hsc

পাঠ-৫: আটলান্টিক মহাসাগরীয় স্রোতসমূহের প্রভাব

ভূগোল ১ম পত্র - ভূগোল - এইচএসসি | NCTB BOOK

9

(Influences of Oceanic Current ofAtlantic)

আটলান্টিক মহাসাগরের উষ্ণ ও শীতল স্রোতগুলো উপকূলীয় অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করে। আটলান্টিকের পশ্চিম তীরে উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং পূর্ব তীরে ইউরোপ ও আফ্রিকার অবস্থান। এসব অঞ্চলের জলবায়ু, কৃষি ছাড়াও সারা বিশ্বের ব্যবসা-বাণিজ্য, আটলান্টিক মহাসাগরীয় উপকূলীয় স্রোত দ্বারা প্রভাবিত হয়।

উষ্ণ উপসাগরীয় স্রোত মার্কিন যুক্তরাষ্ট্রের উপকূলে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায়। তাছাড়া এই স্রোতপথে অতি সহজে উত্তর আমেরিকা থেকে ইউরোপে পৌঁছানো যায়। বিশ্বের সমুদ্রপথের সর্বাধিক যাত্রী ও পণ্য এই পথে পরিবাহিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়াও ইংল্যান্ড ও নরওয়ে উপকূল এই স্রোতের প্রভাবে বরফমুক্ত থাকে এবং উপকূলে বৃষ্টিপাত ঘটে। ফলে কৃষিকার্যে সহায়ক পরিবেশ ছাড়াও শৈত্যের প্রভাব কমে যাওয়ায় বাণিজ্যের সহায়ক পরিবেশ সৃষ্টি করে।

উত্তর আটলান্টিকের সুমেরু ও ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার উপকূলে বরফ জমে থাকা ছাড়াও এসব স্রোতপথে হিমশৈল থাকায় জাহাজ চলাচলে সমস্যা হয়। ল্যাব্রাডার ও উপসাগরীয় স্রোতের মিলনস্থলে ব্যাপক কুয়াশা ও তুষার ঝড়ে জাহাজ চলাচল ছাড়াও স্বাভাবিক কাজকর্ম ও জীবনধারণে বিঘ্ন সৃষ্টি হয়। তবে হিমশৈল উষ্ণ স্রোতের সংস্পর্শে গলে গিয়ে নিউফাউন্ডল্যান্ডে মগ্নচড়া সৃষ্টি করে বিশ্বের অন্যতম বৃহৎ মৎস্যচারণক্ষেত্র 'গ্রান্ড ব্যাংকস' সৃষ্টি করেছে। এছাড়া নরওয়ের নিকট ডগার ব্যাংকস মৎস্যচারণক্ষেত্রও উষ্ণ উপসাগরীয় স্রোতের শাখা উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে সুমেরু থেকে ভেসে আসা হিমশৈল গলনের ফল।

উত্তর নিরক্ষীয় স্রোতের অনুকূলে জাহাজ চালনা করে ইউরোপ থেকে নিরাপদে ও অল্প সময়ে উত্তর আমেরিকায় পৌছানো যায়। পূর্বে পালতোলা জাহাজসমূহ এই পথেই চলাচল করতো। এই পথেই কলম্বাস ও আমেরিগো ভেসপুচি ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও আমেরিকা পৌঁছান। তাছাড়া এই উষ্ণ স্রোত ক্যারিবীয় দ্বীপপুঞ্জে যথেষ্ট বৃষ্টিপাত ঘটায়।
দক্ষিণ নিরক্ষীয় স্রোতের প্রভাবে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল ও মেক্সিকোতে সারা বছর বৃষ্টিপাত ঘটে। ফলে এ অঞ্চলে কৃষিকাজ যথেষ্ট প্রসার লাভ করেছে।

সবদিক বিবেচনায় আটলান্টিকের উষ্ণ স্রোতসমূহ জলবায়ু, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও যাত্রী পরিবহনে ইতিবাচক প্রভাব বিস্তার করে তবে শীতল স্রোতের প্রভাব বেশ নেতিবাচক।

[সমুদ্রস্রোত জলবায়ুর উপর কী ধরনের প্রভাব ফেলে?
যেসব দেশের নিকট দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হয় সেসব দেশের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং শীতল সমুদ্রস্রোত প্রবাহিত হলে জলবায়ু অপেক্ষাকৃত শীতল হয়। শীতল ল্যাব্রাডার স্রোতের প্রভাবে উত্তর আমেরিকার সেন্ট লরেন্স নদী ও তার মোহনা বছরের প্রায় নয় মাসই বরফাকৃত থাকে। উষ্ণ স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ুতে অধিক জলীয়বাষ্প থাকে বলে তা স্থলভাগের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় বৃষ্টিপাত ঘটায়।

সুমদ্রস্রোত ও জোয়ার-ভাটা-প্রফেসর মোয়াজ্জেম হোসেন চৌধুরীর স্যার এর লেখা বই

Content added By
Promotion

Are you sure to start over?

Loading...