(Nature of Physical Geography)
প্রাকৃতিক ভূগোল স্থানিকভাবে প্রাকৃতিক প্রপঞ্চ পরীক্ষা ও অনুসন্ধান করে। এ পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রাকৃতিক ভূগোল আবহাওয়া ও জলবায়ু, মৃত্তিকা, উদ্ভিদ, প্রাণী, পানি ও এর বিভিন্ন রূপ এবং ভূমিরূপের স্থানিক বিন্যাস অধ্যয়ন করে থাকে। প্রাকৃতিক ভূগোলবিদগণ উপরিউক্ত প্রপঞ্চসমূহের আন্তঃসম্পর্ক এবং মানুষের কার্যকলাপের সাথে তাদের সম্পর্ক অর্থাৎ মানুষের হস্তক্ষেপে তাদের পরিবর্তন নিয়েও পর্যালোচনা ও ব্যাখ্যা- বিশ্লেষণ দিয়ে থাকেন। সুতরাং দেখা যায় বর্তমানে প্রাকৃতিক ভূগোলের প্রকৃতি কিছুটা স্বতন্ত্র বৈশিষ্ট্যমন্ডিত। এ প্রেক্ষিতে প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয়গুলো হলো:
১. পৃথিবীপৃষ্ঠ এবং এর অন্তর্ভুক্ত অজীব ও সজীব উপাদান নিয়ে আলোচনা করা।
২. বিশ্বপ্রকৃতিতে তথা মহাবিশ্বে সৌরজগতের উৎপত্তি ও বিকাশ অধ্যয়ন।
৩. পৃথিবীর উৎপত্তি এবং আকার, আয়তনসহ সকল প্রপঞ্চের বর্ণনা দান।
৪. পৃথিবীতে শক্তির উৎস, ব্যবহার এবং পুনঃব্যবহার আলোচনা করা।
৫. ভূমিরূপ গঠনকারী শক্তিসমূহ আলোচনা করা।
৬. প্রাকৃতিক নিয়ম-বিধি আলোচনা করা।
৭. প্রকৃতির সক্রিয় উপাদান হিসেবে মানুষের কর্মকাণ্ড বিবেচনা করা।
সুতরাং আমরা দেখতে পাচ্ছি, প্রাকৃতিক ভূগোল মূলত বর্ণনাভিত্তিক। অঞ্চলভিত্তিক বিভিন্ন বিষয়বস্তুর বর্ণনায় প্রাকৃতিক ভূগোলের আলোচনা প্রাণবন্ত হয়। যেমন- পৃথিবীব্যাপী বনভূমির বিস্তরণ আলোচনা করা ভূগোলের এ শাখাটির কাজ। কিন্তু সেই সাথে এ বিস্তরণের ব্যাখ্যা এবং মানবীয় কার্যাবলির উপর বনভূমির বিস্তরণের প্রভাব বর্ণনা করাও প্রাকৃতিক ভূগোলের কাজ। এ প্রেক্ষিতে কখনও কখনও প্রাকৃতিক ভূগোল বর্ণনার সাথে সাথে রীতিবন্ধ বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে থাকে।
প্রাকৃতিক ভূগোল একটি গতিশীল বিজ্ঞান। ভূপৃষ্ঠের প্রকৃতির সজীব ও অজীব উপাদানগুলো ভূগোলের এ শাখার মূল বিষয়। সজীব উপাদান; উদ্ভিদ ও প্রাণিপ্রজাতি সর্বদাই ক্রিয়াশীল। অজীব উপাদানগুলো প্রাণের নিরিখে ক্রিয়াশীল নয়। কিন্তু প্রাকৃতিক শক্তির প্রভাবে এ উপাদানগুলোও সর্বদা পরিবর্তনশীল। যেমন- ভূমিরূপবিদ্যা শাখায় দেখা যায়, ভূপৃষ্ঠ বিভিন্ন প্রাকৃতিক শক্তির (ধীর ও আকস্মিক পরিবর্তনকারী) প্রভাবাধীন। ভূআলোড়ন, অগ্ন্যুৎপাত, বিচূণীভবন প্রক্রিয়ায় ভূমিরূপগুলো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সুতরাং, প্রাকৃতিক ভূগোলের উপাদানসমূহ স্থান ও কালের প্রেক্ষিতে সর্বদা সক্রিয় এবং পরিবর্তিত হয়ে চলেছে। স্বাভাবিকভাবেই গতিশীল এসব উপাদানের আলোচনায় প্রাকৃতিক ভূগোলেও নিত্য নতুন তত্ত্ব, তথ্য, প্রক্রিয়া যুক্ত হয়েছে। এভাবে ভূগোলের এ শাখাটি গতিশীল থেকে বর্তমান অবস্থায় এসে পৌছেছে।
প্রাকৃতিক ভূগোলের - তাপস কুমার মজুমদার স্যার এর লেখা বই
Read more