিভিন্ন রাজনৈতিক প্রক্রিয়া ও স্থানিক
পরিবেশের ওপর তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়। মূলত এটি মানুষ, রাষ্ট্র ও ভূখণ্ডের মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। রাজনৈতিক ভূগোলের শাখাগুলো হলো- নির্বাচন সম্বন্ধীয় ভূগোল, সামরিক ভূগোল, যুদ্ধবিদ্যা সম্পর্কিত ভূগোল ও ভৌগোলিক রাজনীতি। রাজনৈতিক ভূগোলে সমাজবিজ্ঞান, ইতিহাস ও বিভিন্ন পদ্ধতিগত ও প্রযুক্তিগত বিদ্যার প্রয়োগ ঘটানো হয়।

৪. বসতি ভূগোল (Settlement Geography): বসতি ভূগোলে পৃথিবীর সেই অংশ নিয়ে আলোচনা করা হয় যেখানে মানব বসতি তৈরি হয়েছে। মানব বসতি বলতে শহর, নগর ও গ্রামকে বোঝায় এবং তাদের সামাজিক, বস্তুগত, সমষ্টিগত, সাংস্কৃতিক বিষয়সমূহ এখানে আলোচিত হয়। বসতি ভূগোল দুই ধরনের- i. নগর ও ii. গ্রাম বসতি ভূগোল। বসতি ভূগোলের কিছু প্রয়োগগত দিকও রয়েছে যেমন: বসতির উন্নয়ন ও টেকসই উন্নয়ন।

৫. অর্থনৈতিক ভূগোল (Economic Geography): অর্থনৈতিক ভূগোল হচ্ছে বিশ্বব্যাপী অর্থনৈতিক কর্মকাণ্ডের
অবস্থান, বণ্টন ও স্থানিক সংগঠন সম্পর্কিত অধ্যয়ন। অর্থনৈতিক ভূগোলের আলোচিত বিষয়সমূহ হচ্ছে- শিল্পের অবস্থান ও যাতায়াত ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য, নগর অর্থনীতি, নৃগোষ্ঠীগত অর্থনীতি, গ্রাম অর্থনীতি, পরিবেশ ও অর্থনীতির সম্পর্ক এবং বিশ্বায়ন। অর্থনৈতিক ভূগোলের উপবিভাগসমূহ হলো- কৃষি ভূগোল, সম্পদ ভূগোল, শিল্প ভূগোল, বাণিজ্যিক ভূগোল, পরিবহন ভূগোল প্রভৃতি।

৬. উন্নয়ন সম্পর্কিত ভূগোল (Development Geography): উন্নয়ন সম্পর্কিত ভূগোলে পৃথিবীর বিভিন্ন স্থানের মানুষের জীবনযাত্রার মান নিয়ে আলোচনা করা হয়। এখানে উন্নয়নের মাত্রা পরিমাপ করার জন্য অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নিয়ামকসমূহের ওপর গুরুত্ব দেওয়া হয়। সেই সাথে বিভিন্নমুখী উন্নয়নের ভৌগোলিক কারণ ও প্রভাব নিয়ে এখানে আলোচনা করা হয়। এখানে উন্নত ও স্বল্পোন্নত দেশসমূহের মধ্যে তুলনামূলক গবেষণার ভিত্তিতে মানুষের জীবনযাত্রার উন্নয়নকে বিশ্লেষণ করা হয়।

৭. ঐতিহাসিক ভূগোল (Historical Geography): ঐতিহাসিক ভূগোল পৃথিবীর বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক,
সাংস্কৃতিক, তত্ত্বীয় ও বাস্তব অতীত নিয়ে গবেষণা করে। ঐতিহাসিক ভূগোলে সময়ের ওপর অধিক গুরুত্ব প্রদান করা হয়। এই শাখার মূল বিষয়বস্তু হলো সময়ের সাথে স্থান, মানবসমাজের পরিবর্তন, পরিবর্তনের প্রক্রিয়া এবং পরিবেশ ও সংস্কৃতির সম্পর্ক।

৮. চিকিৎসা ভূগোল (Medical Geography): চিকিৎসা ভূগোলের মূল বিষয় হলো জনগণের স্বাস্থ্য সম্পর্কে জ্ঞানলাভ। এটি ভৌগোলিক প্রেক্ষাপটে অর্থাৎ স্থান ও কালের প্রেক্ষিতে বিবেচনা বা অধ্যয়ন করতে হয়। স্বাস্থ্য ও রোগের ওপর পরিবেশের প্রভাব, স্বাস্থ্য সুবিধা এবং বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত প্রতিষ্ঠানের স্থানিক বণ্টন সম্পর্কে আলোচনা করা এর কাজ। সেই সাথে স্বাস্থ্যখাতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধান খুঁজে বের করাও চিকিৎসা ভূগোলের কাজ। চিকিৎসা ভূগোলে বিভিন্ন ভৌগোলিক তথ্য ও উপাত্ত, দৃষ্টিভঙ্গি, তত্ত্ব ও পদ্ধতি ব্যবহার করে স্বাস্থ্য সম্পর্কিত বাস্তব ও প্রয়োগসম্মত ধারণা দেওয়া হয়।

৯. সাংস্কৃতিক ভূগোল (Cultural Geography): স্থানভেদে বিভিন্ন সাংস্কৃতিক উপাদান, আচার-আচরণ, রীতিনীতি সম্বন্ধে ভূগোলের এ শাখায় আলোচনা করা হয়। সাংস্কৃতিক ভূগোলে ভাষা, ধর্ম, অর্থনীতি, ব্যবস্থাপনা ও অন্যান্য সাংস্কৃতিক উপাদান নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সাংস্কৃতিক ভূগোলে লিঙ্গ, পরিবার, শ্রেণি, শিক্ষা নৃগোষ্ঠীগত বিষয়ের ওপরও গুরুত্ব প্রদান করা হয়।

১০. জনসংখ্যা ভূগোল (Population Geography): জনসংখ্যার স্থানিক বৈচিত্র্য, গঠন, কাঠামো, বয়স-লিঙ্গ
কাঠামো, বিভিন্ন তত্ত্বাদি, অভিগমন, অধিক জনসংখ্যা জনিত সমস্যা ও তার প্রতিকার, জনশক্তি ইত্যাদি নিয়ে এ * শাখায় ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়।

১১. পর্যটন ভূগোল (Geography of Tourism): স্থানিক, আঞ্চলিক ও বৈশ্বিক পর্যটন কেন্দ্রসমূহের বিস্তরণ, গড়ে ওঠার কারণ, পর্যটন গমনাগমন, সমস্যা ও সম্ভাবনা নিয়ে ভূগোলের এ শাখা বিশ্লেষণ করে।

বাড়ির কাজ:

গ্রুপ-Aগ্রুপ-B

মানুষ

পরিবেশ

জন্মহার

অভিগমন

ভাষা

সাংস্কৃতিক ভূগোল

পরিবেশ ভূগোল

জনসংখ্যা ভূগোল

মানব ভূগোল - মোহা: আনিছুর রহমান ও মোঃ আব্দুর রাজ্জাক-স্যারে লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...