(Concept of Map)
ইংরেজি 'map' শব্দের বাংলা প্রতিশব্দ 'মানচিত্র'। ল্যাটিন শব্দ 'mappa' থেকে 'map' শব্দটি এসেছে। ল্যাটিন ভাষায় কাপড়ের টুকরাকে 'mappa' বলে। আগেকার দিনে কাপড়ের উপরই map বা মানচিত্র আঁকা হতো। পৃথিবী বা কোনো অঞ্চল বা এর অংশবিশেষকে কোনো সমতল ক্ষেত্রের উপর অঙ্কন করাকে মানচিত্র বলে। এটি হলো নির্দিষ্ট স্কেলে অক্ষরেখা বা দ্রাঘিমারেখাসহ কোনো সমতল ক্ষেত্রের ওপর পৃথিবী বা এর অংশবিশেষের অঙ্কিত প্রতিরূপ। এই সমতল ক্ষেত্র হতে পারে এক টুকরা কাপড় বা কাগজ। কোনো স্থানের ভৌগোলিক আলোচনার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় মানচিত্রের। সুতরাং মানচিত্র ভূগোল শাস্ত্রের একটি প্রয়োজনীয় বিষয় যার অঙ্কন, পঠন জ্ঞান ও রূপায়ণ প্রভৃতি সম্পর্কে জানা ভূগোলবিদদের জন্য একান্ত জরুরি।

চিত্র-১০.১ এ বাংলাদেশের একটি প্রশাসনিক মানচিত্র দেওয়া হয়েছে। কাগজের একটি পৃষ্ঠায় বাংলাদেশের আন্তর্জাতিক সীমা, বাংলাদেশের কোন দিকে কোন দেশ, কোন সাগর ইত্যাদি এঁকে দেখানো হয়েছে। এছাড়া দেখানো হয়েছে বাংলাদেশের আটটি বিভাগ, কোন বিভাগে কতটি জেলা ও এদের নাম ও সীমানা। একটি মাত্র পৃষ্ঠার মধ্যে সারা বাংলাদেশের প্রশাসনিক সীমানা তুলে ধরা হয়েছে। এভাবে কাগজের এক পৃষ্ঠার মধ্যেই সমগ্র পৃথিবী, বিভিন্ন মহাদেশ, বিভিন্ন দেশ বা কোনো দেশের বিভিন্ন বিভাগ ও জেলা এঁকে দেখানো যায়।
ব্যবহারিক মানচিত্র ও স্কেল-কে. আশরাফুল আলম ও মো. শরিফুল ইসলাম স্যার এর লেখা বই
Read more